Published : 07 Jun 2026, 10:38 PM
বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ১৫ বছর বয়সেই বোলারদের জন্য ত্রাস হয়ে উঠেছেন বৈভাব সুরিয়াভানশি। সামনেও ২২ গজে নিজেকে এভাবে মেলে ধরতে চান ভারতের বিস্ময়-বালক। বিশ্ব ক্রিকেটে আগামী দুই দশক আধিপত্য করার ইচ্ছা তার।
আইপিএলের গত দুই মৌসুমে ও এক বছর ধরে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে দুর্দান্ত সব পারফরম্যান্স উপহার দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সুরিয়াভানশি। তাকে নিয়ে শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান গেমস ক্রিকেটের দল ঘোষণা করেছে ভারত।
২০২৫ সালের আইপিএল দিয়ে বিশ্ব ক্রিকেটে সবার নজরে আসেন সুরিয়াভানশি। সেবার ৩৫ বলের সেঞ্চুরিতে আলোড়ন ফেলে দেন রাজস্থান রয়্যালসের বাঁহাতি ওপেনার। আইপিএলে অভিষেক অভিযান শেষ করেন তিনি সাত ইনিংসে ২৫২ রান করে, স্ট্রাইক রেট ছিল ২০৬.৩৩।
কদিন আগে শেষ হওয়া আইপিএলে আরও বিধ্বংসী রূপে নিজেকে মেলে ধরেন সুরিয়াভানশি। ১৫ ইনিংসে আসরের সর্বোচ্চ ৭৭৬ রান করেন ২৩৭.৩০ স্ট্রাইক রেটে। একটি সেঞ্চুরি, তিনটি নব্বই ছোঁয়া ইনিংস, সঙ্গে আরও দুটি ফিফটি উপহার দেন তিনি।
আসরে চারের (৬৩) চেয়ে বেশি ছক্কা (৭২) মারেন সুরিয়াভানশি। ক্রিস গেইলের আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ভেঙে দেন তিনি। সঙ্গে গড়েন আরও বেশ কিছু রেকর্ড। আসর শেষে একাই পাঁচটি পুরস্কার জেতেন এই সেনসেশন।
রাজস্থান রয়্যালসকে দেওয়া সাক্ষাৎকারে সুরিয়াভানশি বলেন, মানুষের মনে দাগ কাটার মতো ক্রিকেট খেলে যেতে চান তিনি।
“আমি ভেবে রেখেছি, আগামী ২০ বছর, সৃষ্টিকর্তা যতদিন আমাকে দেশের জার্সিতে, কোনো ফ্র্যাঞ্চাইজি ও কোনো দলের হয়ে খেলার সুযোগ দেবেন, আমি এমনভাবে খেলতে চাই যেন মানুষ তা মনে রাখে। মানুষ যখনই কোনো ম্যাচের কথা ভাববে, তারা যেন বলে, এই খেলোয়াড় যখনই খেলত, সে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারতো।”
“আধিপত্যের চিত্রটা মাঠে যেন স্পষ্ট ফুটে ওঠে, কারণ আমি এর জন্য কঠোর পরিশ্রম করছি। শুধু খেলা এবং ম্যাচ শেষ করে আসা নয়; আগামী ১০-২০ বছর রাজত্ব করতে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই। ক্রিকেট খেলা শুরু করেছিলাম কারণ এটা উপভোগ করি। তাই জীবনটা উপভোগ করতে চাই এবং ভালো খেলতে চাই।”
আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি।