২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেল বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারাল বাংলাদেশের যুবারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 08:10 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

৪ বলে দরকার ৮ রান, হাতে ১ উইকেট। কুগাদাস মাথুলানের অফ স্টাম্পের বাইরের বল বড় শটের চেষ্টা করে ব্যাটে লাগাতে পারলেন না ইকবাল হোসেন। স্ট্রাইক ফিরে পেতে রানের জন্য ছুটলেন ফরিদ হাসান। তিনি ক্রিজে পৌঁছানোর আগেই স্টাম্প এলোমেলো করেন দিলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক। খুব কাছে গিয়েও হেরে গেল বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মঙ্গলবার বাংলাদেশকে ৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২২৯ রানের লক্ষ্যে তিন বল বাকি থাকতে ২২১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের যুবারা।

'বি' গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করেছিল দুই দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায়, ফাইনালে ওঠার লড়াইয়ে 'এ' গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। বাংলাদেশ লড়বে 'এ' গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে।

একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন কালাম সিদ্দিকি। কিন্তু ৯৫ রান করে এই ওপেনারের বিদায়ের পর আর পথ খুঁজে পায়নি আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল। 

শ্রীলঙ্কার জয়ের নায়ক ভিমাথ দিনসারা। চার নম্বরে নেমে ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি লঙ্কানদের। পাওয়ার প্লেতে তারা হারায় ৩ উইকেট। লাকবিন আবেসিংহেকে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেন দিনসারা। তবে বেশি বড় হয়নি তাদের জুটি। 

এরপর আবেসিংহে ও কাভিজা গামাগে অল্পে ফিরে যান। ১০৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে ভিরান চামুদিথার সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন দিনসারা। এরপর তিনি অধিনায়ক ভিহাস থিওমিকার সঙ্গে মিলে বাড়ান রানের গতি।

সপ্তম উইকেটে মাত্র ৪৪ বলে ৫০ রান যোগ করেন দিনসারা ও থিওমিকা। দলকে দুইশ পার করিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন ২২ রান করা থিওমিকা। শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৩২ বলের ইনিংসে ১০টি চার মারেন দিনসারা।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন আল ফাহাদ। এছাড়া রিজান হোসেনের শিকার ৩টি।

রান তাড়ায় ইতিবাচক শুরু করেন জাওয়াদ আবরার। ২টি করে চার-ছক্কায় ২২ রান করে রান-আউট হন আগের ম্যাচে ফিফটি করা ওপেনার। দশম ওভারে ভাঙে ৫২ রানে উদ্বোধনী জুটি। 

আগের দুই ম্যাচে পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা আজিজুল এদিন অল্পে ফেরেন। চার নম্বরে নেমে শিহাব জেমসও টিকতে পারেননি। 

চতুর্থ উইকেট জুটিতে দলকে এগিয়ে নেন কালাম ও দেবাশিষ সরকার। দুজনের ৭৪ রানের জুটিতে জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ। কিন্তু একই ওভারে কালাম ও রিজান ফিরলে চাপে পড়ে যায় তারা। 

৮ চার ও ১ ছক্কায় ১৩৪ বলের ইনিংস সাজান কালাম। রানের খাতা খুলতে পারেননি রিজান।

একপ্রান্ত আগলে রেখে চেষ্টা করেন ফরিদ। কিন্তু অন্য প্রান্ত থেকে সহায়তা পাননি কিপার-ব্যাটসম্যান। 

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন থিওমিকা।

'বি' গ্রুপের রানার্স-আপ হওয়ায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৯.২ ওভারে ২২৮ (পেরেরা ১৯, সিগেরা ৫, শানমুগানাথান ৪, দিনসারা ১০৬, আবেসিংহে ২১, গামাগে ১০, চামুদিথা ২০, থিওমিকা ২২, মানিশা ১০, রাঞ্জিথকুমার ১, মাথুলান ০*; ফাহাদ ৯.২-০-৫০-৪, ইকবাল ১০-০-৫৬-১, আজিজুল ৫-০-২০-০, রিজান ১০-০-৪০-৩, রাফি ১০-০-৩৬-১, সামিউন ৫-০-২৪-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৩ ওভারে ২২১ (জাওয়াদ ২২, কালাম ৯৫, আজিজুল ৮, শিহাব ৬, দেবাশিষ ৩১, রিজান ০, ফরিদ ২৪, সামিউন ১৪, রফি ২, ফাহাদ ০, ইকবাল ৪*; রাঞ্জিথকুমার ৫-০-২৩-০, সিগেরা ৩-০-২২-০, চামুদিথা ৯-০-৪৮-১, মাথুলান ৮.৩-১-২৯-১, থিওমিকা ১০-০-৩৭-৩, মানিশা ১০-০-৪০-১, গামাগে ৪-১--১৬-০) 

ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ৭ রানে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: ভিমাথ দিনসারা