২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনের বার্তা দেওয়া বিপিএলে যেমন ছিল প্রথম দিনের অভিজ্ঞতা

নতুনত্বের প্রতিশ্রুতি দিয়ে শুরু করা বিপিএলের প্রথম দিনে নতুন আয়োজন নিয়ে দর্শকদের মাঝে দেখা গেল স্বস্তি।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 10:55 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

‘রোধ করি বায়ু দূষণ, বিশুদ্ধ বায়ুর অপর নাম জীবন’, ‘জীববৈচিত্র আমাদের জীবন, আগলে রাখা প্রয়োজন’, ‘প্লাস্টিক পণ্য বর্জন করি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’- মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে এসব ব্যানার। পুরো মাঠেই বিভিন্ন জায়গায় মেলে ধরা হয়েছে পরিবেশবান্ধব এসব বার্তা।

গত কয়েক মাস ধরে অন্যরকম এক বিপিএল আয়োজনের যে বার্তা দিয়ে আসছে বিসিবি, এর টুকরো ছবি যেন এসব বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উদ্যোগের বাইরেও খেলা দেখতে আসা দর্শকদের জন্য প্রথম দিন দেখা গেছে বেশ কিছু নতুনত্ব।

স্টেডিয়ামজুড়ে পরিবেশবান্ধব বার্তা

বৃক্ষরোপণের বার্তা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসের সময় গাছ আদানপ্রদান করেন দুই অধিনায়ক তামিম ইকবাল ও এনামুল হক। এছাড়া মাঠের প্রায় সব প্রান্তেই ছিল পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার মতো বার্তা।

মাঠের এক নম্বর গেট দিয়ে ঢুকতেই ডান দিকে ওই তিনটি ব্যানার। আর বামপাশে দেখা যায় বর্জ্য-আবর্জনা ফেলার জন্য তিনটি ভিন্ন বক্স। আরেকটু সামনে এগোলেই চোখে পড়বে ‘দূষণমুক্ত বায়ু, বাড়িয়ে দেবে আয়ু’ লেখা ব্যানার।

বিসিবি ভবনের সামনে আরেকটি ব্যানারে দেওয়া জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার্স রক্ষার জন্য বার্তা, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। এখন ১২৫। জলদি ডাবল সেঞ্চুরি দরকার।’ 

এমন অনেক ব্যানার দেওয়া পুরো স্টেডিয়ামজুড়ে। এসবের সামনে দাঁড়িয়ে দর্শকদের আগ্রহ নিয়ে ছবি তুলতেও দেখা যায়। 

গ্যালারিতে ‘জিরো ওয়েস্ট জোন’

শুধু বার্তাতেই সীমাবদ্ধ নয় পরিবেশ রক্ষার কার্যক্রম। শহীদ মুশতাক স্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় ৩০০টি আসর নিয়ে করা হয়েছে বর্জ্যশূন্য (জিরো ওয়েস্ট) জোন। গ্যালারির ওই অংশে ঝোলানো প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করা বার্তা। 

প্রথম ম্যাচের শুরুর দিকে বর্জ্যশূন্য জোনে বসেও প্লাস্টিকের ‘সিঙ্গেল ইউজ’ বাটিতে করে খাবার খেতে দেখা যায় বেশ কয়েকজন দর্শককে। বিসিবির দায়িত্বরত ব্যক্তিরা তা দেখামাত্রই অবশ্য সতর্ক করা হয়। এছাড়া খাবার বিক্রি করা প্রতিষ্ঠানগুলোকেও প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এড়াতে বলেন দায়িত্বরত ব্যক্তিরা।

ওই গ্যালারির বাকি সিটের মূল্য ৫০০ টাকা হলেও, বর্জ্যশূন্য জোনের টিকেট বিক্রি করা হয় ৬০০ টাকা করে। তবে কার্যত কোনো পার্থক্য নেই। সরেজমিনে দেখা যায়, শহীদ মুশতাক স্ট্যান্ডের ৫০০ টাকার টিকেট দিয়েই বর্জ্যশূন্য জোনে বসতে পারছেন দর্শকরা।

