২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ 'টাই', সুপার ওভার 'টাই', রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতের জয় দ্বিতীয় সুপার ওভারে

রান বন্যার ম্যাচে স্মরণীয় জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না আফগানিস্তান।

ম্যাচ 'টাই', সুপার ওভার 'টাই', রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতের জয় দ্বিতীয় সুপার ওভারে

ঘটনাবহুল ম্যাচে বারবার মোড় বদলের নাটকীয় লড়াই শেষে রোহিত-কোহলিদের মুখে জয়ের হাসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 12:05 AM

Updated : 18 Jan 2024, 02:51 AM

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য গড়াল শেষ ওভারে। মুকেশ কুমারের এলোমেলো বোলিং আর গুলবাদিন নাইবের দারুণ ব্যাটিংয়ে ম্যাচ হলো ‘টাই’। এরপরেও রোমাঞ্চ, উত্তেজনা ও নাটকীয়তার কোনো কমতি থাকল না! ‘টাই’ হলো যে সুপার ওভারও! আরেকটি সুপার ওভারে অবশেষে আলাদা করা গেল দুই দলকে। লেগ স্পিনার রাভি বিষ্ণইয়ের দারুণ বোলিংয়ে আফগানিস্তানের হৃদয় ভাঙল ভারত।

বেঙ্গালুরুতে বুধবার তৃতীয় টি-টোয়েন্টিতে মূল ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ১৯ রান। তারা করতে পারে ১৮। ভারতের ২১২ রানের জবাবে তাদের স্কোরও ২১২।

প্রথম সুপার ওভারে আফগানরা করে ১৬, ভারতও তাই।

দ্বিতীয় সুপার ওভারে প্রথম দুই বলে চার ও ছক্কার পরও ভারত করতে পারে স্রেফ ১১ রান।

আফগানিস্তান এবার লড়াই জমাতেই পারেনি। বিষ্ণইয়ের প্রথম বলের পর তৃতীয় বলেও উইকেট হারায় তারা। মাঝে করতে পারে স্রেফ ১ রান।

বিষ্ণই শেষের নায়ক হলেও ভারতের মূল নায়ক অধিনায়ক রোহিত শার্মা। টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচটি সেঞ্চুরির কীর্তি গড়ে ৬৯ বলে অপরাজিত ১২১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। সঙ্গে রিঙ্কু সিংয়ের ৩৯ বলে অপরাজিত ৬৯ রানের খুনে ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৪ রানের বিপর্যয় থেকে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় স্বাগতিকরা।

পরে প্রথম সুপার ওভারেও আজমাতউল্লাহ ওমারজাইয়ের তৃতীয় ও চতুর্থ বল ছক্কায় উড়িয়ে জয়ের সমীকরণ ২ বলে ৩ রানে নামিয়ে আনেন রোহিত। পরের বলে এক রান নেওয়ার পর স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান তিনি। যেটির কেতাবি নাম ‘রিটায়ার্ড আউট’।

মূলত ডাবল নেওয়ার ভাবনায় রোহিতের জায়গায় নন স্ট্রাইকে ব্যাটিংয়ে পাঠানো হয় রিঙ্কুকে। শেষ বলে ২ রানের প্রয়োজনে ইয়াশাসবি জয়সওয়াল অবশ্য ঠিকমতো ব্যাটে খেলতে পারেননি, বল যায় কিপারের কাছে, আসে ১ রান।

দ্বিতীয় সুপার ওভারেও রোহিত শুরুটা করেন ফারিদ আহমেদের প্রথম দুই বলে ছক্কা ও চার মেরে। কিন্তু রিঙ্কুর বিদায়ের পরের বলে রোহিতও রান আউট হয়ে গেলে ১১ রানেই থমকে যায় ভারত।

সেটিই যথেষ্ট হয় বিষ্ণইয়ের দারুণ বোলিংয়ে। এই স্পিনারের প্রথম বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ নাবি। পরের বলে আসে ১ রান। তৃতীয় বলে ক্যাচ তুলে দেন রহমানউল্লাহ গুরবাজ।

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এক ম্যাচে দুটি সুপার ওভার দেখা গেল। তিন ম্যাচের সিরিজ শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জিতে নিল ভারত।

Image

পঞ্চম উইকেটে ৯৫ বলে অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়েন রোহিত শার্মা ও রিঙ্কু সিং।

মূল ম্যাচে রান তাড়ায় গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে আফগানদের শুরুটা হয় দারুণ। পাওয়ার প্লেতে আসে ৫১ রান। ১০ ওভার শেষে তাদের রান ছিল বিনা উইকেটে ৮৫। এরপর দ্রুত ৩ উইকেট হারায় তারা।

