মারামারি এড়াতে পাকিস্তান-আফগানিস্তান লড়াইয়ে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা
২০২২ এশিয়া কাপে গ্যালারিতে সংঘর্ষে জড়িয়েছিলেন দুই দলের সমর্থকেরা, এরপর থেকে ঝুঁকি এড়াতে গ্যালারিতে এই বিশেষ ব্যবস্থা চলে আসছে।
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আফগানিস্তান ও পাকিস্তানের দর্শকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন রাশিদ খান। তবে আফগান অধিনায়কের কথা শুনবেন দর্শকেরা, সেই নিশ্চয়তা তো নেই! এবারও গ্যালারিতে দুই দেশের দর্শকদের বসতে হবে আলাদা জায়গায়।
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় এই সিরিজের উদ্বোধনী ম্যাচে শুক্রবার শারজাহতে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। ২০২২ এশিয়া কাপে এই মাঠেই এই দুই দলের খেলা শেষে গ্যালারিতে সংঘর্ষে জড়িয়েছিলেন দুই দেশের সমর্থকেরা।
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের ১ উইকেটে জয়ের পর গ্যালারিতে ছড়িয়ে পড়া ওই সংঘর্ষের জের ধরে বেশ কজন আফগান সমর্থককে আটক করেছিল শারজাহ পুলিশ। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই সময়ের সভাপতি রামিজ রাজা সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইসিসিতে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন এই ধরনের ‘গুন্ডামি’ বন্ধ করার ব্যবস্থা নিতে।
পরে ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতেই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের সময় দুই দেশের সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সেই ব্যবস্থা থাকছে এবারও।
গত কয়েক বছরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কেও বেশ টানাপোড়েন চলছে, যেটির প্রভাব পড়ছে ক্রিকেটে। আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না বলে নিজেদের ঘরের ম্যাচগুলি তারা খেলে থাকে আমিরাতে। দুই দেশেরই প্রচুর প্রবাসী বাস করেন সেখানে এবং মাঠে তাদের উপস্থিতি থাকে সাধারণত বিপুল পরিমাণে।
গ্যালারিতে জায়গা আলাদা করে দেওয়া হলেও সংঘর্ষের শঙ্কা থাকছেই। নিরাপত্তাকর্মীরা বাড়তি সতর্কতাও নিয়ে রাখছেন। টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদেরও উত্তেজিত না হওয়ার আহবান জানালেন আফগান অধিনায়ক রাশিদ।
“মাঠে যারা আসবেন ও খেলা দেখবেন, তাদের সবার প্রতি বার্তা হলো যে, ক্রিকেট বয়ে আনে একতা। বিভিন্ন দেশ ও মানুষকে একসঙ্গে করে তোলে এই খেলা। শান্তির বার্তা ছড়িয়ে দেয় এটি। খেলাটি হলো স্রেফ উপভোগের ব্যাপার। আমরা এই খেলা খেলি নিজেরা উপভোগের জন্য ও দর্শক-সমর্থকদের বিনোদন দেওয়ার জন্য।”
“স্রেফ একটি খেলাই তো! বাড়াবাড়ি করা উচিত নয়। আমি সবাইকে অনুরোধ করব মাঠে এসে নিজেদের মধ্যে উপভোগ করতে, নিজ নিজ দলকে সমর্থন করতে ও স্রেফ খেলাটির প্রতিটি মুহূর্ত উপভোগ করতে।”
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টর আারেক দল সংযুক্ত আরব আমিরাত।
