‘এলোমেলো’ নাহিদ রানার গুছিয়ে ওঠার গল্প শোনালেন বোলিং কোচ
শুরুতে অনেক এলোমেলো থাকলেও নাহিদ রানা পরে অনেক উন্নতি করেছেন, বললেন বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
দেড়শ কিলোমিটার গতিতে নিয়মিত বল করে গেলে উইকেট তো ধরা দিতেই হবে। আন্দ্রে অ্যাডামস জানতেন, ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ অবশ্যই পাবেন নাহিদ রানা। সেই দিনটি বেশ দ্রুতই চলে আসায় বাংলাদেশের বোলিং কোচ দারুণ খুশি। এই অর্জনের দিনে তিনি ফিরে গেলেন শুরুর সময়টায়, যখন তরুণ এই ফাস্ট বোলার ছিলেন বেশ অগোছালো।
বাংলাদেশ দলে এই দুজনের শুরুটা একরকম হাত ধরাধরি করেই। গত মার্চে বোলিং কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন অ্যাডামস। তার মেয়াদের প্রথম সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন নাহিদ।
অভিষেক টেস্টে লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে দুটি ও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন নাহিদ। তবে বেশ খরুচে ছিলেন তিনি। ওভারপ্রতি রান দেন দুই ইনিংসেই ছয়ের বেশি। পরের টেস্ট খেলেন পাকিস্তানে। এবার দুই ইনিংসে উইকেট ছিল একটি, রান খরচ করেন ওভারপ্রতি পাঁচ ও সাড়ে পাঁচ করে।
তবে পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্ট থেকে তার উন্নতির ছাপ রাখার শুরু। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে একটি উইকেট নেন বেশ নিয়ন্ত্রিত বোলিংয়ে। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে তিনি ম্যাচের মোড়ই বদলে দেন দ্রুত।
পরের ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে একটি করে টেস্ট খেলেন। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৬১ রানে ৫ উইকেট নিয়ে সোমবার তিনি লিড এনে দেন বাংলাদেশকে।
দিনের শেষে নাহিদ বলেন, মূলত ‘লাইন টু লাইন’ বোলিং করে ব্যাটসম্যানকে জায়গা না দেওয়ার পরিকল্পনায় সফল হয়েছেন তিনি।
বোলিং কোচ অ্যাডামস বললেন, এই জায়গাটিতেই শুরুর চেয়ে অনেক উন্নতি হয়েছে নাহিদের।
“আমরা জানতাম, কোনো একটি পর্যায়ে এটি (৫ উইকেট) আসবেই। ১৫০ কিলোমিটার গতিতে বল করে গেলে একটা সময় উইকেট ধরা দেবেই।”
“গত এক বছরে যেটা হয়েছে, সে আগের চেয়ে অনেক ‘অ্যাকুরেট’ হয়েছে। ফেব্রুয়ারিতে যখন শুরু করেছিল, তখন অনেক এলোমেলো ছিল। নিশানার জায়গায় অনেক উন্নতি করেছে সে।”
অ্যাডামস জানালেন, অতি-কোচিং বা অনেক পরামর্শ দিয়ে প্রতিভাবান এই তরুণের সহজাত সামর্থ্যকে নষ্ট করতে চান না তারা।
“খুবই ব্যগ্র এক তরুণ সে এবং দারুণ গতিময়। আমরা স্রেফ তাকে কিছু পরামর্শ দেই এবং বাকিটা তার সহজাত প্রবৃত্তির ওপর ছেড়ে দেই।”
তরুণ গতিময় পেসারদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার শরীরকে অতিরিক্ত চাপ না দেওয়া। বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, তালহা জুবায়ের, মোহাম্মদ শরীফসহ বিশ্ব ক্রিকেটের অনেক পেসারের সম্ভাবনা পূর্ণতা পায়নি চোটের কারণে। নাহিদের শরীরও এখন ততটা পোক্ত নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞতা অনেক বেশি নয়। এখন আবার বাংলাদেশের হয়ে ওয়ানডেতেও খেলছেন তিনি।
সব মিলিয়ে ২২ বছর বয়সী এই ফাস্ট বোলারকে যে বাড়তি যত্ন নিতে হবে, তা জানেন অ্যাডামস।
“তার দেখভাল ঠিকঠাক করতে হবে আমাদের। এজন্যই প্রথম টেস্টে তাকে খেলানো হয়নি। সে এখনও তরুণ, অনেক জোরে বল করে। তার ‘ওয়ার্কলোড’ তাই সামলাতে হবে।”
“এখানে ব্যাপারটি হলো নিজের খেলাটা বোঝা এবং নিজের জন্য সুযোগ তৈরি করা। সৌভাগ্যবশত তাসকিন ও হাসানের মতো ছেলেরা আছে আমাদের, যারা মাঠ তাকে সহায়তা করে অনেক। অধিনায়ক মিরাজও তাকে দারুণভাবে সামলেছে।”
এখনও পর্যন্ত ছয়টি সিরিজে দলের সঙ্গে থাকলেও কেবল পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলানো ছাড়া অন্য কোনো সিরিজে একটির বেশি টেস্টে তাকে খেলানো হয়নি। ওয়ানডেতেও গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কেবল একটি ম্যাচ খেলানো হয় তাকে।