পুরো মাঠে ‘ডানা ৩৬’-র বিচরণ

দিনজুড়েই মাঠময় ছুটে বেড়িয়েছে বিপিএলের মাস্কট ‘ডানা ৩৬।’ রঙিন পালক মেলে মাস্কটের এগিয়ে চলা দর্শকদের মধ্যে যোগ করে বাড়তি উদ্দীপনা। মাঠের চারপাশে ঘুরে, নেচেগেয়ে, দর্শকদের নানাভাবে আনন্দ দিয়েছে এটি। 

মুগ্ধ কর্নারে মুগ্ধতা দর্শকদের 

জুলাই গণ আন্দোলনে প্রাণ হারানো মীর মুগ্ধের স্মরণে স্টেডিয়াম প্রাঙ্গণে ‘মুগ্ধ পানি কর্নার’-এর মাধ্যমে দর্শকদের জন্য করা হয়েছে বিনামূল্যে পানির ব্যবস্থা। স্টেডিয়ামের ৬টি ভিন্ন প্রান্তে করা হয়েছে এই মুগ্ধ কর্নার। প্রতিটি কর্নারে ৩টি বুথে বিনামূল্যে পানি পান করতে পেরেছেন দর্শকরা।

এবারই প্রথম মিরপুরে খেলা দেখতে আসা দর্শকরা পেলেন পানির সুবিধা। এর আগে ১৫০ মিলি লিটারের এক গ্লাস পানি কিনতে ২০ টাকাও খরচ করতে হতো তাদের। এবার মুগ্ধ কর্নারে বিনামূল্যে পানি পেয়ে তাই দর্শকদের মাঝে স্বস্তি স্পষ্ট। 

পুরান ঢাকা থেকে খেলা দেখতে আসা রবিউল ইসলাম গ্যালারিতে ঢোকার আগে পানি পান করে বলেন, ‘খুব ভালো হয়েছে এটি। অনেক দূর থেকে এসেছি। অন্য সময় হলে তো কত টাকা দিয়ে পানি কিনে খেতে হতো।’ 

পূর্ব গ্যালারির সামনে করা মুগ্ধ কর্নারে প্রথম ম্যাচের প্রায় পুরোটা সময় ভিড় দেখা যায়। মুগ্ধ কর্নারে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা পুষ্টি কনজিউমারসের পক্ষ থেকে আসা কর্মীদের বেশ ব্যস্ত সময়ই কাটে পানি সরবরাহের কাজে।

তবে এর মধ্যেও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ছিল প্রশ্নের জায়গা। প্রতিটি কর্নারের পাশেই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ‘সিঙ্গেল ইউজ’ কাগজের গ্লাস। পুষ্টি কনজিউমার্সের এক কর্মী অবশ্য আশ্বাস দেন, খেলা শেষ হওয়ার আগেই এসব আবর্জনা পরিষ্কার করা হবে।

কমেছে খাবারের দামও

শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তির বড় জায়গাজুড়ে ছিল পানি ও খাবারের ব্যবস্থা। নিম্নমানের খাবারের জন্য উচ্চমূল্য খরচের অভিযোগ শোনা যেত প্রায়ই। বিপিএলের প্রথম দিনে এবার সেটির সমাধানের ইঙ্গিত মিলেছে কিছুটা। 

এবার গ্যালারির বিভিন্ন প্রান্তে খাবার বিক্রির জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান/ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে বিসিবি। পূর্ব গ্যালারিতে পাশাপাশি স্টল সাজিয়ে খাবার বিক্রি করেছে ৬টি ভিন্ন প্রতিষ্ঠান। তাদের মধ্যে প্রতিযোগিতার সুফল পেয়েছেন দর্শকরা।

প্রতিটি বিক্রেতার খাবারের মূল্য বলা যায় হাতের নাগালেই। ১২০-১৫০ টাকা খরচ করে মুরগির খিচুড়ি, গরুর বিরিয়ানি কিংবা মোরগ পোলাও খেতে পারছেন দর্শকরা। এছাড়া ফাস্ট ফুডের মধ্যে পিজ্জা, বার্গার, স্যান্ডউইচ ও রোলের মূল ৬০ থেকে ১২০ টাকার মধ্যে।

