এনামুলের ব্যাটে রান, সৌম্যর আরেকটি ফিফটি
টানা দুই ইনিংসে পঞ্চাশ ছাড়ালেন সৌম্য সরকার।
আগের ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো সৌম্য সরকারের ব্যাট হাসল আরেকবার। টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি উপহার দিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রথম রাউন্ডে ব্যর্থ এনামুল হক আলো ছড়ালেন এবার। দারুণ ব্যাটিংয়ে পঞ্চাশ ছাড়িয়ে অপরাজিত আছেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগে খুলনা ও বরিশালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শুরু হয় দেড় দিন পর। রোববার পৌনে তিনটায় শুরু হওয়া লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৩০ রান করে খুলনা।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য ৯ চারে করেন ৬৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৩১তম ফিফটি।
রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচে ১১ রানের জন্য সেঞ্চুরি পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ২ ছক্কা ও ১০ চারে ১১৬ বলে খেলেছিলেন ৮৯ রানের ইনিংস।
এবার রান আউটে কাটা পড়ে ড্রেসিং রুমে ফিরে যান সৌম্য। তার সঙ্গে এনামুলের উদ্বোধনী জুটিতে ১২৮ রান পায় খুলনা।
রাজশাহী ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ০ ও ২০ রান করা এনামুল ছন্দে ফেরার আভাস দিয়েছেন। বরিশালের বিপক্ষে ৮ চারে ৬৬ রান করে খেলছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৪৪তম ফিফটি।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ৩৪.২ ওভারে ১৩০/১ (এনামুল ৬৬*, সৌম্য ৬৩, অমিত ০*; কামরুল ৬-১-১৫-০, নুর ৭.২-০-৪৪-০, তানভির ১১-০-৩৩-০, মইন ৮-১-৩১-০, সালমান ২-০-৬-০)
জয়ের সুবাস পাচ্ছে সিলেট
প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেও বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে আরেকবার দুইশর আগে থামিয়ে দিল সিলেট। লক্ষ্য তাড়ায় তৌফিক খান তুষারের ফিফটিতে চট্টগ্রামের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে দলটি।
সিলেটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থায় আছে সিলেট। ২২০ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শেষ করেছে তারা।
জয়ের জন্য ৮ উইকেট হাতে থাকা সিলেটের প্রয়োজন ৯০ রান।
প্রথম ইনিংসে চট্টগ্রামকে ১৯৮ রানে আটকে দিয়ে সিলেটও ভালো করতে পারেনি। ৫ উইকেটে ১১৪ রান নিয়ে রোববার দিন শুরু করা দলটি গুটিয়ে যায় ১৫২ রানে। ৪৬ রানের লিড পায় চট্টগ্রাম।
সিলেটের প্রথম ইনিংসে ফিফটি করতে পারেননি একজনও। সর্বোচ্চ ৩৪ রান করেন আসাদুল্লাহ আল গালিব।
চট্টগ্রামের সফলতম বোলার ইফরান হোসেন। ৩৪ রানে ৫ শিকার ধরেন এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।
এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা চট্টগ্রামকে বড় পুঁজি গড়তে দেননি নাঈম আহমেদ, রেজাউর রাজা ও নাসুম আহমেদ। সিলেটের এই তিন বোলারই নেন তিনটি করে উইকেট।
চট্টগ্রামের হয়ে ভালো কিছুর আভাস দেন পারভেজ হোসেন ও সাজ্জাদুল হক। কিন্তু চল্লিশের ঘরে বিদায় নেন টপ অর্ডার দুই ব্যাটসম্যানই। ৫ চারে ৪০ রান করেন ওপেনার পারভেজ। তিনে নামা সাজ্জাদুল ১ ছক্কা ও ৫ চারে করেন ৪২ রান।
