২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রবিরতির পর দ্রুত আইপিএল শুরুর উদ্যোগ বিসিসিআইয়ের

বিদেশি খেলোয়াড়দের দ্রুত ফেরানোর উদ্যোগ নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 12:29 AM

Updated : 26 Aug 2026, 12:41 PM

পরিস্থিতি অনুকূলে আসায় দ্রুত তৎপর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত-পাকিস্তান সংঘাতে অস্ত্রবিরতি ঘোষণার পরপরই থমকে থাকা আইপিএল যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে তারা।

পাল্টাপাল্টি হামলার চার দিনের মাথায় যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তান। শনিবার বিকাল থেকে এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে দুই দেশের গত কয়েক দশকের সবচেয়ে বড় সংঘাতের ‘আপাতত’ ইতি ঘটে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শনিবার জানায়, ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের বিদেশি খেলোয়াড় ও কোচদের ফেরানোর চেষ্টা করছে। ভারত সরকারের অনুমতি সাপেক্ষে ১৫ মে এর আগে-পরে ফের মাঠে গড়াতে পারে আইপিএল।

সীমান্তে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়ে গেলে গত শুক্রবার এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করে ভারতীয় বোর্ড। ধারামশালায় গত ৮ মে ম্যাচের মাঝপথে বাতিল হয়ে যায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের লড়াই।

এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশি সদস্যদের ফেরত আনা। এদের একটি বড় অংশ ভারত ছেড়েছেন শনিবার। কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় ও কোচদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ফেরত আসার জন্য বলেছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের যাদের যাত্রাপথে ট্রানজিট ছিল, তাদের আপাতত পরবর্তী যাত্রা বাতিল করে অপেক্ষায় থাকতে বলা হয়েছে। রোববার ভারত ছাড়ার কথা এমন কোচদের একটি ফ্র্যাঞ্চাইজি যাত্রা বাতিল করতে বলেছে।

কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি আবার ভালো অবস্থায় আছে। গুজরাট টাইটান্সের কেবল দুইজন বিদেশি খেলোয়াড়- জস বাটলার ও জেরাল্ড কুটসিয়া ভারত ছেড়েছেন। দলটি তাদের ফেরানোর চেষ্টা করছে। 

বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি আশাবাদী, মে মাসে টুর্নামেন্ট ফের মাঠ গড়ালে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ফিরে আসবে। কিন্তু যদি টুর্নামেন্ট ২৫ মের পর পর্যন্ত গড়ায় তাহলে তাদের ফেরার কোনো নিশ্চয়তা নেই। সূচি অনুযায়ী সেদিন কলকাতায় ফাইনাল হওয়ার কথা। 

এর মূল কারণ দ্বি-পাক্ষিক সিরিজের কমিটমেন্ট। এর মধ্যে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচ শুরু হবে লর্ডসে, ১১ জুন। 

চলতি আসরে এখন পর্যন্ত শেষ হয়েছে ৫৭টি ম্যাচ। ৫৮তম ম্যাচটি হওয়ার কথা ছিল পাঞ্জাব ও দিল্লির মধ্যে, ৮ মে। প্রথম ইনিংসে ১০.১ ওভার খেলা হওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি বাতিল করা হয়। সেই ম্যাচ আবার হবে কী না, এখনও জানায়নি আইপিএল কর্তৃপক্ষ। 

এখনও ১২টি লিগ ম্যাচ ও চারটি প্লে অফ বাকি রয়ে গেছে। এই ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় তিন শহর বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে হতে পারে। সাতটি দল এখনও প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। এই লড়াই থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।