৫ বছরের জন্য বিপিএল দল, থাকতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজিও
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের দ্বাদশ আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়ে কিছু নতুন পরিকল্পনা সাজিয়েছে বিসিবি।
‘সবার প্রশ্ন শুনে মনে হচ্ছে, বিপিএল অনেক জনপ্রিয়’- সংবাদ সম্মেলনে দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে একের পর এক প্রশ্ন শুনে এক পর্যায়ে কিছুটা অবাক হয়েই বললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড প্রধানের কথার আগে বিপিএল নিয়ে নতুন কিছু পরিকল্পনার কথা শোনান তার পাশেই বসা বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান।
অনেক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়ে শেষ হয় বিপিএলের সবশেষ আসর। পরবর্তী আসরে সব কিছু ঠিকঠাক করতে বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন কাঠামোতে পাঁচ বছর মেয়াদে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব। এত বছর ধরে চলে আসা নীতি থেকে সরে এসে এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজিরও সুযোগ থাকবে বিপিএলে অংশ নেওয়ার।
প্রায় ৬ ঘণ্টার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিপিএলের দ্বাদশ আসরের সম্ভাব্য সময়সূচির ঘোষণা দেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার।
"বিপিএলের টাইমফ্রেম ঠিক করা হয়েছে, ডিসেম্বর-জানুয়ারি। বিপিএল নিয়ে অনেক সমালোচনা ছিল গত আসরে, এর আগের আসরেও। তাই সিদ্ধান্ত হয়েছে, অন্যান্য দেশে যেমন প্রখ্যাত স্পোর্টস এজেন্সিকে দায়িত্ব দেয়, আইপিএল বলেন বা পিএসএল বলেন, তারাই কাজটা করে। এবার বিপিএলও আমরা এমন এজেন্সিকে দিয়ে করাব।"
বিপিএলের সবশেষ চক্রে ফ্র্যাঞ্চাইজিগুলো দলের মালিকানা পেয়েছিল ৩ বছরের জন্য। গত আসর দিয়ে শেষ হয়েছে সেই চক্রের মেয়াদ। পরবর্তী চক্রে মালিকানার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
"বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো কমপক্ষে ৫ বছরের জন্য দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করে আর্থিক মডেল তৈরি করা হবে। আগের মতো থাকবে না। রেভিনিউ শেয়ারিং বা সব কিছু স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে নতুন মডেল তৈরি করা হবে।"
সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকবার বোর্ডের সব কাজে স্বচ্ছতার কথা জোর দিয়ে বলেছেন আমিনুল। তা নিশ্চিত করতে এবার বিপিএল আয়োজনের কমিটিতে বোর্ডের বাইরে থেকে বিশেষজ্ঞ নেওয়া হবে জানান ইফতেখার।
"বিপিএল নিয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্ত, আগে কখনও হয়নি। বিপিএল নিয়ে স্বচ্ছতা নিশ্চিতের জন্য (বোর্ডের) বাইরের লোককে দায়িত্ব দেওয়া হবে। আমরা যেন একদম ক্লিন ইমেজ নিয়ে শেষ করতে পারি, স্বচ্ছতা যেন থাকে। তাই বিপিএল কমিটিতে নানা ডিসিপ্লিনের বিশেষজ্ঞ হিসেবে বাইরের লোকও নেওয়া হবে।"
জাতীয় নির্বাচনের জন্য সম্ভাব্য সময় হিসেবে আগামী ফেব্রুয়ারির কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ঠিক আগে বিপিএল আয়োজনে দেখা দিতে পারে নিরাপত্তা শঙ্কা। তবে ইফতেখার জানিয়েছেন, সরকারের সবুজ সঙ্কেত পেয়েছেন তারা।
"সব কিছু (জাতীয় নির্বাচনজনিত নিরাপত্তাশঙ্কা) মাথায় রেখেই জানুয়ারি ও ডিসেম্বরের মধ্যে এই বিপিএলটা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারিখ ঠিক করা হয়নি। তবে এই উইন্ডোতেই হবে বিপিএল।"
বিপিএলে এর আগে কখনও দেখা যায়নি বিদেশি ফ্র্যাঞ্চাইজি। তবে সামনের আসর থেকে সবার জন্য দুয়ার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
"(বিপিএল ফ্র্যাঞ্চাইজি) সবার জন্য উন্মুক্ত। ক্রাইটেরিয়া আমরা ঠিক করে নিই, আমাদের যে অভিজ্ঞতা আছে এবং যারা (এজেন্সি) এসব আগে সফলভাবে করেছে, তাদের পরামর্শ সহকারে একটা ক্রাইটেরিয়া ঠিক করা হবে। তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই ক্রাইটেরিয়া পূরণ করলে, আমাদের সরকারের নীতিমালা সব কিছু ঠিক থাকলে তারা (বিদেশি ফ্র্যাঞ্চাইজি) দল নিতে পারবে।"
