২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমসে ক্রিকেটে সরাসরি নকআউটে খেলবে বাংলাদেশ

২০২৩ আসরে রূপার পদক জেতা আফগানিস্তানকে খেলতে হবে প্রথম রাউন্ডে।

এশিয়ান গেমসে ক্রিকেটে সরাসরি নকআউটে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ দল। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 03:07 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে নকআউট পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ। সরাসরি কোয়ার্টার-ফাইনালে তাদের সঙ্গে আরও জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় পুরুষদের ক্রিকেট ইভেন্টে অংশ নেবে ১০টি দল। আর নারীদের ক্রিকেট ইভেন্টে লড়বে আটটি দল।

২০২৩ আসরে রূপার পদক জেতা আফগানিস্তানকে খেলতে হবে প্রথম রাউন্ডে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্রয়ে তারা পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের দুই প্রতিপক্ষ জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে লড়বে হংকং, মালয়েশিয়া ও ওমান।

গ্রুপের দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের প্রথম দুটি করে দল জায়গা করে নেবে কোয়ার্টার-ফাইনালে।

আর মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরুই হবে কোয়ার্টার-ফাইনাল দিয়ে। শেষ চারে ওঠার লড়াইয়ে বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। বাকি তিনটি ম্যাচে মুখোমুখি হবে ভারত-জাপান, শ্রীলঙ্কা-মালয়েশিয়া ও পাকিস্তান-থাইল্যান্ড।

আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেয়েদের ক্রিকেট ইভেন্ট। আর ছেলেদের মাঠের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর, শেষ হবে ১ অক্টোবর।

টি-টোয়েন্টি সংস্করণে সবগুলো ম্যাচই হবে জাপানের নাগোয়ায়।

২০২৩ এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টে সোনার পদক জিতেছিল ভারত। সেবার পুরুষদের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভার খেলার পর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। সিডিংয়ে (বাছাইয়ে) আফগানদের উপরে থাকায় ভারতকে সোনার পদক দেওয়া হয়।

মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনার পদক জেতে ভারতীয় নারী দল।