অতি জরুরি ছাড়া বুমরাহকে টেস্টে দেখতে চান না অশ্বিন
জাসপ্রিত বুমরাহকে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটেই বেশি নিয়মিত খেলতে বললেন রাভিচান্দ্রান অশ্বিন।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জাসপ্রিত বুমরাহ। তার ধারেকাছেও নেই কেউ এখন। ভারতের বোলিং আক্রমণের তিনি মূল অস্ত্র। অথচ তাকে টেস্ট ক্রিকেটে খুব একটা দেখতে চান না ভারতেরই টেস্ট গ্রেট রাভিচান্দ্রান অশ্বিন। সাবেক এই স্পিনারের মতে, কেবল খুব জরুরি হলে ও দেশের বাইরের টেস্ট ম্যাচগুলোয় খেলানো উচিত এই পেসারকে।
বুমরাহর ওয়ার্কলোড সামলানো নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোচনা ও বিতর্ক চলতেই থাকে নিত্য। চোটপ্রবণ শরীর তাকে অনেক ম্যাচ থেকে বাইরেও রেখেছে। বিশেষ করে, যে ব্যতিক্রমী অ্যাকশনের কারণে তাকে খেলা ব্যাটসম্যানদের জন্য কঠিন, সেই অ্যাকশনই তাকে চোটের দিকে ঠেলে দেয় বারবার। অশ্বিনের মূল দুর্ভাবনার জায়গা সেটিই।
অশ্বিন নিজে ভারতের হয়ে তিন সংস্করণে খেললেও একটা পর্যায়ে হয়ে উঠেছিলেন ভারতের টেস্ট বিশেষজ্ঞ। কিন্তু বুমরাহর বাস্তবতায় এই পেসারকে তিনি নিয়মিত দেখতে চান কেবল টি-টোয়েন্টি ক্রিকেটে। নিজের সেই ভাবনা তুলে ধরলেন তিনি দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ইউটিউবে আলোচনায়।
“ওর সঙ্গে আমার সম্পর্ক দারুণ। এখন যদি আমি ওর আশেপাশে থাকতাম, ওকে গিয়ে বলতাম, ‘তুমি স্রেফ সাদা বলের সংস্করণে খেলবে। যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমাদের (ভারতীয় দলের) খুব প্রয়োজন, ততক্ষণ টেস্ট দলে পা রাখার কোনো দরকার নেই।’ ওকে এটিই বলতাম। তবে যেহেতু ওকে ব্যক্তিগতভাবে জানি, টেস্ট ক্রিকেট দারুণ ভালোভাসে ও। যতদিন সম্ভব এই সংস্করণে খেলতে চায়। ও নিজেও জানে, ব্যাপারটি হবে চ্যালেঞ্জের।”
“তবে ভারতীয় ক্রিকেটের স্বার্থে, বুমরাহর স্বার্থে, ওকে আমি চাই টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি দেখতে। অর্থহীন ওয়ানডেগুলোতেও ওকে দেখতে চাই না। প্রয়োজন পড়লে শুধু গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলিতে ওকে দেখতে চাই… শুধু দেশের বাইরের টেস্টে। দেশের মাঠে খেলার জন্য ভিন্ন এক গ্রুপ পেস বোলারদের গড়ে তুলতে দেখতে চাই।”
বুমরাহকে টেস্ট খেলানো নিয়ে অশ্বিনের ভাবনার সঙ্গে অনেকটাই একমত ডি ভিলিয়ার্স।
“আমি হলে যা করতাম, ঘরের মাঠে ও উপমহাদেশের সব টেস্ট থেকে ওকে সরিয়ে রাখতাম। শুধু দেশের বাইরের টেস্টে ওকে খেলাতাম… অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ডে… ওসব জায়গায় সব টেস্টে খেলাতাম এবং নিশ্চিত করতাম, ওই ম্যাচগুলোর জন্য যেন সে তরতাজা থাকে। অবশ্যই তাকে বেশি মনোযোগী রাখতাম সাদা বলের ক্রিকেটে, যেখানে বিশ্বকাপ জয়ের ব্যাপার আছে।”
অশ্বিন-ডি ভিলিয়ার্সরা যা বলছেন, সেই কৌশল অবশ্য বুমরাহর ক্যারিয়ারজুড়েই নেওয়া হয়েছে। এজন্যই তার ক্যারিয়ারের ৫২ টেস্টের ৩৬টিই দেশের বাইরে। তার বোলিং গড় ও স্ট্রাইক রেট যদিও দেশের মাঠেই বেশি ভালো।
বুমরাহকে বেছে বেছে ম্যাচ খেলতে বললেও তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই অশ্বিনের। গত কয়েক বছরে ভারতের অনেক ম্যাচ জেতানোর নায়ক মনে করেন তিনি এই পেসারকেই।
“বুমরাহ ভারতের সম্পদ। অনন্য এক অ্যাকশন তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে, তবে এই অ্যাকশনই তাকে বিপদে ফেলে, তার শারীরিক ধকল সামলানোর ক্ষেত্রে। ভবিষ্যতে আমি বুমরাহকে এভাবেই দেখি, সত্যিকারের এক চ্যাম্পিয়ন, যে গত কয়েক বছরে ভারতের জন্য স্মরণীয় কিছু জয় এনে দিয়েছে।”
