কোহলিকে আউট করে ‘স্বপ্নের উইকেটের’ রোমাঞ্চ রিশাদের
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে ভিরাট কোহলিকে আউট করে স্বপ্ন পূরণের আনন্দের কথা বললেন রিশাদ হোসেন।
প্রায় দুই বছর ও ৩৯ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে রিশাদ হোসেনের ঝুলিতে জমা পড়েছে ৪৫ উইকেট। এই পথচলায় গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি গড়েছেন দেশের রেকর্ড। তবে নিজের স্বপ্নের উইকেটের ছোঁয়া পেতে লেগ স্পিনারের অপেক্ষা করতে হয়েছে আরও কিছু দিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে ভিরাট কোহলিকে ফিরিয়ে পেয়েছেন সেই স্বাদ।
দুবাইয়ে গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ব্যাটে-বলে নিজের কাজটা ঠিকঠাক করেন রিশাদ। শেষ দিকে নেমে ১২ বলে তিনি খেলেন ১৮ রানের ক্যামিও। পরে বল হাতে ১০ ওভারে মাত্র ৩৮ রান খরচায় নেন ২ উইকেট।
মাঝারি পুঁজি নিয়েও ভারতকে যা একটু পরীক্ষায় ফেলেছিল বাংলাদেশ, তা মূলত রিশাদ ও মেহেদী হাসান মিরাজের স্পিনের সৌজন্যে। শুরু থেকেই রিশাদের লেগ স্পিনে ধুঁকতে থাকা কোহলি শেষ পর্যন্ত অফ স্টাম্পের বাইরের এক লেগ ব্রেক ডেলিভারিকে কাট করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি। পয়েন্টে সহজ ক্যাচ নেন সৌম্য।
কোহলির বিপক্ষে আগে একটিই ম্যাচ খেলেছিলেন রিশাদ। অ্যান্টিগায় গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে তরুণ লেগ স্পিনারের প্রথম বলই ছক্কায় ওড়ান কোহলি। সেদিন রিশাদের ৪ বলে ৮ রান নেন তিনি।
বছর ঘোরার আগেই ভিন্ন সংস্করণে ভিন্ন রূপে রিশাদ। দুবাইয়ে তার প্রথম ১০ বলে বাউন্ডারি মারতে পারেননি কোহলি, সব মিলিয়ে নিতে পারেন মাত্র ৫ রান। একাদশ ডেলিভারিতে শেকল ভাঙার চেষ্টায়ই ধরা পড়েন ফিল্ডারের হাতে।
এরপর তার প্রতিক্রিয়া জানা যায়নি। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সোমবার টিভি সাক্ষাৎকারে সেই সুখস্মৃতি রোমন্থন করেন রিশাদ।
"ভারত ম্যাচের (পারফরম্যান্সে) আমি খুশি। পরের ম্যাচে (নিউ জিল্যান্ডের বিপক্ষে) নিজের সেরাটা চেষ্টা করব। ভিরাট কোহলির উইকেট নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার স্বপ্নের উইকেট।"
লেগ স্পিনে বাংলাদেশের দীর্ঘ দিনের হাহাকার ও অভাব পূরণ করে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব রিশাদের। ২০২৩ সালে অভিষেকের পর থেকে সাদা বলের ক্রিকেটে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন তিনি।
দারুণ কার্যকর বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে মূল্যবান ইনিংস ও ফিল্ডিংয়ে ক্ষিপ্রতার ছাপ রেখে দলের জন্য পরিপূর্ণ প্যাকেজে পরিণত হয়েছেন তিনি।
কিউইদের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে নামার আগে আরও একবার মাঠে নিজের সেরাটা দিয়ে ম্যাচ জেতার আশাবাদা জানান রিশাদ।
"লেগ স্পিনারদের কাজ খুব কঠিন। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি এবং দেশকে শতভাগ দিতে চাই। আমি শতভাগ চেষ্টা করব। আমার মনে হচ্ছে, ইনশাল্লাহ আজকে আমরা জিতব।"
"আমার মনে হয়, আমাদের ক্রিকেটাররা খুব ভালো ছন্দে ও হাসিখুশি আছে। তাদের (নিউ জিল্যান্ড) হারানোর চেষ্টা করব।"
