রান আটকানোর চেষ্টায় শরিফুলের ৫ উইকেটের আনন্দ
পাঁচ উইকেট শিকারের কথা ভাবনাতেও ছিল না বাঁহাতি এই পেসারের।
ম্যাচের প্রথম বলেই বাউন্ডারি হজম। সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নিলেন না শরিফুল ইসলাম। পরে তিনি ডেলিভারি করলেন আরও ২২টি। রান দিলেন মাত্র ৫, উইকেট নিলেন ৫টি। দারুণ প্রাপ্তির পর বাঁহাতি এই পেসার বললেন, এমন কিছু ভাবনাতেও ছিল না তার।
বিপিএলে ঢাকা পর্বের প্রথম দিন শুক্রবার চট্টগ্রাম রয়্যালসের হয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৩.৫ ওভারে ৯ রানে ৫ উইকেট শিকার করেন শরিফুল। শেষ দুই ওভারে স্রেফ ১ রানে ৪ উইকেট নেন তিনি।
বাঁহাতি এই পেসার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫২ ম্যাচে প্রথমবার পেলেন পাঁচ উইকেটের স্বাদ। বিপিএলে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে কম রানে ৫ উইকেট নেওয়ার নজিরও এটি।
নোয়াখালীকে ১২৬ রানে আটকে রেখে চট্টগ্রামের ৫ উইকেটের জয়ের ম্যাচ-সেরার পুরস্কার জেতেন শরিফুল। পরে সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী পেসার বলেন, মাঠে স্রেফ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে গেছেন তিনি।
“না, না… (পাঁচ উইকেটের আশা ছিল না), পরিকল্পনা ছিল যে, যখনই আমাকে বোলিংয়ে আনবে, রান চেক দিয়ে বল করব। উইকেট তো আর বলে কেউ নিতে পারে না। সেটা আসলে ভাগ্যের বিষয়। তো হয়ে গেছে।”
“যখন রান-আপ মাপছিলাম, একজন গ্রাউন্ডসম্যান আমাকে বলছিল, ‘ভাইয়া, কেন জানি মনে হচ্ছে আপনি আজকে ৫ উইকেট পাবেন।’ আমি বলছি, ‘ভাই এটা তো এত সহজ না। কিন্তু আল্লাহ দিলে হতে পারে।’ তাই যখন খেলছিলাম, ভালো বল করছিলাম... আমি শেষ উইকেট পর্যন্ত চিন্তা করি নাই যে, পাঁচ উইকেট পাব। আল্লাহ হয়তো কপালে লিখে রেখেছিল, হয়ে গেছে।”
দল জেতায় আরও বেশি খুশি শরিফুল। এই ম্যাচ-সেরার অর্থ পুরস্কাটাও জন্মস্থানের অসহায়দের মাঝে দিয়ে দিতে চান পঞ্চগড়ের ক্রিকেটার।
“অবশ্যই, অনেক উপভোগ করছি। বিশেষ করে আমার ভালো লাগছে, আমরা ম্যাচ জিততে পারছি। আরেকটা বিষয়, আমি বলেছিলাম যে, যতদিন ক্রিকেট খেলব, আমি ম্যান অব দা ম্যাচ হলে, সেই টাকাটা আমার এলাকার যারা একটু অভাব-অনটনে থাকে, তাদেরকে দেব। আমার খুবই ভালো লাগছে যে, এই অর্থটা তাদের কাছে যাবে।”
পাওয়ার প্লের শেষ ওভারে হাসান ইসাখিলকে ফিরিয়ে শিকার ধরা শুরু করেন শরিফুল। উইকেটটি নেওয়ার পর মাথায় এক হাত রেখে নাচতে দেখা যায় তাকে। এই উদযাপনের রহস্য খোলাসা করলেন তিনি।
“কোনো পরিকল্পনা ছিল না। আমি মাথায় হাত দিয়েছিলাম। নাইম (নাইম শেখ) আমাকে এসে বলল, ‘দে দে ড্যান্স দে, ড্যান্স দে।’ পরে ওইটা ঝোঁকে হয়ে গেছে আর কী। সত্যি কথা। নাইম আমার ভালো বন্ধু, আমরা সবসময় একসঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি, তো তালে তালে হয়ে গেছে।”
