১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাহানারার অভিযোগ তদন্তে দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞও চায় টিআইবি

“এর আগেও যৌন নিপীড়নের অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিসিবি,” বলেন ইফতেখারুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 11:18 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে শুধু কমিটি গঠনই যথেষ্ট নয় বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সংস্থাটির দাবি, যৌন হয়রানি তদন্তে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে কমিটিতে যুক্ত করতে হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। তবে এ কমিটির কার্যক্রমে পরিপূর্ণ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও কার্যকারিতা নিশ্চিতের স্বার্থে যৌন হয়রানির মতো বিশেষ ক্ষেত্রে অভিযোগ তদন্তের অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে তদন্ত কমিটিতে যুক্ত করতে হবে।

“এর আগেও উত্থাপিত যৌননিপীড়নের অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিসিবি, বরং অভিযোগ ধামাচাপা দিয়ে নিপীড়কের বিচারহীনতাকে প্রশ্রয় দিয়েছে, যা বাংলাদেশের নারী ক্রিকেট তথা সার্বিক ক্রীড়াঙ্গনে একদিকে যেমন পুরুষতান্ত্রিক আধিপত্যের প্রাতিষ্ঠানিকীকরণ করছে, অন্যদিকে নারীর অংশগ্রহণের সম্ভাবনাকে পদদলিত করার ষড়যন্ত্রের অংশ কি না, এ প্রশ্ন উত্থাপন করা মোটেও অযৌক্তিক নয়।”

জাহানারা আলম অভিযোগ তোলার দুই দিন পর শনিবার তদন্ত কমিটি গঠন করে বিসিবি। যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের যে অভিযোগগুলো তুলেছেন নারী ক্রিকেটে বাংলাদেশের সফলতম পেসার, তা খতিয়ে দেখবে এই কমিটি।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা। বাংলাদেশ উইমেন’স স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট পদেও আছেন শুক্লা।