ভারত-দক্ষিণ আফ্রিকা
Published : 21 Nov 2025, 08:37 PM
চোট কাটিয়ে আগেই পেশাদার ক্রিকেটে ফিরেছেন আনরিখ নরকিয়া। এবার জাতীয় দলের হয়ে মাঠে নামার পথে আরেক ধাপ এগিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে গতিময় এই পেসারকে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
ভারত সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার আলাদা দুটি দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বারবার ফিরে আসা স্ট্রেস ফ্র্যাকচারের কারণে লম্বা একটা সময় মাঠের বাইরে ছিলেন নরকিয়া। দক্ষিণ আফ্রিকায় চলমান টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট দিয়ে খেলায় ফেরেন তিনি। এখন পর্যন্ত ডলফিনসের হয়ে পাঁচ ম্যাচ খেলে নেন ৮ উইকেট।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর দক্ষিণ আফ্রিকার হয়ে আর কোনো ম্যাচ খেলেননি নরকিয়া। টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে তার শিকার ৫৩ উইকেট।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হয়তো দক্ষিণ আফ্রিকার পরিকল্পনায় আছেন নরকিয়া। তাই তাকে লম্বা সময় পর দলে ফিরিয়েছে তারা।
টি-টোয়েন্টির আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়বে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজের দলে অবশ্য নেই নরকিয়া। চোটের কারণে পাকিস্তান সিরিজে না খেলা নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ফিরেছেন ওয়ানডে দলে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া রুবিন হার্মান জায়গা ধরে রেখেছেন দলে। বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। টি-টোয়েন্টি দলে অবশ্য আছেন তিনি।
কুইন্টন ডি কক ফেরায় টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি রায়ান রিকেলটনের। তিনি আছেন ওয়ানডে দলে। এছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন রিজা হেনড্রিকস, ডেভিড মিলার।
আগামী ৩০ নভেম্বর শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২ ও ৬ ডিসেম্বর। টি-টোয়েন্টি পাঁচটি হবে যথাক্রমে ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রুবিন হার্মান, কেশাভ মহারাজ, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, প্রেনেলান সুব্রায়েন।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ট্রিস্টান স্টাবস, কেশাভ মহারাজ।