২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পরশ নিয়ে সিরিজ জয়ের লড়াইয়ে

প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর সিরিজের বাকি দুটি ম্যাচও জিততে চান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 08:31 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

টিম হোটেলের লবিতে দেখা গেল নিউ জিল্যান্ডের বেশ কজন ইতিউতি ঘুরছেন, বসে আড্ডা দিচ্ছেন কেউ কেউ। নিউ জিল্যান্ড দলের মিডিয়া ম্যানেজার ক্যালাম কার্নোর সঙ্গে দেখা হতেই তার ফোনে একটি ছবি দেখিয়ে বললেন, “সকাল ১১টাতেই এরকম আঁধার নেমে এসেছিল চারপাশে। এরপর তো তুমুল বৃষ্টি! আমাদের দলের যাদের মাঠে যাওয়ার কথা ছিল, প্রচণ্ড বৃষ্টিতে ঘণ্টাখানেক পরে যেতে হয়েছে ওদের…।”

নিউ জিল্যান্ড দলের ঐচ্ছিক অনুশীলন ছিল মঙ্গলবার দুপুর ১২টায়। স্রেফ তিনজন ক্রিকেটার গিয়েছিলেন। বৃষ্টির কারণে ইনডোরেই সীমাবদ্ধ তাদের ব্যাট-বলের তুকতাক। অনুশীলন কিছুটা ব্যহত হলেও এই বৃষ্টিতে দারুণ স্বস্তিই পাওয়ার কথা কিউইদের। তীব্র গরম থেকে তো আপাতত মুক্তি মিলল!

বৃষ্টিই এ দিন চট্টগ্রামের সবচেয়ে আলোচিত ঘটনা। শহরের অনেক রাস্তা ডুবে গেছে, অনেক মানুষেরই পথে দুর্ভোগে পড়তে হয়েছে। তার পরও সব ছাপিয়ে স্বস্তি পাওয়ার কথা সবারই। গত কিছুদিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি ছিল অনেকটাই কাঙ্ক্ষিত।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের জন্য এই বৃষ্টি অনেকটা আশীর্বাদের মতোই। অনেক দিন ধরেই পর্যাপ্ত পানি না পেয়ে মাঠের ঘাসের প্রাণ ছিল ওষ্ঠাগত প্রায়। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে কিছু পানি মিললেও যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। এই বৃষ্টি সেখানে প্রাণের ছোঁয়া আনবে আপাতত।

বাংলাদেশ দলের অনুশীলন ছিল না এ দিন। বৃষ্টিতে তাই পরিকল্পনার কোনো ব্যাঘাত ঘটেনি। আবহাওয়া একটু শীতল হওয়ায় একটু আরাম পাওয়ার কথা তাদেরও। জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে পারায় দল এমনিতেও অবশ্য ফুরফুরে আছে। 

বিশেষ করে জয়টা যেভাবে ধরা দিয়েছে, দেশের মাঠে রান তাড়ার রেকর্ড গড়া, প্রথম ৯ ওভারে ৬৬ রান থেকে পরের ৯ ওভারে ১১৯ রান তোলা, দলের আত্মবিশ্বাস পোক্ত করেছে এই জয়। তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেনের পাল্টা আক্রমণ আর দুঃসাহী কিছু শটে মিশে ছিল এই দলের খেলার ধরনের বার্তাও। ম্যাচের পর অধিনায়ক লিটন কুমার দাস সামাজিক মাধ্যমে বলেছিলেন সেটিই, “ম্যাচটি আমাদের পক্ষে গেছে, আর আমরা এই ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে চাই।”

হৃদয়, পারভেজ ও শামীমের কথা আলাদা করেই উল্লেখ করেন লিটন। পাশাপাশি বোলারদের অবদানের কথাও তিনি বলেন। আপাতত জয়টা ব্যাটসম্যানদের সৌজন্যে এসেছে মনে হলেও বোলারদের কিছু কৃতিত্বও ছিল বটে। বিশেষ করে, প্রথম ১০ ওভারের পর তারা ঘুরে দাঁড়ায় বেশ ভালোভাবেই। 

বিসিবির ভিডিও বার্তায় অফ স্পিনার শেখ মেহেদি হাসান তুলে ধরলেন বোলারদের ভূমিকার কথাই, বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্স।

“যদি উইকেট ঠিকঠাক পড়া যায়, তাহলে আমি বলব বোলিংয়ের দিক থেকে আমরা নিউ জিল্যান্ডের চেয়ে ভালো করেছি। গত এক বছর বা দেড় বছরে স্পিনাররা সত্যিই দাপুটে পারফরম্যান্স করে আসছে। এমনকি বিদেশের কন্ডিশনেও স্পিনাররা ভালো করেছে, রিশাদ, নাসুম, আমি, যে সুযোগ পাচ্ছে, ভালো করছে। স্পিনারদের ভূমিকা এখানে সবসময়ই বড়।”

“তবে এটা সহজ নয়, চ্যালেঞ্জ সবসময়ই থাকে। কখনো ভালো যায়, কখনো খারাপ যায়—এটাই ক্রিকেট। এখান থেকেই সবাই শেখে।”

প্রথম ম্যাচের একাদশ থেকে ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দ্বিতীয় ম্যাচে। স্পিন আক্রমণেও রিশাদ ও শেখ মেহেদিই থাকবেন নিশ্চিতভাবে। কোনো পরিবর্তন আনা হলে, সেটি হতে পারে কেবল পেস আক্রমণেই। 

জাতীয় দলের হয়ে প্রথম খেলতে নেমে পেসার রিপন মন্ডল ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য থাকে। তবে দারুণ কয়েকটি ইয়র্কার তার হাত থেকে বেরিয়েছে এ দিন। শেষ ওভারে তো দুর্দান্ত বোলিং করেছেন। শরিফুল ইসলাম ও তানজিম হাসানের একজনের বদল মোহাম্মদ সাইফ উদ্দিনকে খেলানোর একটা ভাবনা থাকতে পারে দলের। দ্বিতীয় ম্যাচে সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে মিরপুরে আব্দুল গাফগাফার সাকলাইনকে বাজিয়ে দেখা হতে পারে। 

নিউ জিল্যান্ড চাইবে প্রথম ম্যাচে চোটের কারণে না খেলা অধিনায়ক টম ল্যাথামকে দ্বিতীয় ম্যাচে ফিরে পেতে। পরিবর্তন আসতে পারে তাদের পেস আক্রমণেও। প্রথম ম্যাচে অভিষেকে ১ ওভারে ২৫ রানসহ ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন ম্যাট ফিশার।  

প্রথম ম্যাচে পরাজয়ের পর ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি বলেছিলেন, এই ম্যাচের শিক্ষাগুলো কাজে লাগিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়বেন তারা। লিটন দাসের লক্ষ্য অবশ্য পরিষ্কার, শুধু সিরিজ জয় নয়, জিততে চান তিন ম্যাচই। প্রথম ম্যাচে জয়ের পর তিনি বলেছেন, “আরও দুটি ম্যাচ জিততে হবে, চলো কাজটা শেষ করি…।”