বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ দেখছেন পাকিস্তান অধিনায়ক
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পর এবার বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাসে টইটম্বুর সালমান আলি আগা। পাকিস্তান অধিনায়কের স্বপ্নে নতুন রঙে ছোঁয়া লেগেছে। এই সাফল্যকে সঙ্গী করে স্বপ্নের তুলিতে বিশ্বকাপ জয়ের ছবি আঁকছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বটেই, জয়ের ধরনও ছিল দেখার মতো। প্রথম ম্যাচেই কেবল কিছুটা লড়াই করতে পেরেছে অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচে তাদেরকে স্রেফ দুমড়েমুচড়ে ৯০ ও ১১১ রানে জিতেছে পাকিস্তান।
পাকিস্তানের ব্যাটসম্যানরা যেমন সিরিজজুড়ে ছিলেন দুর্দান্ত, তেমনি পাকিস্তানের স্পিনের সামনে চোখে সর্ষে ফুল দেখেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। তিন ম্যাচের একটিতেও অবিশ্বাস্যভাবে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ৪০ রানও ছুঁতে পারেননি। প্রথম ম্যাচে ১৪৬ রান করলেও পরের দুই ম্যাচে তারা গুটিয়ে গেছে ১০৮ ও ৯৬ রানে।
গত মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে সিরিজ ড্র করে ফিরেছে পাকিস্তান। নভেম্বরে দেশের মাঠে শিরোপা জিতেছে ত্রিদেশীয় সিরিজে। অক্টোবরে সিরিজ জিতেছে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এশিয়া কাপে ফাইনালে হারলেও তারা ট্রফি জিতেছে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টুর্নামেন্টে, সিরিজ জিতেছে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও।
ধারাবাহিক এই সাফল্যের পর ধরে অস্ট্রেলিয়াকে নাস্তানবুদ করার পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ জয়ের প্রত্যাশার কথা শোনালেন অধিনায়ক সালমান।
“আমরা যেমন ক্রিকেট খেলছি, ওখানে (বিশ্বকাপে) গিয়েও এভাবেই খেলতে চাই। ধারাবাহিক থাকতে চাই। এত বড় টুর্নামেন্টে গেলে ধারাবাহিকতা দেখিয়ে ক্রিকেট খেলতে হবে। পরিকল্পনাগুলো ৪০ ওভারজুড়েই বাস্তবায়ন করতে হয়। আমরা সেটিই অনুসরণ করার চেষ্টা করি। আমরা যদি প্রতিটি দিন নিয়মিত তা করতে পারি, তাহলে আমার মনে হয়, বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে আমাদের।”
“এই সিরিজে প্রায় প্রতিটি লক্ষ্য আমরা পূরণ করেছি। যে ধরনের মোমেন্টাম আমরা পেয়েছি… এত বড় দলকে এভাবে হারালে আত্মবিশ্বাস মেলে অনেক। আমরা অনেক আত্মবিশ্বাসী, সব ক্রিকেটার ফর্মেও আছে। আশা করি, ওখানে (বিশ্বকাপে) গিয়েও এটা ধরে রাখব ও যেটা আগেও বলেছি, বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ আছে আমাদের।”
বিশ্বকাপে সবগুলি ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবে পাকিস্তান। বুধবার প্রস্তুতি ম্যাচে খেলবে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে। মূল আসরে উদ্বোধনী দিনেই শনিবার তারা মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও ভারত। ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দিয়েছে তারা। অন্য ম্যাচগুলির পারফরম্যান্স তাই দারুণ গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য।
