‘লিটনের ভালো খেলা দলের জন্য অনেক জরুরি’
বাংলাদেশ দলের ভালোর জন্যই লিটন কুমার দাসের ফর্মে থাকা জরুরি, বলছেন তাসকিন আহমেদ।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তো খুবই প্রত্যাশিতই। মূল লক্ষ্য তো এশিয়া কাপ। খুব বেশি দেরি নেই বিশ্বকাপেরও। বৃহত্তর সেই ছবিটায় তাকিয়ে তাসকিন আহমেদ স্বস্তি পাচ্ছেন লিটন কুমার দাসের ব্যাটে রান দেখে। বাংলাদেশ দলের বাস্তবতা তো তিনি জানেন! সেজন্যই অভিজ্ঞ এই পেসার অকপটে বলছেন, লিটনের ফর্মে থাকা বাংলাদেশ দলের জন্যই গুরুত্বপূর্ণ।
ডাচদের বিপক্ষে শনিবার ৮ উইকেটের জয়ে লিটনের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস। তিনি ছন্দে থাকলে শুধু এই মানের প্রতিপক্ষ নয়, বড় দলগুলোর সঙ্গে এই সুরে কথা বলে তার ব্যাট। কিন্তু সমস্যা হলো, সেই রূপে তাকে দেখা যায় কমই। ক্যারিয়ারজুড়েই তার বড় সমস্যা ধারাবাহিকতার ঘাটতি।
তার ১০ বছরের ক্যারিয়ারে ফিরে তাকাতে হবে না, স্রেফ এই বছরের টি-টোয়েন্টি পারফরম্যান্স দেখলেই তা পরিষ্কার বোঝা যাবে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ৪০ করলেও বাকি দুই ম্যাচে ব্যর্থ। পাকিস্তানে গিয়ে এক ম্যাচে ৩০ বলে ৪৮, বাকি দুটি মিলিয়ে ২৮ রান।
গত মাসের শ্রীলঙ্কা সফরে প্রথম ম্যাচে অল্পতে ফেরার পর দ্বিতীয় ম্যাচে উপহার দিলেন ৭৬ রানের ইনিংস। পরের ম্যাচে করলেন ৩২। একটু ধারাবাহিকতার আশা তাতে জাগল। কিন্তু দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ মিলিয়ে করলেন ১৭ রান!
এবার নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুটা করলেন দারুণ। ধারাবাহিক হতে পারবেন কি না, সেটি বোঝা যাবে দ্রুতই। তবে প্রথম ম্যাচের পর তাসকিন তুলে ধরলেন, লিটনের ধারাবাহিকতা দলের জন্য কতটা আকাঙ্ক্ষিত।
“লিটন খুব ভালো ব্যাট করেছে। লিটনের ভালো খেলা বা ফর্মে থাকা আমাদের দলের জন্য অনেক জরুরি। সাম্প্রতিক সময়ে ও ফর্মে আসছে এবং ভালো ব্যাটিং করছে। নেটেও দেখছি।”
তাসকিন নিজেও এই ম্যাচে ভালো করেছেন। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই। উইকেট ও কন্ডিশন বিরুদ্ধ ছিল বলে তার পারফরম্যান্সের তৃপ্তিও বেশি।
“বেশ ভালো উইকেট ছিল। ব্যাটিং বান্ধব কন্ডিশন, পাশাপাশি শিশির ছিল। বোলারদের জন্য কঠিন ছিল। ভালো ব্যাপার যে সবাই মিলে কম রানে ওদেরকে শেষ করতে পেরেছি।”
“স্পোর্টিং উইকেট ছিল। আমার কাছে খেলে মনে হলো যে, বাংলাদেশের সেরা ব্যাটিং ট্র্যাক এটিই। একটু চ্যালেঞ্জিং ছিল (বোলিংয়ের জন্য)। তবে উপভোগ করেছি।”
নিজের বোলিং, লিটনের ফর্ম, সতীর্থ অন্য অনেকের পারফরম্যান্স, সবকিছু থেকেই ঠিকরে বের হচ্ছে সম্ভাবনার আলো। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ জয়ের পর ডাচদের বিপক্ষেও শুরুটা হয়েছে ভালো।
সামনে তাকিয়ে আরও বড় কিছুর আশা করারও সাহস পাচ্ছেন তাসকিন।
“এই ধারাবাহিকতা যদি আমাদের এগোতে থাকে, সামনে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব। কারণ স্পোর্টিং কন্ডিশনে যে কোনো এক দিক দিয়ে জেতা সম্ভব নয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সবই লাগে। আমাদের মতো দলে সবার অবদান আরও বেশি লাগে। এটা খুব ভালো ব্যাপার যে ব্যাটিং-বোলিং দুটিই ভালো হচ্ছে।”
“সবাই এগিয়ে যাচ্ছি। অনেক মেহনত করছি সবাই, সত্যি বলতে। সামনে অনেক খেলা, এশিয়া কাপের পর আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। এই ধারাবাহিকতা থাকলে ভালো কিছু হতে যাচ্ছে আশা করি।”