গুরবাজকে (৩২ বলে ৫০) ফিরিয়ে ৯৩ রানের শুরুর জুটি ভাঙেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ। গুরবাজের মতো ইব্রাহিমও থামেন পঞ্চাশ ছুঁয়েই (৪১ বলে ৫০)। ওমারজাই ফেরেন শূন্য রানে।

এরপর উইকেটে গিয়ে ১৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে আফগানিস্তানের আশা বাঁচিয়ে রাখেন নাবি।

এ দিন ব্যাট হাতে ভালো করতে না পারলেও বাউন্ডারিতে দুর্দান্ত ফিল্ডিংয়ে ৫ রান বাঁচিয়ে দেন কোহলি। শেষ ২ ওভারে ৩৬ রানের প্রয়োজনে নাজিবউল্লাহ জাদরান চার মেরে শুরু করলেও দারুণ রানিং ক্যাচে এই ব্যাটসম্যানকে ফেরাতেও বড় ভূমিকা রাখেন ভারতীয় তারকা।

শেষ ৮ বলে দরকার যখন ২৬, আভেশ খানকে ছক্কায় ওড়ান গুলবাদিন। তিনে নামা এই ব্যাটসম্যান শেষ ওভারে মুকেশের দ্বিতীয় বলে মারেন চার। তার আগে-পরে দুটি ওয়াইড দেন ভারতের পেসার।

চতুর্থ বলে মুকেশকে ছক্কায় উড়িয়ে সমীকরণ ২ বলে ৫ রানে নামিয়ে আনেন গুলবাদিন। শেষ দুই বলে তার দুটি ডাবলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। ২৩ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

এর আগে হালকা ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৮ থেকে ৪ রানের মধ্যে ৪ উইকেট হারায় ভারত। জয়সওয়াল ও শিভাম দুবে মিলে ৫ রান করতে পারলেও কোহলি ও স্যামসন পান ‘গোল্ডেন ডাক’ এর তেতো স্বাদ।

আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে ভারতের হয়ে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডে সাচিন টেন্ডুলকারকে (৩৪ বার) ছাড়িয়ে গেলেন কোহলি (৩৫ বার)।

১৪ মাস পর এই সিরিজ দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ফিরে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত। সেই তিনিই এবার ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন, তাকে দারুণ সঙ্গ দেন রিঙ্কু। তাদের ব্যাটে চার-ছক্কা আসে প্রায় প্রতি ওভারেই। শেষ দিকে আফগান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান দুজন।

৪১ বলে পঞ্চাশ ছোঁয়ার পর রোহিত শতকে পা রাখেন ৬৪ বলে। করিম জানাতের শেষ ওভারে রেকর্ড ৩৬ রানসহ শেষ দুই ওভারে আসে ৫৮!

রোহিত ও রিঙ্কুর জুটির রান ৯৫ বলে ১৯০! এই সংস্করণে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি, আর ভারতের যে কোনো উইকেটেই সর্বোচ্চ।

দলীয়-ব্যক্তিগত রেকর্ড হয়েছে আরও বেশ কিছু। রেকর্ডময় ম্যাচে শেষটা হলো আরও রোমাঞ্চকর, নাটকীয়তায় ঠাসা। শেষ পর্যন্ত জয়ের হাসি যেখানে রোহিত-কোহলিদেরই।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২১২/৪ (জয়সওয়াল ৪, রোহিত ১২১*, কোহলি ০, দুবে, ১, স্যামসন ০, রিঙ্কু ৬৯*; ফারিদ ৪-০-২০-৩, ওমারজাই ৪-০-৩৩-১, কাইস ৪-০-২৮-০, সেলিম ৩-০-৪৩-০, শারাফউদ্দিন ২-০-২৫-০, জানাত ৩-০-৫৪-০)

আফগানিস্তান: ২০ ওভারে ২১২/৬ (গুরবাজ ৫০, ইব্রাহিম ৫০, গুলবাদিন ৫৫*, ওমারজাই ০, নাবি ৩৪, জানাত ২, নাজিবউল্লাহ ৫, শারাফউদ্দিন ৫*; মুকেশ ৪-০-৪৪-০, আভেশ ৪-০-৫৫-১, বিষ্ণই ৪-০-৩৮-০, ওয়াশিংটন ৩-০-১৮-৩, দুবে ২-০-২৫-০, কুলদিপ ৩-০-৩১-১)

ফল: ম্যাচ টাই, প্রথম সুপার ওভার টাই, দ্বিতীয় সুপার ওভারে জয়ী ভারত

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ভারত ৩-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রোহিত শার্মা

ম্যান অব দা সিরিজ: শিভাম দুবে