১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পিনাকের ৪, মুমিনুলের ৬ রানের আক্ষেপ, সোহাগের ৫ উইকেট

জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিন অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি পিনাক ঘোষ, মুমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 10:02 PM

Updated : 13 Oct 2023, 05:09 PM

শুরুতে উদ্বোধনী জুটি ভাঙার পর বড় জুটি গড়লেন পিনাক ঘোষ, মুমিনুল হক। দুজনই জাগালেন সেঞ্চুরির সম্ভাবনা। কিন্তু কাছাকাছি গিয়েও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া নিতে পারলেন না দুজনের কেউই। 

১৭৮ বলে ৯৬ রান করে আউট হয়েছে পিনাক। ১১ চারে নিজের ইনিংস সাজিয়েছেন বাঁহাতি ওপেনার। অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুলের ব্যাট থেকে এসেছে ১৭৩ বলে ৯৪ রানের ইনিংস।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় স্তরে প্রথম রাউন্ডের ম্যাচে দুজনের নব্বই ছাড়ানো ইনিংসের পরও বরিশালের বিপক্ষে ২৩৮ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম।

জবাব দিতে নেমে দিনের শেষ দিকে ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান করেছে বরিশাল। একই ওভারে উইকেট দুটি নিয়েছেন ফাহাদ হোসেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৈকত আলির উইকেট হারায় চট্টগ্রাম। এরপর ১৯১ রানের জুটি গড়েন পিনাক, মুমিনুল। দলের দুইশ ছোঁয়ার ঠিক আগে মুমিনুল ফেরার পর ধস নামে ইনিংসে।

স্রেফ ৩৮ রানে শেষের ৯ উইকেট হারিয়ে আড়াইশর আগে অলআউট হয় চট্টগ্রাম। ইয়াসির আলি চৌধুরি রানের খাতা খুলতে পারেননি। ইরফান শুক্কুর ৬, শামীম হোসেন করেন ১২ রান। 

ক্যারিয়ারের ২৩তম ৫ উইকেট নেন সোহাগ গাজী। ২২ ওভারে ৪ মেডেনসহ তার খরচ ৫৪ রান। কামরুল ইসলাম রাব্বি, মইন খান ধরেন ২টি করে শিকার।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে) 

চট্টগ্রাম ১ম ইনিংস: ৭৮.২ ওভারে ২৩৮ (পিনাক ৯৬, সৈকত ৬, মুমিনুল ৯৪, ইয়াসির ০, ইরফান ৬, শামিম ১২, নাইম ১, মুরাদ ০, ইফরান ১৪*, ইয়াসিন ২, ফাহাদ ২; রাব্বি ১১.২-১-৪১-২, রুয়েল ১০-১-২৫-০, মইন ২৪-৪-৭০-২, সোহাগ ২২-৪-৫৪-৫, সালমান ৪-১-১১-০, মইনুল ৫-০-১৯-০, জাকারিয়া ২-০-১৩-০)

বরিশাল ১ম ইনিংস: ৯ ওভারে ২৮/২ (ইফতেখার ৪, মইনুল ৫, জাকারিয়া ১*, সালমান ১০*; ইফরান ৩-১-৬-০, ইয়াসিন ২-১-৪-০, ফাহাদ ২-১-৪-২, নাইম ১-০-১-০, মুরাফ ১-০-৬-০)

রাজশাহীতে মিঠুন-আফিফের ফিফটি 

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ঝড়ো ফিফটি করেছেন আফিফ হোসেন। পঞ্চাশ ছুঁয়েছেন মোহাম্মদ মিঠুনও। এছাড়া কয়েকটি ছোট ছোট ইনিংসে স্বাগতিকদের বিপক্ষে খুলনার সংগ্রহ ২৮৮ রান। 

দিনের শেষ ভাগে জবাব দিতে নেমে ৮ ওভারে স্রেফ ১৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে রাজশাহী।

টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেন সৌম্য সরকার, এনামুল হক। ভালো শুরুর পরও ৩২ রানে থামেন সৌম্য। এনামুল খেলেন ৪৭ রানের ইনিংস। 

পরে চতুর্থ উইকেটে আফিফ, মিঠুন গড়েন ১০০ রানের জুটি। ৯ চার ও ১ ছয়ে স্রেফ ৫০ বলে ৬৩ রান করেন আফিফ। মিঠুন খেলেন ৬ চার ও ২ ছয়ে ৯৯ বলে ৫৬ রানের ইনিংস।

নুরুল হাসান সোহান ২১ রান করে ফেরেন ড্রেসিং রুমে। শেষ দিকে নাহিদুল ইসলামের ৩৪ রানের সৌজন্যে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পায় খুলনা।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)

খুলনা ১ম ইনিংস: ৭২.৪ ওভারে ২৮৮ (সৌম্য ৩২, এনামুল ৪৭, অমিত ১৭, মিঠুন ৫৬, আফিফ ৬৩, সোহান ২১, নাহিদুল ৩৪, জিয়াউর ০, আরিদুল ০, আল আমিন ০, হালিম ০*, শফিকুল ১২-১-৪৩-১, মোহর ১৪-১-৫৬-৩, আসাদুজ্জামান ১৩-০-৬২-১, সানজামুল ১২.৪-৪-৪০-২, তাইজুল ১৭-১-৫৮-১, মেহেরব ৪-১-২০-১)

রাজশাহী ১ম ইনিংস: ৮ ওভারে ১৫/২ (মিজানুর ৫, জুনায়েদ ৩*, ফরহাদ ০, সাব্বির ৫*; আল আমিন ৪-২-৫-২, নাহিদুল ৩-১-৫-০, জিয়াউর ১-০-৪-০)