২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ শুরুর আগে পারিশ্রমিক নিয়ে দাবি জানিয়ে রাখলেন তামিম

‘বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড এই লিগ, কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক যেন ঠিকঠাক দেওয়া হয়’, বললেন তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 07:00 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশন তো কতই হয়। কিন্তু অধিনায়করা সবাই সেখানে থাকেন না। বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত চিত্র এটি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ সেদিক থেকে ভিন্ন এক নজির দিয়েই শুরু হচ্ছে। ট্রফি উন্মোচনের আয়োজনে ১২ দলের অধিনায়কই উপস্থিত! 

শুরুটা তো ইতিবাচকতায় হলো শেষটা কেমন হবে, বড় প্রশ্ন সেটিই। বিশেষ করে, পারিশ্রমিক ঠিকটাক পাওয়া নিয়ে শঙ্কা ক্রিকেটারদের মধ্যে আছে প্রবলভাবেই। ১২ অধিনায়কের মধ্যে নামের ধারে-ভারে সবচেয়ে বড় তারকা যিনি, সেই তামিম ইকবাল লিগ শুরুর আগে সেই মৌলিক চাহিদা জানিয়ে রাখলেন। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের চাওয়া, ক্রিকেটাররা যেন পারিশ্রমক ঠিকঠাক পায়।

দেশের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে উল্লেখযোগ্য আসর ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে সোমবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অধিনায়কদের ফটো সেশন ছিল শনিবার বিকেলে। বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কর্তাদের সঙ্গে মঞ্চে দাঁড়ান অধিনায়করা। সুদৃশ্য ট্রফি মঞ্চে বয়ে আনেন গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

অধিনায়কদের সবাই মাইক্রোফোন হাতে নিজেদের ভাবনা জানান ছোট্ট করে। সবার আগে বলার সুযোগ পান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। সব ক্রিকেটারের মনের কথা বলে দেন তিনিই।

“ঢাকা প্রিমিয়ার লিগকে আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। তবে আমার কাছে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার… খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, সব ঠিক আছে… কিন্তু ক্রিকেটারদের পেমেন্ট যেন নিশ্চিত করে সব ক্লাব। প্রতিটি ক্রিকেটার যেন পারিশ্রমিক পায়। এটাই আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

“আমরা সবাই জানি, এখন আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন আগের চেয়ে। সবদিক থেকেই, বিপিএল বলেন, এই লিগ, ক্রিকেটারদের ভুগতে হয়েছে অনেক। আমি আশা করব, ক্লাবগুলি যে কমিন্টমেন্ট করেছে, ক্রিকেটাররা যেন সেই টাকা পায়। আমার কাছে, এটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। অবশ্যই চাইব খেলাটা ভালো হোক, আম্পায়ারিং নিয়ে যেসব অভিযোগ থাকে, বোর্ড যেন খেয়াল রাখে। তবে আবারও বললাম, তবে আমার কাছে সবকিছুর ওপরে থাকবে, ক্রিকেটাররা যেন পারিশ্রমিক ঠিকমতো পায়।”

ঢাকা প্রিমিয়ার লিগের পারিশ্রমিক নিয়ে টানাপোড়েন চলে আসছে বছরের পর বছর ধরেই। অনেক ক্রিকেটারকেই টাকা দেওয়া হয় বছর ধরে অনেক ঘুরিয়েফিরিয়ে। পুরো টাকা না পাওয়া ক্রিকেটারের সংখ্যাও কম থাকে না প্রতি বছর। গত মৌসুমের টাকা এখনও পাননি, এমন অভিযোগ বেশ কজন ক্রিকেটারের আছে।

রাজনৈতিক পালাবদলের জন্য এবার বিপিএলে যেমন পারিশ্রমিক কমেছে, তেমনি ঢাকা প্রিমিয়ার লিগেরও কমেছে অনেক। জাতীয় দল বা এর আশেপাশে থাকা ক্রিকেটারদের বাইরে দেশের বড় অংশের ক্রিকেটারদের জীবিকার বড় উৎস এই লিগ। সেখানে বড় বড় ধাক্কা লেগেছে। দলবদলের সময় অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেছেন, অনেক ক্রিকেটার গতবারের তুলনায় এবার ৩০ শতাংশ পারিশ্রমিকও পাচ্ছেন না। 

যে টাকা চুক্তি হয়েছে, সেটিও শতভাগ পাওয়া নিয়ে শঙ্কা আছে ক্রিকেটারদের অনেকেই। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেকের কণ্ঠে ফুঠে উঠল সেটি। 

“ক্রিকেটাররা এবার অনেক ত্যাগ স্বীকার কারেছে। যে পরিমাণ অর্থ পাওয়ার কথা, সেখান থেকে অনেক ছাড় দেওয়া হয়েছে। যে পরিমাণ টাকা ঠিক করা হয়েছে, অন্তত সেই পরিমাণটুকু যেন সবাই পায়।”

১২ দলের আসরে ৮৪ ম্যাচের সবকটিই সরাসরি সম্প্রচারিত হবে এবার। টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে কিছু ম্যাচ, বাকি ম্যাচগুলি দেখানো হবে ইউুটিউবে ও ডিজিটাল প্ল্যাটফর্মে। 

বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ জানালেন, প্রথমবারের মতো এবার ‘আম্পায়ার্স কল রিভিউ’ থাকবে ঢাকা প্রিমিয়ার লিগে।