২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯ রানে দাঁড়িয়ে ‘টেনশনে’ ছিলেন লিটন

৯৯ রানে অপরাজিত রয়ে যাওয়ার শঙ্কা পেয়ে বসেছিল লিটন কুমার দাসকে।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 08:47 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

বল কাভারে পাঠিয়ে দ্রত ছুটলেন লিটন কুমার দাস। তার ইচ্ছে ছিল দুই রান নেওয়ার। কিন্তু নিতে পারলেন এক রান। অন্য প্রান্তে গিয়ে হতাশার ভঙ্গি ফুটে উঠল তার মুখে। যে শঙ্কা তিনি করছিলেন, সেটিই বাস্তবতার রূপ নিল একটু পর। এলবিডব্লিউ হয়ে গেলেন শরিফুল ইসলাম। লিটনের রান তখন ৯৯, বাংলাদেশের উইকেট বাকি একটি। সেঞ্চুরি কি তাহলে হবে না!

নাহ, তেমন কিছু হয়নি। শরিফুলকে আম্পায়ার আউট দিলেও তিনি টিকে গেছেন রিভিউ নিয়ে। সাজিদ খানের ওই ওভারটিও কাটিয়ে দিয়েছেন নির্বিঘ্নে। তবে লিটনের অপেক্ষা তখনই শেষ হয়নি। ওই ওভার শেষে পানি পানের বিরতি দেন আম্পায়ার। অবশেষে বিরতির পর দ্বিতীয় বলে বাউন্ডারিতে লিটন পূরণ করেন সেঞ্চুরি।

লিটন যদি ৯৯ রানে আটকে থাকতেন, তাহলেও ইনিংসটি অসাধারণই থাকত। তবে সেঞ্চুরি তো সেঞ্চুরিই! 

শেষ পর্যন্ত ১২৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। সিলেট টেস্টের প্রথম দিনে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছে ২৭৮ রান।

দিনের খেলা শেষে লিটন বললেন, সেঞ্চুরির আগে ওই সময়টায় দুর্ভাবনায় পড়ে গিয়েছিলেন তিনি।

“অনেক টেনশনে ছিলাম তখন… বিশেষ করে যখন শরিফুলের পায়ে লেগেছে। আমি ওকে বারবার বলছিলাম সামনে খেলার জন্য. কারণ ও তো অনেক লম্বা, ব্যাক অব লেংথে গেলে এই বলটা পায়ে লাগার চান্স বেশি। তবে ও শেষ পর্যন্ত খুব ভালো সাপোর্ট দিয়েছে।”

১১৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটনের সঙ্গে টানা তিনটি ভালো জুটি হয়েছে যাদের, তিনজনই বাঁহাতি ব্যাটসম্যান। এক প্রান্ত থেকে তাই অফ স্পিনার সাজিদ খানকে টানা বোলিং করিয়েছেন পাকিস্তান অধিনায়ক। লিটন শোনালেন সেসময় কীভাবে তিনি আড়াল করেছেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে।

“আমাদের টেলএন্ডারগুলো তো এতটা ভালো নয় যে আমি আত্মবিশ্বাস নিয়ে ওদেরকে (স্ট্রাইক) দিতে পারব ছয় বলের জন্য। একজনকে দিয়েছিলাম, সে প্রথম বলে আউট হয়ে গেছে, ওর পরে আমরা নিজেরা সতর্ক হয়ে গেছি যে, আমারই খেলতে হবে, ওদেরকে যত কম দেওয়া যায় (স্ট্রাইক)—এক বা দুই বল।”