এই গরমে নাহিদের এমন বোলিং বিশ্বাস করতে পারছে না নিউ জিল্যান্ডও
“আমি আজ বেশ লম্বা সময় ব্যাটিং করেছি, কিন্তু এই গরমে ছুটে এসে এত দ্রুতগতিতে বল করার কথা ভাবতেও পারছি না”, বললেন নিউ জিল্যান্ডের হয়ে ৮৩ রান করা ব্যাটসম্যান নিক কেলি।
ক্যারিয়ারের মাত্র পঞ্চম ওয়ানডে খেলতে নেমে বিরুদ্ধ কন্ডিশনে ৮৩ রানের ইনিংস। যথেষ্টই প্রশংসার দাবিদার নিক কেলি। তবু তার সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়েই প্রশ্ন হলো বেশি। কেলি তবু বিন্দুমাত্র বিরক্তি দেখালেন না। প্রতিবারই সময় নিয়ে বিশদভাবে বিশ্লেষণ করলেন নাহিদের বোলিং। বাংলাদেশের তরুণ ফাস্ট বোলারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান। তিনি ভাবতেই পারছেন না, এত তীব্র গরমে ম্যাচজুড়ে এমন গতিময় বোলিং কীভাবে করতে পারলেন নাহিদ!
কেলি নিজেও এই ম্যাচে ক্রিজে ছিলেন তিন ঘণ্টার একটু বেশি। ১০২ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন। সম্ভাব্য সেঞ্চুরি হাতছাড়া করা প্রসঙ্গে মুচকি হাসিতে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান বললেন, প্রচণ্ড গরম তাকে কাবু করে ফেলেছিল। কিন্তু এই তীব্র গরমেই তো ১০ ওভার গতির ঝড় তুলেছেন নাহিদ রানা!
তার প্রথম ডেলিভারিটি ছিল ১৪৪.৭ কিলোমিটার গতির, শেষটি ১৪৫.৬ কিলোমিটার। মাঝের সময়টাতেও গতিতে হেরফের খুব একটা হয়নি। ১০ ওভারের স্পেলে একটি ছাড়া তার বাকি সব ডেলিভারি ছাড়িয়েছে ১৪০ কিলোমিটার গতি। এই প্রতিকূল আবহাওয়ায় এমন বোলিং অভাবনীয়।
সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভারে ৬৫ রান দিয়ে ১টি উইকেট নিতে পেরেছিলেন নাহিদ। দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের জয়ের নায়ক।
ব্যাট হাতে নিউ জিল্যান্ডের হয়ে লড়াই করা কেলি ম্যাচের পর বললেন, দ্বিতীয় ম্যাচের উইকেট নাহিদকে সহায়তা করেছে।
“সে দারুণ সম্ভাবনাময় তরুণ প্রতিভা, দারুণ গতিতে বল করে এবং আমার মনে হয় আজকের উইকেট তার জন্য সুবিধাজনক ছিল। উইকেটে একটু বেশি ঘাস থাকায় তার জন্য কাজটা আরও সহজ ছিল এবং সে ১৪০ কিলোমিটারের মাঝামাঝি গতিতে বল করেছে এবং গতির সঙ্গে বল সুইংও করিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ একজন ভালো তরুণ ফাস্ট বোলার পেয়েছে।”
নাহিদের বোলিংয়ের নিশানাও আগের ম্যাচের চেয়ে ভালো ছিল বলে মনে হয়েছে কেলির।
“আমার মনে হয়, সম্ভবত মূল পার্থক্যটা ছিল এই যে, এই ম্যাচে সে স্টাম্প তাক করে আরেকটু বেশি আক্রমণ করছে, ভালো সুইংও এবং বাউন্সের তারতম্য, যা প্রথম ম্যাচেও ছিল, কিন্তু সম্ভবত একই গতির ছিল না। আজকে বাড়তি ঘাসের কারণে…উইল ইয়াংয়ের উইকেট এখানে ভালো উদাহরণ… ভালো গতি ছিল, যা ব্যাটের ওপরের দিকে লেগেছিল। ওই গরমে ১৪৫ কিলোমিটারের বেশি গতি বজায় রেখে সে যে বোলিং করেছে, খুবই প্রশংসনীয় ছিল।”
টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড প্রথম ৭ ওভারে উইকেট হারায়নি এ দিন। নাহিদ আক্রমণে এসে প্রথম বলেই দলকে এনে দেন ব্রেক থ্রু। পরে এটিকেই বানিয়ে ফেলেন নিয়মিত চিত্র। চার স্পেলের প্রতিটিতেই প্রথম ওভারে উইকেট নিয়েছেন তিনি।
কেলিও বললেন, নতুন স্পেলে এসে ছন্দ পেতে একটুও সময় লাগে না নাহিদের।
“সে দারুণ গতিতে তার স্পেল শুরু করে এবং পুরোটা সময় বজায় রাখে। তাই সে যখন বোলিং করতে আসে, ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রস্তুত থাকতে হয়। কোনো গা গরমের ডেলিভারি নেই, সে প্রথম বল থেকেই সবসময় নিখুঁত থাকে।”
“আমার এখনও মনে হয়, সেদিনও (প্রথম ম্যাচে) সে খুব ভালো বোলিং করেছিল, সম্ভবত সে তার প্রাপ্যটা পায়নি। আজ উইকেটে একটু বেশি ঘাস ও একটু বেশি গতি থাকায় এবং তার অতিরিক্ত গতি ও বাউন্স দিয়ে স্টাম্প তাক করায় বা উইকেটে জোরে বল করায় সে আজ পুরস্কারটা পেয়েছে।”
নাহিদের এই পারফরম্যান্স স্পেশাল হয়ে উঠেছে মূলত বৈরি আবহাওয়ার কারণে। সকাল ১১টায় শুরু ম্যাচে এরকম দাবদাহের মধ্যে মাঠে টিকে থাকাই কঠিন। সেখানে নাহিদ যেভাবে বোলিং করেছেন ১০ ওভার, কেলি তা কল্পনাও করতে পারছেন না।
“আমি আজ বেশ লম্বা সময় ব্যাটিং করেছি এবং এই গরমে ছুটে এসে এত দ্রুতগতিতে বল করার কথা ভাবতেও পারছি না। প্রচণ্ড গরম! আগেও বলেছি, সে প্রথম বল থেকেই ভালো গতিতে বল করছে। আজ তার স্পেলের শেষ বলে গতি ছিল ১৪৫। সুতরাং, সে চার ঘণ্টা রোদের মধ্যে ছিল এবং প্রথম বল থেকে শুরু করে একেবারে শেষ বল পর্যন্ত ওই গতিতে বল করার সামর্থ্য সত্যিই খুব প্রশংসনীয়।”
