২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে আশ্রয়প্রার্থী মনে করে পোর্টসমাউথে প্রতিবাদ

আশ্রয়প্রার্থীদের একটি দল হোটেলে অবস্থান করছে খবর পেয়ে হোটেলের বাইরে জড়ো হয় একদল বিক্ষোভকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2026, 01:16 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হঠাৎই আলোচনায় উঠে এলো মাঠের বাইরের কারণে, যেখানে তাদের কোনো ভূমিকাই নেই। পোর্টসমাউথে তারা উঠেছে ম্যারিয়ট হোটেলে। তাদেরকে দেখে খবর ছড়িয়ে পড়ে, আশ্রয়প্রার্থীদের একটি দল সেখানে অবস্থান করছে। খবর পেয়ে হোটেলের বাইরে জড়ো হয় একদল বিক্ষোভকারী। পরে যখন নিশ্চিত হওয়া যায় যে এটি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল, তখন পরিস্থিতি শান্ত হয়।

দা গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ম্যারিয়ট হোটেলে প্রায় ৪০ জন লোক এসেছেন, যাদের দেখে ইংরেজ বলে মনে হচ্ছে না—এমন খবর ছড়িয়ে পড়লে হোটেলের বাইরে ভিড় জমতে শুরু করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কর্মকর্তা এবং জড়ো হওয়া জনতার মধ্যে মধ্যস্থতা করার জন্য হোটেলে ফোন করেন রিফর্ম দলের কাউন্সিলর জর্জ ম্যাডগুইক। ভিড় করা জনতা পরে চলে যায়। 

দ্য গার্ডিয়ানকে ম্যাডগুইক বলেন, “আমি দলটি কোচের সাথে কথা বলেছি, যিনি খুবই সহানুভূতিশীল ছিলেন। বিক্ষোভকারীদের কাছে গিয়ে, ‘আপনারা ভুল করছেন, এটা একটা ক্রিকেট দল।’ এরপর তারা কয়েক মিনিটের মধ্যেই চলে গেল। ঘটনাটি দুর্ভাগ্যজনক ছিল।”

এই ঘটনার পর পাকিস্তান ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে ইংল্যান্ডের বোর্ড এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছে।

এই সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে ১০ রানে পরাজিত হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পরে যুব ওয়ানডে সিরিজ শুরু করে তারা ১৭৭ রানে জিতে। সিরিজে যুব ওয়ানডে আছে আরও তিনটি।