ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানে যুবাদের বড় হার
দ্বিতীয় যুব ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের বোলাররা পারেননি সেভাবে নিজেদের মেলে ধরতে। সেই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানের তিন ব্যাটসম্যান করলেন ফিফটি। দলকে এনে দিলেন আড়াইশর কাছাকাছি পুঁজি। রান তাড়ায় লড়াই-ই করতে পারল না সফরকারীরা। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় বড় হারের হতাশা সঙ্গী হলো তাদের।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় যুব ওয়ানডেতে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪২ রান করে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল স্রেফ ১১৪ রানে গুটিয়ে যায়।
তিন ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে ফিফটি উপহার দেন মোহাম্মদ তৈয়্যব আরিফ, শাহওয়াইজ ইরফান ও আরাফাত মিনহাস। তিন নম্বরে নামা তৈয়্যব রয়েসয়ে খেলে ৯৮ বলে করেন সর্বোচ্চ ৬৬ রান।
শাহওয়াইজ ও আরাফাত ছিলেন মারমুখী। ৩ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৫১ রান করেন শাহওয়াইজ। আরাফাত খেলেন ৮ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস। পরে বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেনে ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে কেউ স্পর্শ করতে পারেননি পঞ্চাশ। সর্বোচ্চ ৪২ রান করেন কিপার-ব্যাটসম্যান আশিকুর রহমান শিবলি। তার ৩৬ বলে ইনিংসে ছিল ৮টি চার। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন চার দিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শাহরিয়ার সাকিব (১৬) ও ইমন (১৩*)।
পাকিস্তানের হয়ে হাতে ৭ ওভারে তিন মেডেনসহ স্রেফ ২০ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ জিশান। আলি আসফান্দ ও আলি রাজার শিকার ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৫ ওভারে ২৪২/৮ (ফারুক ১৩, শাহজাইব ০, তৈয়্যব ৬৬, সাদ ১৩, উজাইর ১২, শাহওয়াইজ ৫১, আরাফাত ৫৭, আসফান্দ ১৯, জিশান ০, ইসমাইল ০*; ইমন ৯-১-৪৫-২, মারুফ ৯-০-৪৩-২, রাফি ৯-০-৩২-১, রিজওয়ান ৫-০-৩৬-১, পারভেজ ৯-০-৪৪-০, ওয়াসি ৪-০-৩৫-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৮ ওভারে ১১৪ (রিজওয়ান ৬, আশিকুর ৪২, জিসান ৬, শাহরিয়ার ১৬, আহরার ৪, শিহাব ১, পারভেজ ৬, ওয়াসি ১, রাফি ৮, মারুফ ৪, ইমন ১৩*; ইসমাইল ৬-০-২৭-১, আলি রাজা ৫-০-২৯-২, জিশান ৭-৩-২০-৩, আরাফাত ৫-০-২১-১, আসফান্দ ৫-০-১২-২)
ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১২৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আরাফাত মিনহাস
