বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে হেরে নাঈম-সৌম্যদের বিদায়
বাংলাদেশ 'এ' দলকে হারিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত 'এ'।
প্রতিপক্ষকে নাগালের মধ্যে রাখলেন বোলাররা। রান তাড়ায় ওপেনাররাও করলেন ভালো শুরু। কিন্তু পরের ব্যাটসম্যানরা পারলেন না নিজেদের কাজটা ঠিকঠাক করতে। ভয়াবহ ব্যাটিং ধসে ভারত 'এ' দলের কাছে হেরে গেল বাংলাদেশ 'এ' দল।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমি-ফাইনালে ৫১ রানে জিতেছে ভারত। ২১২ রানের লক্ষ্যে ৩৪.২ ওভারে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬০ রানে।
দুই দলের ক্রিকেটারদের শরীরী ভাষায় উত্তাপ ছড়ানো ম্যাচে পার্থক্য গড়ে দেন ভারতের দুই বাঁহাতি স্পিনার নিশান্ত সিন্ধু ও মানাভ সুথার। লিস্ট 'এ' ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন সিন্ধু। মানাভ ধরেন ৩টি শিকার।
বোলিং না করলেও বড় পার্থক্য গড়ে দেন নিকিন জোস। চারটি ক্যাচ নেন তিনি, এর মধ্যে তিনটি ছিল দুর্দান্ত।
টার্নিং উইকেটে রান তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে ৭ ওভারে পঞ্চাশ রান তুলে ফেলে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান।
এরপর বাকিরা আর তেমন কিছু করতে না পারায় ৯০ রানের মধ্যে ১০ উইকেট হারিয়ে বিদায় নেয় বাংলাদেশ।
হার্শিত রানার করা ইনিংসের প্রথম ওভারেই ৪টি চার মারেন নাঈম। প্রথম পাওয়ার প্লেতে আসে ৬০ রান।
ত্রয়োদশ ওভারে আক্রমণে এসে উদ্বোধনী জুটি ভাঙেন মানাভ। অফ স্টাম্পের অনেক বাইরের বল দূর থেকে ড্রাইভ করে গিয়ে স্টাম্পে টেনে আনেন নাঈম। ৬ চারে ৪০ বলে তিনি করেন ৩৮ রান।
আরেক ওপেনার তানজিদ ৫৩ বলে ফিফটি স্পর্শ করেন। টুর্নামেন্টে চার ম্যাচে তার তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। অবশ্য বেশি দূর যেতে পারেননি তিনি। মিড অফে সামনে লাফিয়ে দারুণ ক্যাচ নেন জোস।
এরপর বাংলাদেশের আর কেউই উইকেটে থিতু হতে পারেননি।
মানাভের বল সুইপ করার চেষ্টায় জাকির হাসান এলবিডব্লিউ হন আম্পায়ারের সংশয়পূর্ণ সিদ্ধান্তে। এরপর সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয় জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু সফল হননি তারা। অধিনায়ক সাইফ ছটফট করতে করতে উইকেট বিলিয়ে আসেন দায়িত্বজ্ঞানহীন শটে।
সৌম্য সরকারের আউট নিয়ে মাঠে দেখা দেয় উত্তেজনা। ইউভরাজসিনের বল অনসাইডে খেলার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি তিনি। এলবিডব্লিউর আবেদনে সাড়া মেলেনি। তবে ফিল্ডার জোস স্লিপে দারুণভাবে বল হাতে জমানোর পর ক্যাচ আউট দেন আম্পায়ার।
সৌম্যর মুখের ওপর এসে উদযাপন শুরু করেন রানা। সৌম্যও জবাব দেন। কিছুটা উত্তপ্ত হয় পরিস্থিতি। পরে আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠ ছেড়ে যান সৌম্য।
