২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসএল হবে বিশ্বের এক নম্বর লিগ, বিশ্বাস নাকভির

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির বিশ্বাস, আইপিএল, বিগ ব্যাশ, এসএ টোয়েন্টির মতো টুর্নামেন্টগুলোকে দ্রুতই টপকে যাবে পিএসএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 12:09 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকা করলে তলানির দিকেই থাকার কথা পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দারুণ তৃপ্ত এই লিগের অগ্রগগিতে। পিএসএল নিয়ে দারুণ স্বপ্নও দেখছেন তিনি। তার মতে, দ্রুতই বিশ্বের শীর্ষ লিগ হয়ে উঠবে তার দেশের এই টুর্নামেন্ট।

নাকভির এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আঞ্চলিক উত্তেজনার কারণে দুটি ভেন্যুতে সীমাবদ্ধ রেখে পিএসএলের চলমান একাদশ আসরটিতে নানা বিধিনিষেধের মধ্যে খেলা হচ্ছে। 

পিসিবি বোর্ড অফ গভর্নর্সের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে নাকভি তার এই দাবির পেছনে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহকে একটি প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন যে, পিএসএল একটি অত্যন্ত আকর্ষণীয় বিনিয়োগ বাজার হিসেবে আবির্ভূত হয়েছে, যা আগামী বছরগুলোতে এর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।

“পিএসএল এখন বিনিয়োগের সেরা বাজারে পরিণত হয়েছে। সেই সময় বেশি দূরে নয়, যখন পিএসএল বিশ্বের এক নম্বর লীগে পরিণত হবে।”

পিএসএল ২০২৬-এর ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত প্রক্রিয়ায় আগ্রহীদের জোরাল অংশগ্রহণ পাকিস্তানের ক্রিকেট ইকোসিস্টেমের প্রতি ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন বলে উল্লেখ করেন নাকভি।

নাকভির আশাবাদের সঙ্গে বাস্তবতার ফারাক যদিও বিশাল। বিশ্বের শীর্ষ লিগ মনে করা হয় আইপিএলকে। ভারতের লিগটির মিডিয়া স্বত্বের মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার, যেখানে পিএসএলের ক্ষেত্রে তা প্রায় ৯.৩ কোটি মার্কিন ডলার। আইপিএলের বার্ষিক আয় ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়, অন্যদিকে পিএসএল থেকে আনুমানিক ৬ কোটি মার্কিন ডলার আয় হয় বলে ধারণা করা হয়।

এছাড়া আরও বিভিন্ন মানদণ্ডে বিগ ব্যাশ, দা হান্ড্রেড এসএ টোয়েন্টির মতো টুর্নামেন্টগুলো থেকে অনেক পিছিয়ে পিএসএল।