Published : 11 May 2026, 07:00 PM
চতুর্থ দিনে খেলা হলো মোটে ৪৮.৪ ওভারে। যে ওভারগুলো ভেসে গেল বৃষ্টিতে, সেখানে হয়তো মুছে গেল অনেক আশা ও সম্ভাবনার ছবিও। তারপরও অবশ্য জয়ের ছবি আঁকছে বাংলাদেশ। শেষ দিনে কীভাবে জিততে পারে দল, সেটির সম্ভাব্য একটি ছবি মেলে ধরলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
মিরপুর টেস্টের চতুর্থ দিনে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টি ও আলোকস্বল্পতার দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫২। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে তারা ১৭৯ রানে।
এখনও পর্যন্ত যা চিত্র, তাতে তিনটি ফলাফল সম্ভব এখনও। তবে বাস্তব সম্ভাবনা বেশি ড্রয়ের। বাংলাদেশ যদি পরাজয়কে সমীকরণের বাইরে ঠেলে দিতে নিরাপদ অবস্থানে যেতে চায়, তাহলে হয়তো গোটা প্রায় প্রথম সেশনই ব্যাট করতে হবে তাদেরকে। সেক্ষেত্রে জয়ের সম্ভাবনাও মিইয়ে আসবে অনেকটা।
দিন শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, বাংলাদেশ আরও দ্রুতগতিতে রান তুলতে পারত কি না। ওভারপ্রতি রান তুলেছে তারা তিন করে। তবে আশরাফুল একমত হলেন না এই ভাবনার সঙ্গে।
“ধীরগতিতে তো খেলেনি। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয়, আমি মনে করি যে আমরা ওভাবেই খেলছি। বৃষ্টিটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। নিয়ন্ত্রণের বাইরের ব্যাপার। আমি বলব, এখনও উইকেটে যে সহায়তা আছে, আমরা যদি কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে, এই ম্যাচ জেতা সম্ভব।”
শেষ দিনে খেলা শুরু হবে আগে। পুরো দিন খেলা হলে ৯৮ ওভার পাওয়া যাবে। এখানেই আশার আলো দেখছেন আশরাফুল।
“অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমাদের যে বোলিং আক্রমণ, বিশেষ করে আমাদের স্পিন আক্রমণ এবং ফাস্ট বোলিং আক্রমণ, আমরা যদি ৭০-৭৫ ওভার বল করতে পারি, কালকে যদি বৃষ্টি না হয়, ৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।”
“আমার মনে হয় যে ৭৫ ওভার যদি আমরা বল করতে পারি এবং ২৬০ বা এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় ওই রানে জেতা সম্ভব হবে।”
আশরাফুলের কথা তাত্ত্বিকভাবে ঠিক আছে বটে। তবে বাস্তবতা হলো, টেস্টের প্রথম চার দিনের কোনো দিনই পুরো ৯০ ওভারও খেলা হতে পারেনি আলোকস্বল্পতার কারণে। শেষ দিনে ৯৮ ওভার পুরো হওয়ার সম্ভাবনাও তাই ক্ষীণ।
ম্যাচ জিততে হলে প্রথম সেশনে দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি পরে অসাধারণ বোলিংও করতে হবে বাংলাদেশকে। আপাতত একটি আশার খবর, শেষ দিনে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা তেমন একটা নেই।