পরে আকবর আলি, শেখ মেহেদি হাসানরাও পারেননি হাল ধরতে। এক প্রান্তে দাঁড়িয়ে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল দেখেন জয়। নবম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন ৪৬ বলে ২০ রান করে। জয়কে আউট করেই পাঁচ উইকেট পূর্ণ করেন সিন্ধু।
ম্যাচের প্রথম ভাগে টস জিতে ফিল্ডিং নিয়ে ম্যাচের শুরুটাও বেশ ভালো করে বাংলাদেশ দল। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আটকে রাখেন মেহেদি, রিপন মন্ডল, তানজিম হাসানরা। পঞ্চাশ ছুঁতে পঞ্চদশ ওভার পর্যন্ত খেলতে হয়ে ভারতকে।
অষ্টম ওভারে ব্রেক থ্রু দেন তানজিম। অনেকটা লাফিয়ে দারুণ ক্যাচে সাই সুদর্শনকে ফেরান আকবর আলি। শুরুর চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন অভিষেক ও জোস।
অবশ্য দলের রান পঞ্চাশ ছোঁয়ার আগেই ফিরতে পারতেন জোস। চতুর্দশ ওভারে রকিবুল হাসানের টার্নে পরাস্ত হন তিনি। ক্ষিপ্রতায় বেলস ফেলে দেন কিপার আকবর। লম্বা সময় ধরে রিপ্লে দেখে প্রথমে আউটের লাল বাতি জ্বালান থার্ড আম্পায়ার। তবে ব্যাটসম্যানকে তখনই মাঠ ছাড়তে দেননি আম্পায়ার। কিছুক্ষণ পর অবাক করে দিয়ে জ্বলে ওঠে সবুজ বাতি।
প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে টিকে গেলেও বড় কিছু করতে পারেননি জোস। সাইফের বলে জাকিরের দারুণ ক্যাচে তিনি আউট হন ১৯ রানে।
শুরুর মন্থর ব্যাটিংয়ের খোলস থেকে বেরোনোর চেষ্টায় রকিবুলের বলে লং অফে ক্যাচ দেন ৬৩ বলে ৩৪ রান করা অভিষেক। একশর আগে ফেরেন সিন্ধুও।
এরপর রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রানাদের বেশিক্ষণ টিকতে দেননি তানজিম, মেহেদিরা। দেড়শর আগে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
অষ্টম উইকেটে মানাভকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন ইয়াশ ঢুল। জাকিরের সরাসরি থ্রোয়ে ভাঙে ৪১ রানের এই জুটি।
এরপর দলকে দুইশ পার করান ঢুল। শেষ ওভারে ইনিংস গুটিয়ে যাওয়ার আগে ভারত অধিনায়ক ৬ চারে খেলেন ৮৫ বলে ৬৬ রানের ইনিংস। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
একই মাঠে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রথম সেমি-ফাইনালে স্বাগতিকদের ৬০ রানে হারায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত 'এ' দল: ৪৯.১ ওভারে ২১১ (সুদর্শন ২১, অভিষেক ৩৪, জোস ১৭, ঢুল ৬৬, সিন্ধু ৫, পরাগ ১২, জুরেল ১, রানা ৯, মানাভ ২১, হাঙ্গারগেকার ১৫, ইউভরাজসিন ০*; মেহেদি ১০-০-৩৯-২, রিপন ৬.১-০-২৯-১, তানজিম ৯-১-৫৮-২, সাইফ ১০-১-২৯-১, রাকিবুল ১০-০-৩৬-২, জয় ২-০-৯-০, সৌম্য ২-০-৮-১)
বাংলাদেশ 'এ' দল: ৩৪.২ ওভারে ১৬০ (নাঈম ৩৮, তানজিদ ৫১, জাকির ৫, সাইফ ২২, জয় ২০, সৌম্য ৫, আকবর ২, মেহেদি ১২, রকিবুল ০, তানজিম ০*, রিপন ৫; রানা ১-০-১৬-০, ইউভরাজসিন ৭-০-৩৫-১, হাঙ্গারগেকার ৩-০-১৯-০, পরাগ ৪-০-১৭-০, মানাভ ৮.২-০-৩২-৩, সিন্ধু ৮-০-২০-৫, অভিষেক ৩-০-২১-১)
ফল: ভারত 'এ' দল ৫১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইয়াশ ঢুল
