ফের ব্যর্থ তামিম, মুরাদের ৮ উইকেট
শেষ দিনের রোমাঞ্চে খুলনা বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচ।
নাবিল সামাদের লেংথ বল প্যাডল খেলতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হলেন তামিম ইকবাল। প্রথম ইনিংসের পর দ্বিতীয়ভাগেও ব্যর্থ বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তার আরেকটি হতাশার দিনে অসাধারণ বোলিং উপহার দিয়ে ৮ উইকেট তুলে নিলেন হাসান মুরাদ।
চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ৪ উইকেটে ১৬৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। প্রথম ইনিংসে ৩১২ রান করা সিলেট থেকে তারা পিছিয়ে ২ রানে।
প্রথম ইনিংসে ৩১ রান করা তামিম এবার আউট হলেন ৩ চারে ২০ রান করে।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৭ উইকেটে ৩০৩ রান নিয়ে মঙ্গলবার দিন শুরু করা সিলেটের ইনিংস গুটিয়ে দেন মুরাদ। আগের দিন ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার বাকি তিন উইকেটও তুলে নেন।
প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১১৯ রানে ৮ উইকেট নেন মুরাদ। তার আগের সেরা ছিল ৭৪ রানে ৬টি।
১৭১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ৩২ রানে হারায় তামিমকে। দলীয় ১০০ রানের আগে বিদায় নেন পিনাক ঘোষ। থিতু হয়ে ফেরেন সৈকত আলি।
ধৈর্যশীল ব্যাটিংয়ে ৩ চারে ১৭৬ বলে ৫৫ রান করেন ওপেনার সাব্বির হোসেন। ১৪ রান নিয়ে খেলছেন পারভেজ হোসেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান ইরফান শুক্কুরের রান ২০।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৪১
সিলেট ১ম ইনিংস: ৯৯.৫ ওভারে ৩১২ (আগের দিন ৩০৩/৭) (আবু বকর ১৩, আবু জায়েদ ০, নাবিল ৪*, নাঈম ৫; মেহেদি রানা ১৫-২-৪৪-০, মুরাদ ৪০.৫-৮-১১৯-৮, ইয়াসিন ৯-৪-২৫-০, শরিফ ৬-১-২০-০, ইফতেখার ২৭-২-৯৫-১, সৈকত ২-২-০-১)
চট্টগ্রাম ২য় ইনিংস: ৮৩ ওভারে ১৬৯/৪ (সাব্বির ৫৫, তামিম ২০, পিনাক ১৫, সৈকত ৩২, পারভেজ ১৪*, ইরফান শুক্কুর ২০*; আবু জায়েদ ১০-১-৪১-০, তানজিম ৭-২-১৮-০, নাঈম ১৭-৬-২০-০, নাবিল ২৫-৩-৫৩-৩, শাহানুর ২৪-১১-২৭-১)
শেষ দিনের রোমাঞ্চে ঢাকা মেট্রো-খুলনা ম্যাচ
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জমে উঠেছে ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের ম্যাচ। শেষ দিনে জয়ের জন্য ঢাকা মেট্রোর চাই ৩৯ রান। খুলনার দরকার ৪ উইকেট।
১৬৭ রান তাড়ায় ৬ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো।
প্রথম ইনিংসে ১৩১ রান করা খুলনা দ্বিতীয় ইনিংসে করে ১৯১ রান। ঢাকা মেট্রোর প্রথম ইনিংস থামে ১৫৬ রানে।
৫ উইকেটে ১০৮ রান নিয়ে দিন শুরু করা খুলনাকে দুইশর আগে থামিয়ে দেওয়ার পথে বড় অবদান রাখেন শরিফুল্লাহ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৫ রানে ৫ উইকেট নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সেরা ছিল ৩৪ রানে ৫টি।
আগের দিন দুই উইকেট নেওয়া শরিফুল্লাহ এদিন আউট করেন টিপু সুলতান, জিয়াউর রহমান ও আল আমিন হোসেনকে। পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ পাঁচ উইকেট।
খুলনার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন জিয়াউর। ৬৪ বলের ইনিংসে মারেন তিনটি করে ছক্কা-চার।
রান তাড়ায় ঢাকা মেট্রোর হয়ে ৩২ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম। মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৪০ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা মেট্রোকে টানছেন জাহিদুজ্জামান। ২ চারে ২৫ রানে খেলছেন তিনি। তার সঙ্গে উইকেটে আছেন রকিবুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ১৩১
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৫৬
খুলনা ২য় ইনিংস: ৭০.৪ ওভারে ১৯১ (আগের দিন ১০৮/৫) (টিপু ২৮, জিয়াউর ৫৩, ইমরুল ১, আব্দুল হালিম ১, সালমান ০*, আল আমিন ৫; আবু হায়দার ১৩-১-৩৪-০, কাজী অনিক ১২-১-৫১-০, শরিফুল্লাহ ১৯.৪-৯-২৫-৫, মানিক ১৩-২-৪৬-২, রকিবুল ১৩-২-১৬-৩, আমিনুল ১-০-১১-০)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ১৬৭) ৫৪ ওভারে ১২৮/৬ (মাহফিজুল ৩২, নাঈম শেখ ১০, শামসুর ১৪, মার্শাল ৪০, আমিনুল ৩, জাহিদুজ্জামান ২৫*, শরিফুল্লাহ ০, রকিবুল ১*; জিয়াউর ৩-১-৮-০, আল আমিন ১১-২-২৫-০, শেখ মেহেদি ১৩-২-৩৩-১, হালিম ৫-২-১৪-০, নাহিদুল ৯-৪-১৩-০, টিপু ৮-২-১৭-২, সালমান ৫-১-১৫-১)
বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল ও রাজশাহী বিভাগের ম্যাচের তৃতীয় দিন বৃষ্টিতে মাঠে গড়ায়নি বল।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ২৮১
রাজশাহী ১ম ইনিংস: ৫৭.১ ওভারে ১৮৬/৬ (মিজানুর ৯, জহুরুল ২৯, জুনায়েদ ৩২, ফরহাদ হোসেন ৯, মেহেরব ৭, প্রতিম ৬১*, ফরহাদ রেজা ১৫, সানজামুল ২২*; রুয়েল ১৪-২-৫৪-২, কামরুল ১০.১-২০-৪২-১, শাহিন ৯-০-২১-০, তানভির ২০-৪-৪১-২, সোহাগ ৪-০-২৮-১)