প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া শাহাদাত হোসেন দ্বিতীয়ভাগেও রানের খাতা খুলতে পারেনি। জাতীয় দলে জায়গা হারানো ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে আউট হন দ্বিতীয় বলে।
শেষ দিকে আশরাফুল হাসানের অপরাজিত ২৮ রানের ইনিংসে দুইশ ছাড়ানো লক্ষ্য দিতে পারে চট্টগ্রাম।
লক্ষ্য তাড়ায় সিলেটকে ভালো শুরু এনে দেন জাকির হাসান ও তৌফিক। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। জাতীয় দলের ব্যাটসম্যান জাকির ১ ছক্কা ও ৫ চারে ৩৬ রান করে বিদায় নেন। তৌফিক ৩ ছক্কা ও ৫ চারে খেলেন ৩৮ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস।
পিনাক ঘোষ ও অমিত হাসান ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৯৮
সিলেট ১ম ইনিংস: ৫৪.২ ওভারে ১৫২ (আগের দিন ১১৪/৫) (আসাদুল্লাহ ৩৪, নাসুম ২১, তোফায়েল ০, রেজাউর ১০, আবু জায়েদ ৭*, নাঈম ০; ইফরান ১৪.২-৪-৩৪-৫, ফাহাদ ১৪-৪-৪১-১, ইফতেখার ১০-১-৩০-১, আশরাফুল ১৪-৪-৩০-২, সাজ্জাদুল ২-১-৫-০)
চট্টগ্রাম ২য় ইনিংস: ৪২.১ ওভারে ১৭৩ (পারভেজ ৪০, সাদ্দাম ১৫, সাজ্জাদুল ৪২, শাহাদাত ০, ইয়াসির ৫, শামীম ৪, ইরফান ৭, ইফতেখার ৬, আশরাফুল ২৮*, ইফরান ২, ফাহাদ ১১; আবু জায়েদ ৩-০-১৫-০, তোফায়েল ৬-১-১৭-১, নাঈম ১৫-৫-৫৯-৩, রেজাউর ৯-১-৩৪-৩, নাসুম ৮.১-১-৩২-৩, আসাদুল্লাহ ১-০-৫-০)
সিলেট ২য় ইনিংস: (লক্ষ্য ২২০) ২২ ওভারে ১৩০/২ (তৌফিক ৫১, জাকির ৩৬, পিনাক ১৪*, অমিত ২৩*; ফাহাদ ৫-১-২৯-০, ইফরান ৭-০-৪৯-০, আশরাফুল ৮-০-৪০-২, ইফতেখার ২-০-৬-০)
মামুনের ফিফটি, নাজমুলের ৪ উইকেট
আগের ম্যাচে রানের খাতা খুলতে না পারা আবদুল্লাহ আল মামুন এবার উপহার দিলেন ফিফটি। সঙ্গে বাকিদের অবদানে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে আড়াইশ ছাড়ানো পুঁজি গড়ে রংপুর।
বিকেএসপির তিন নম্বর মাঠে ২৫৩ রানে থামে রংপুরের প্রথম ইনিংস। পরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭০ রান নিয়ে দিন শেষ করে ঢাকা। এখনও ১৮৩ রানে পিছিয়ে আছে তারা।
রংপুরের প্রথম ছয় ব্যাটসম্যানই স্পর্শ করেন দুই অঙ্ক। কিন্তু মামুন ছাড়া ফিফটি ছুঁতে পারেননি কেউ। ৮৮ বলের ইনিংসে চারটি করে ছক্কা-চারে ৬৮ রান করেন দলটির অধিনায়ক। মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩ ছক্কায় ৪০ রান।
দলটির ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি আসে দুটি। উদ্বোধনী জুটিতে ৭০ রান তোলেন খালিদ হাসান ও রিজওয়ান। পঞ্চম উইকেটে মামুন আর তানবির হায়দারের যুগলবন্দিতে আসে ৬৫ রান।
৭৮ রানে ৪ উইকেট নিয়ে ঢাকার সফলতম বোলার নাজমুল ইসলাম। শুভাগত হোম নেন তিনটি উইকেট। আর এনামুল হকের প্রাপ্তি দুটি।
ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারেই রনি তালুকদারকে হারায় ঢাকা। এরপর আর দলকে বিপদে পড়তে দেননি আশিকুর রহমান ও জয়রাজ শেখ।
তিনটি করে ছক্কা-চারে ৪৫ রানে অপরাজিত আছেন আশিকুর। ১৮ রানে খেলছেন জয়রাজ।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ৭৪.৩ ওভারে ২৫৩ (খালিদ ৩৪, রিজওয়ান ৪০, অনিক ১৮, নাঈম ২৭, মামুন ৬৮, তানবির ৩৬, মোসাদ্দেক ০, রিশাদ ১, আবু হাসিম ৩, শরিফুল ২০, মুকিদুল ২*; সালাউদ্দিন ১১-০-৩৪-০, এনামুল ১২-০-৪৬-২, নাজমুল ২০.৩-৩-৭৮-৪, শুভাগত ১৯.১-৪-৫১-৩, মাহফুজুর ১১-১-৪২-১, আরিফুল ০.৫-০-০-০)
ঢাকা ১ম ইনিংস: ১৭.২ ওভারে ৭০/১ (আশিকুর ৪৫*, রনি ৭, জয়রাজ ১৮*; শরিফুল ৩.২-০-৯-০, মুকিদুল ৪-০-২১-০, মামুন ৩-১-৭-১, রিশাদ ৪-০-২৬-০, আবু হাসিম ৩-১-৭-০)
