ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে পাকিস্তান অধিনায়কের শাস্তি
জরিমানা করার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে ফাতিমা সানাকে।
উইমেন’স এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাজেভাবে হারের পর, শাস্তিও পেলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে।
দুবাইয়ে গত শনিবার ৫৬ রানের লক্ষ্য তাড়ায় ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা এটি। বোলার সানা নিজেই ফিরতি ক্যাচ নিয়ে আউট করেন ভারতের ওপেনার শেফালি ভার্মাকে। ক্যাচটি ধরার পর উদযাপনের সময় প্রতিপক্ষের ব্যাটারকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত করেন তিনি।
আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের দায়ে সানার শাস্তির কথা সোমবার জানায় আইসিসি। এই ধারায় বলা হয়েছে, “আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যা তাকে অপমান করে, অথবা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে তাকে উস্কে দিতে পারে।”
সানা অপরাধ স্বীকার করে নেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন; আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ছোট লক্ষ্য তাড়ায় ভারত ম্যাচটি জিতে নেয় ৭ উইকেটে। ভারতের ৩টি উইকেটই নেন সানা।
