শুরুর আগেই শেষ স্টার্ক-স্টয়নিস-মার্শের ভারত সফর
তাদের বদলি হিসেবে দলে এসেছেন ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস ও শন অ্যাবট।
চোট তেমন গুরুতর নয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়া। তাই ভারত সফরের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই তিন জনকে।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদেরকে না পাওয়ার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী ২০, ২৩ ও ২৪ সেপ্টেম্বর হবে ম্যাচ তিনটি।
অগাস্ট-সেপ্টেম্বরের জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে গোড়ালির গাঁটের চোটে ছিটকে যান মার্শ। খেলতে পারেননি তিন ম্যাচ সিরিজের শেষ দুইটিতে।
পরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না অস্ট্রেলিয়ার গত বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা মার্শ। ওই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন স্টয়নিস। ছিটকে পড়েন তিনি তৃতীয় ও শেষ ম্যাচ থেকে।
সবশেষ ভারত সফরের আগ মুহূর্তে চোটের তালিকায় যোগ হলো স্টার্কের নাম। এই পেসার ভুগছেন হাঁটুর চোটে।
সিএ-এর বিবৃতিতে জানানো হয়েছে, তিন জনের কারোর চোট গুরুতর কিছু না হলেও সতর্কতার অংশ হিসেবে তাদেরকে নেওয়া হচ্ছে না ভারতে।
তিন জনের বদলি হিসেবে দলে যোগ করা হয়েছে ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস ও শন অ্যাবটকে।
ভারত সফর থেকে আগেই বিশ্রাম দেওয়া হয় অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারকে। তার বদলে সুযোগ দেওয়া হয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।
এরপর অক্টোবরের শুরুতে ঘরের মাঠে তারা পিঠাপিঠি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ অক্টোবর, সিডনিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
ভারত সফরের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, জশ ইংলিস, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড, কেন রিচার্ডসন, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস, শন অ্যাবট।
