পাঞ্জাব ও কলকাতার আশা গুঁড়িয়ে প্লেঅফে রাজস্থান
চতুর্থ দল হিসেবে এবারের আইপিএলের প্লেঅফে জায়গা করে নিল তারা।
বাঁচা-মরার ম্যাচে সম্মিলিত চেষ্টায় দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ল রাজস্থান রয়্যালস। পরে জফ্রা আর্চারের চমৎকার বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএলের প্লেঅফে জায়গা করে করে নিল তারা।
ওয়াংখেড়েতে রোববার ৩০ রানে জিতেছে রাজস্থান। ২০৫ রানের পুঁজি গড়ে মুম্বাইকে ১৭৫ রানে আটকে রেখেছে তারা।
চতুর্থ দল হিসেবে প্লেঅফে জায়গা করে নিল রাজস্থান। তাতে ভেঙে গেল পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের পরের ধাপে খেলার আশা।
১৪ ম্যাচের আটটি জিতে ১৬ পয়েন্ট পেয়েছে রাজস্থান। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে পাঞ্জাব। আর এক ম্যাচ কম খেলা কলকাতার পয়েন্ট ১৩।
প্লেঅফে জায়গা করে নেওয়া অন্য তিন দল শিরোপাধারী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৮), গুজরাট টাইটান্স (১৮) ও সানরাইজার্স হায়দরাবাদ (১৮)।
প্লেঅফে উঠতে মুম্বাইকে হারানোর বিকল্প ছিল না রাজস্থানের। এমন ম্যাচে দলকে ভালো শুরু এনে দিতে পারলেন না ছন্দে থাকা দুই ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল ও বৈভাব সুরিয়াভানশি। দলীয় ৩৩ রানে দুইজনকেই হারায় তারা। অধিনায়ক রিয়ান পারাগও পারেননি টিকতে।
দাসুন শানাকা ও ধ্রুভ জুরেলের ৪৫ রানের জুটিতে একশর কাছে যায় রাজস্থানের রান। দুটি ছক্কা ও তিনটি চারে ইনিংসের সর্বোচ্চ ৩৮ রান করেন জুরেল। তিন ছক্কায় ২৯ রান করতে ১৫ বল ক্ষেলেন শানাকা।
পরে ব্যাট হাতে ছোটখাটো ঝড় তোলেন আর্চার। তিনটি ছক্কা ও একটি চারে ১৫ বলে ৩২ রান করেন তিনি।
ব্যাটিং আলো ছড়ানো আর্চার পরে বল হাতেও নিজেকে মেলে ধরেন। ম্যাচের চতুর্থ বলে রোহিত শার্মাকে কট বিহাইন্ড করে দেন তিনি। নিজের পরের ওভারে আর্চার ভেঙে দেন নামান ধিরের স্টাম্প।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। ৩৮ রানে ৪ উইকেট হারানো দলকে টানেন সুরিয়াকুমার ইয়াদাভ। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন উইল জ্যাকস। তাদের জুটিতে আসে ৬৩ রান।
জ্যাকসের পর হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে থাকেন সুরিয়াকুমার। বিধ্বংসী রূপ নেওয়ার আগে পান্ডিয়াকে বিদায় করেন আর্চার।
পরের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। যাকে ঘিরে আশা বেঁচে ছিল মুম্বাইয়ের, সেই সুরিয়াকুমার বোলার নান্দ্রে বার্গারকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ম্যাচের একমাত্র পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে। চারটি ছক্কা ও তিনটি চারে ৬০ রান করেন সুরিয়াকুমার।
স্রেফ ১৭ রান দিয়ে তিন উইকেট নেন আর্চার। সঙ্গে চমৎকার ব্যাটিং পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ইংলিশ ক্রিকেটার।
আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও গুজরাট। পরদিন এলিমিনেটর ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে লড়বে রাজস্থান।
