৯৬ রানে আউট কাইয়া, ৯৬ রানে অপরাজিত টেইলর
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫ উইকেটে ২৫০ রান করে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন ইনোসেন্ট কাইয়া। কিন্তু অল্পের জন্য তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন না তিনি। দারুণ ব্যাটিংয়ে টানা দ্বিতীয় শতকের আশা বাঁচিয়ে রাখলেন ব্রেন্ডান টেইলর। তাদের বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছে জিম্বাবুয়ে।
শারজাহতে শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ২৫০।
একটি ছয় ও ১১ চারে ৯৬ রানে আউট হয়ে যান কাইয়া। তার সমান ৯৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন টেইলর। প্রথম টেস্টে ১৩১ ও ৮২ রানের চমৎকার দুটি ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন কাইয়া ও বেন কারান। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৯৮ রান। দ্বিতীয় সেশনের শুরুতে কারানকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন অভিষিক্ত নাসির খান মারুফখিল। একটি ছক্কা ও চারটি চারে ৪৪ রান করেন কারান।
এরপর আরেকটি বড় জুটি গড়েন কাইয়া ও টেইলর। তাদের ব্যাটে বাড়তে থাকে জিম্বাবুয়ের রান। ৬৯ বলে ফিফটি করেন কাইয়া। টেইলরের পঞ্চাশ আসে ৮২ বলে।
তৃতীয় সেশনের শুরুতে কাইয়ার সেঞ্চুরির আশা ভেঙে দেন মারুফখিল। বাঁহাতি এই স্পিনারের বলে এলবিডব্লিউ হন জিম্বাবুয়ে ওপেনার। তাতে ভাঙে ১০২ রানের জুটি।
এরপর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেটকে শূন্য রানে ফেরান মারুফখিল। দুই অঙ্কে যেতে পারেননি ওয়েলসি মাধেভেরে ও আন্তুম নাকভি।
শেষ দিকের বাকি কয়েক ওভার নিরাপদে কাটিয়ে দেন টেইলর ও সিগা।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৮২ ওভারে ২৫০/৫ (কাইয়া ৯৬, কারান ৪৪, টেইলর ৯৬*, বেনেট ০, মাধেভেরে ৩, নাকভি ৮, সিগা ২*; আহমাদজাই ১৮-২-৫৭-০, জিয়াউর ১৩-২-২৮-১, সালিম ১৬-৩-৩৫-০, মারুফখিল ৩৪-৮-১১৮-৪, শাহিদি ১-০-১২-০)
