সিলেটকে হারিয়ে শীর্ষ দুইয়ে জায়গা পাকা রাজশাহীর
আশা জাগিয়েও পারলেন না মইন আলি, শেষের রোমাঞ্চে জিতল নাজমুল হোসেন শান্তর দল।
রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংসের ত্রয়োদশ ওভারে স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল, দর্শক উপস্থিতি ২০ হাজার ৮৯২। সেই সংখ্যা অনেকটাই কমে গেল রাজশাহীর ইনিংস শেষ হতে না হতেই। শক্ত ভিতে দাঁড়িয়ে বড় পুঁজি গড়তে পারল না তারা। তবে সেটিকেই যথেষ্ট করে তুললেন তাদের বোলাররা। সিলেট টাইটান্সকে হারিয়ে শীর্ষ দুইয়ে থেকে বিপিএলের প্রাথমিক পর্ব শেষ করা নিশ্চিত করল নাজমুল হোসেন শান্তর দল।
ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর জয় ৫ রানে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২০ ওভারে রাজশাহী করে ১৪৭ রান। জবাবে ১৪২ পর্যন্ত যেতে পারে সিলেট।
জয়ের জন্য শেষ ২ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ২৫ রান। ১৯তম ওভারে রিপন মন্ডলের প্রথম দুই বলে দুটি ছক্কা মেরে সমীকরণ ১০ বলে ১৩ রানে নামিয়ে আনেন মইন আলি। তবে ঘুরে দাঁড়িয়ে বাকি চার বলে কেবল ২ রান দিয়ে মইন (১২ বলে ২৭) ও নাসুম আহমেদকে ফেরান রিপন।
শেষ ওভারে দুটি ওয়াইডের পরও কেবল ৫ রান দিয়ে একটি উইকেট নেন বিনারা ফার্নান্দো।
রাজশাহীর হয়ে পাঁচ জন হাত ঘুরিয়ে উইকেট পান সবাই। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার পেসার রিপন।
৯ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চূড়ায় উঠেছে রাজশাহী। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম রয়্যালস দুইয়ে, ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে সিলেট। প্রাথমিক পর্বে সিলেটের শেষ ম্যাচ ছিল এটিই। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে আছে রংপুর রাইডার্স।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে মইন আলিকে চার মারলেও, ইনিংস টেনে নিতে পারেননি তানজিদ হাসান (৭ বলে ৯)। চতুর্থ ওভারে রুয়েল মিয়াকে পুল করে ম্যাচের প্রথম ছক্কা মারেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। এক বল পরই শর্ট থার্ডম্যানে ক্যাচে দিয়ে বিদায় নেন পাকিস্তানের এই ব্যাটসম্যান (১২ বলে ১৩)।
নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম উইকেটে যাওয়ার পর থেকে খেলতে থাকেন দারুণ সব শট।
রুয়েলকে পরপর দুটি চার মারেন মুশফিক, শান্ত টানা দুটি বাউন্ডারি পেয়ে যান শহিদুল ইসলামের বলে। পরে মেহেদী হাসান মিরাজকে ছক্কায় গ্যালারিতে বল পাঠান তিনি। সেই বল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় দর্শকদের মাঝে। আরেক স্পিনার নাসুম আহমেদকে হাঁটু গেঁড়ে ছক্কায় ওড়ান মুশফিক।
মিরাজকে রিভার্স সুইপের চেষ্টায় এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। পাঁচ চার ও এক ছক্কায় ২২ বলে ৩৪ রান করেন তিনি। থামে ইনিংসের একমাত্র পঞ্চাশোর্ধ জুটি (৩২ বলে ৫৬)।
দ্বাদশ ওভারের প্রথম বলে জিমি নিশামের ছক্কায় রাজশাহীর সংগ্রহ ছাড়িয়ে যায় শতরান। বিস্ময়করভাবে পরের ৪৩ বলে আসেনি আর কোনো বাউন্ডারি!
ওই ওভারেই আরেকটি ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন নিশাম (১০ বলে ১২)। রিভার্স সুইপের চেষ্টায় সহজ ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। আকবর আলি দ্রুত বিদায় নেন লং-অফে নাসুমের দারুণ ক্যাচে। রায়ান বার্লের ১৬ বলে ৯ রানের ভোগান্তি শেষ হয় বোল্ড হয়ে।
শেষ ওভারে আব্দুল গাফফার সাকলাইনের চার ও ছক্কায় দেড়শর কাছে যেতে পারে রাজশাহী।
রান তাড়ায় প্রথম ওভারে অফ স্পিনার মোহাম্মদ রুবেলকে ছক্কা মারেন পারভেজ হোসেন ইমন। তৃতীয় ওভারে আক্রমণে এসে আরেক ওপেনার তাওফিক খানকে ফেরান রিপন মন্ডল। টিকতে পারেননি মিরাজও।
১৫ রানে ২ উইকেট হারানোর পর পারভেজ ও মুমিনুল হকের জুটিতে এগিয়ে যায় সিলেট। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে চলছিলেন পারভেজ। ছক্কা মারেন তিনি আরও তিনটি।
পানি-পানের বিরতির পর রুয়েলকে সুইপ করার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে যান তিনি। ২ চার ও ৪ ছক্কায় ৩০ বলে ৪১ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। থামে ৪৯ রানের জুটি।
আফিফ হোসেন ভালো করতে পারেননি (১৫ বলে ১৬)। পরের ওভারে বিদায় নেন মুমিনুলও। ২০২২ সালের পর প্রথমবার বিপিএলে খেলতে নেমে ৩৬ বলে ৩১ রান করেন তিনি।
ইথান ব্রুকস দ্রত বিদায় নিলেও আশা বাঁচিয়ে রাখে মইন; কিন্তু ম্যাচ নাগালে নিয়ে এসেও পারেননি ইংলিশ অলরাইন্ডার।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৪৭/৮ (সাহিবজাদা ১৪, তানজিদ ৯, শান্ত ৩৪, মুশফিক ৪০, নিশাম ১২, বার্ল ৯, আকবর ২, সাকলাইন ১৬*, রিপন ৭, রুবেল ০*; মইন ৪-০-১৬-১, সালমান ৩-০-১৫-০, শহিদুল ৪-০-৩৭-২, রুয়েল ২-০-২০-১, নাসুম ৪-০-৩০-২, মিরাজ ৩-০-২৮-১)
সিলেট টাইটান্স: ২০ ওভারে ১৪২/৯ (তাওফিক ৪, পারভেজ ৪১, মিরাজ ১, মুমিনুল ৩১, আফিফ ১৬, মইন ২৭, ব্রুকস ১, শহিদুল ১১*, নাসুম ২, রুয়েল ১; রুবেল ৪-০-২৬-১, বিনুরা ৪-০-২০-২, রিপন ৪-০-৩৪-৪, সাকলাইন ৪-০-২৬-১, নিশাম ৪-০-৩৫-১)
ফল: রাজশাহী ৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রিপন মন্ডল
