২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রমোশন’ পেয়ে এবার অল্পেই থামলেন হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে ভালো কিছুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যান।

‘প্রমোশন’ পেয়ে এবার অল্পেই থামলেন হৃদয়

তাওহিদ হৃদয়ের একটি শট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 06:00 PM

Updated : 01 Aug 2023, 06:07 PM

ক্রিজে গিয়ে তৃতীয় বলে বাউন্ডারি মারলেন তাওহিদ হৃদয়। দুই বল পর আবার একই ঠিকানায় পাঠালেন বল। কিন্তু এই শুরু আর ধরে রাখতে পারলেন না তিনি। বিশ পেরিয়ে ধরলেন ড্রেসিং রুমের পথ।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মঙ্গলবার জাফনা কিংসের দ্বিতীয় ম্যাচে বড় হয়নি হৃদয়ের ইনিংস। তিন নম্বরে নেমে ২০ বলে ২৪ রান করেছেন তিনি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ডাম্বুলা অরার বিপক্ষে দুটি চার মেরেছেন বাংলাদেশের ২২ বছর বয়সী ব্যাটসম্যান।

কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে রোববার এলপিএল অভিষেকে ৩৯ বলে ৫৪ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন হৃদয়। সেদিন তাকে নামানো হয় চার নম্বরে। দারুণ ইনিংস খেলে পরের ম্যাচে পান এক ধাপ প্রমোশন।

তৃতীয় ওভারের শেষ বলে রহমানউল্লাহ গুরবাজ আউট হলে পাওয়ার প্লেতেই ব্যাটিংয়ে নামার সুযোগ পান হৃদয়। প্রথম বলেই এক রান নিয়ে শুরু করেন যাত্রা। পরের বলেও নেন এক রান।

হেইডেন কারের ওই ওভারের শেষ বলে আলতো ছোঁয়ায় শর্ট থার্ড ম্যানের ফিল্ডারকে পরাস্ত করে চার মারেন হৃদয়। পাওয়ার প্লের শেষ ওভারে নুর আহমেদকে বাউন্ডারি মারেন ফাইন লেগ দিয়ে।

এরপর সিঙ্গেল-ডাবল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন হৃদয়। কিন্তু রানের গতি কমতে থাকায় বাড়তে থাকে চাপ।  

বাউন্ডারির খোঁজে দ্বাদশ ওভারে ধনাঞ্জয়া ডি সিলভাকে স্লগ সুইপ করেন হৃদয়। ব্যাটে-বলে সংযোগ তেমন ভালো না হওয়ায় দূরত্ব পাননি। ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ নেন অ্যালেক্স রস।

হৃদয়ের বিদায়ে ভাঙে চারিথ আসালাঙ্কার সঙ্গে গড়া ৫৫ রানের দ্বিতীয় উইকেট জুটি।

জাফনা শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করতে পারে ১২৯ রান।