প্রিটোরিয়াসের হাতে বল মারায় জিম্বাবুয়ে পেসারের শাস্তি
ভুল বুঝতে পেরে নিজের দায় মেনে নিয়েছেন কুন্ডাই মাতিগিমু।
ঘটনার পরপরই এমন কিছুর ধারণা করা হয়েছিল। হলোও তাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আচরণবিধি ভাঙার দায়ে জরিমানা গুনলেন জিম্বাবুয়ে পেসার কুন্ডাই মাতিগিমু।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির মঙ্গলবারের বিবৃতিতে মাতিগিমুকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার কথা জানানো হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
আপত্তিকর ঘটনাটি ঘটে বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন, গত রোববার। সফরকারীদের ইনিংসের ৭২তম ওভারে বোলার মাতিগিমুর দিকে শট খেলেন ব্যাটসম্যান লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। বল ধরে ফলো থ্রুতে স্টাম্প লক্ষ্য করে ছুড়ে মারেন মাতিগিমু, যা প্রিটোরিয়াসের কব্জিতে আঘাত করে।
আইসিসির আচরণবিধির লেভেল-১ ভেঙেছেন মাতিগিমু, যেখানে বলা আছে, “আন্তর্জাতিক ম্যাচ চলার সময় অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে কাছের কোনো খেলোয়াড়ের দিকে বল বা ক্রিকেটের কোনো বস্তু ছুড়ে মারা।”
ম্যাচটি দিয়ে টেস্ট অভিষিক্ত মাতিগিমু নিজের দায় ও শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচটিতে তিন দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় আছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে প্রতিপক্ষের ৫ উইকেটে করা ৬২৬ রানের জবাবে ১৭০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ফলো-অনে পড়ে ১ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে তারা।