চলতি বছরের শুরুতে হওয়া বিপিএলেও এসব খাবারের জন্য ১২০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দিতে হতো দর্শকদের। এবার তুলনামূলক কম দামে খাবারের সুবিধা পেয়ে তাই খুশি পূর্ব গ্যালারির দর্শকরা।

নারায়ণগঞ্জ থেকে সকালেই মিরপুর চলে আসা সাইফুল ইসলাম বলছিলেন, ‘এখন এতগুলো অপশন… যেখান থেকে ইচ্ছা খাবার কেনা যাচ্ছে। দামও আগের চেয়ে কম মনে হচ্ছে। আগে খাবারের জন্য বেশ সমস্যায়ই পড়তে হতো।’

খাবারের মূল্যের পাশাপাশি গ্যালারির ওয়াশরুমে পানির ব্যবস্থা কিংবা পরিচ্ছন্নতা নিয়েও সন্তোষ প্রকাশ করেন দর্শকরা। 

টিকেটে সন্তোষ, টিকেটে আক্ষেপ

টিকেট প্রাপ্তি নিয়ে অব্যবস্থাপনা, যোগাযোগের ঘাটতি এবং অভিযোগ রয়েই গেছে। 

টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই বিসিবির পক্ষ থেকে বলা হয়, বিপিএলে অনলাইনে বিক্রি করা হবে টিকেট। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগের দিন সকালেও টিকেটের ব্যাপারে কোনো তথ্য দেয়নি বিসিবি। 

স্টেডিয়াম প্রাঙ্গনে দর্শকদের বিক্ষোভের পর রোববার বিকেলে ছাড়া হয় টিকেট। অনলাইনে বিসিবির নতুন ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত ৭টি শাখায় দেওয়া হয় টিকেট। কিন্তু শুরুতে অনলাইনে টিকেট পেতে সমস্যা হয় দর্শকদের। 

স্ত্রীকে নিয়ে খেলা দেখতে আসা রায়হান জারিফই যেমন বলছিলেন, ‘বর্জ্যশূন্য জোনের কথা শুনেই ঠিক করেছিলাম, এই গ্যালারিতে বসেই খেলা দেখব। কিন্তু ওয়েবসাইটে টিকেট কাটতে বেশ ভোগান্তি হয়েছে। অনেক সময় লেগে গেছে।’

অবশ্য ভিন্ন অভিজ্ঞতা ছিল বন্ধুদের নিয়ে আসা রবিন বাদশাহর। কয়েক মিনিটের মধ্যে টিকেট কেটে ফেলতে পারায় আনন্দের শেষ নেই তার, ‘এবারই ভালো হয়েছে। সবসময় অনলাইনে দেওয়া উচিত। আমার টিকেট করতে ৫ মিনিটও লাগেনি।’

অথচ এই টিকেট নিয়ে ম্যাচের আগের দিন ও ম্যাচ শুরুর আগেও স্টেডিয়ামের বাইরে দেখা যায় হট্টগোল। এক পর্যায়ে মূল ফটক ভেঙে মাঠে ঢোকার জন্যও উদ্ধত হয় উত্তেজিত দর্শকরা। সেসবের মাঝে পড়ে বিকল্প পথে মাঠে ঢুকতে হয় দুর্বার রাজশাহী দলকে।

পরে অবশ্য নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গেটে টিকেটের অনলাইন কপি স্ক্যান করিয়ে সহজেই মাঠে ঢুকতে পারেন দর্শকরা। 

অনলাইনে টিকেটের ব্যবস্থা করেও থামানো যায়নি কালোবাজারি। এক নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করা বেশ কয়েকজন দর্শক অভিযোগ করতে থাকেন কালোবাজারি নিয়ে। এছাড়া অনলাইনে আরও আগে টিকেট না ছাড়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।