২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ওভাল টেস্ট শেষ ওকসের

ফলে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের বাকি অংশে খেলতে হবে ইংল্যান্ডকে।

ওভাল টেস্ট শেষ ওকসের
কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়ছেন ক্রিস ওকস (বাঁয়ে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 04:02 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ক্রিস ওকসকে ঘিরে শঙ্কাটাই সত্যি হলো। চোটের থাবায় ওভাল টেস্টে আর খেলতে পারবেন না ইংল্যান্ড একাদশের একমাত্র অভিজ্ঞ পেসার। ফলে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের বাকি অংশে খেলতে হবে ইংল্যান্ডকে। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ওকসকে চলতি টেস্টের বাকি অংশে না পাওয়ার কথা নিশ্চিত করে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে লোকেশ রাহুলকে বোল্ড করেন ৩৬ বছর বয়সী এই পেসার, ১৪ ওভার করে দেন ৪৬ রান। 

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টের প্রথম দিনে কাঁধে চোট পান ওকস। দিনের শেষ দিকে ফিল্ডিংয়ে চার বাঁচাতে গিয়ে বাঁ কাঁধের ওপর বাজেভাবে পড়েন তিনি। সেখানে হাত দিয়ে ধরে রাখতে দেখা যায় তাকে।

ইংল্যান্ডের ফিজিও দ্রুতই মাঠে ঢুকে শুশ্রূষা করার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি, সোয়েটারকে স্লিং বানিয়ে হাত ঝুলিয়ে মাঠ ছাড়েন ওকস।

তখন থেকেই তাকে নিয়ে জাগে শঙ্কা। দিনের খেলা শেষে গাস অ্যাটকিনসনও আভাস দেন তার ছিটকে পড়ার। ইসিবি অবশ্য এখনও তার চোটের ধরন নিয়ে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, কাঁধের হাড় নড়ে গেছে ওকসের। 

ওকসকে না পাওয়া ইংল্যান্ডের জন্য বিশাল বড় এক ধাক্কা। চোটের কারণে অনেক দিন ধরেই বাইরে মার্ক উড ও অলিভার স্টোন। পেস বোলিং অলরাউন্ডার ও অধিনায়ক বেন স্টোকসও ছিটকে গেছেন চোট নিয়ে। এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে জফ্রা আর্চার ও ব্রাইডন কার্সকে। সিরিজ নির্ধারণী ম্যাচে পেস আক্রমণের বড় ভরসা ছিলেন তাই ওকস।

ইংল্যান্ডের একাদশে থাকা বাকি তিন পেসার অ্যাটকিনসন, জশ টং ও জেমি ওভারটনের টেস্ট খেলার মিলিত অভিজ্ঞতা কেবল ১৮ ম্যাচ (চলতি ম্যাচ বাদে)। আর ওকস একাই খেলেছেন ৬১ টেস্ট।

পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ বাঁচানোর লড়াইয়ে থাকা ভারত প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ২০৪ রান নিয়ে।