২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন প্রধান কোচ গাম্ভির

সাড়ে তিন বছরের জন্য গুরুদায়িত্বটি পেয়েছেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান।

ভারতের নতুন প্রধান কোচ গাম্ভির
সাড়ে তিন বছরের চুক্তিতে দায়িত্ব পেলেন গৌতাম গাম্ভির। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 09:34 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল গৌতাম গাম্ভিরের নাম। শেষ পর্যন্ত হলোও তা-ই। ভারতের নতুন প্রধান কোচ হিসেবে দেশটির সাবেক এই ব্যাটসম্যানকে নিয়োগ দিল বিসিসিআই।

গাম্ভিরকে দায়িত্ব দেওয়ার কথা মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বোর্ডের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, নতুন কোচের সঙ্গে চুক্তি হবে সাড়ে তিন বছরের। তিন সংস্করণে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পেলেন গাম্ভির।

“ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে গৌতাম গাম্ভিরকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট দ্রুত বিকশিত হয়েছে এবং গৌতাম এই পরিবর্তিত দৃশ্যপট খুব কাছ থেকে দেখেছেন। আমি আত্মবিশ্বাসী যে, ক্যারিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকায় পারদর্শিতা দেখানো গৌতাম ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি।”

ভারতের কোচ হিসেবে গাম্ভিরের পথচলা শুরু হবে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফর দিয়ে। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। দ্রাবিড়ের সঙ্গে কাজ করা বিক্রম রাঠোর (ব্যাটিং কোচ), পারাস মামব্রে (বোলিং কোচ) এবং টি দিলীপ (ফিল্ডিং কোচ) তাদের দায়িত্বে বহাল থাকবেন কি না, তা এখনও নিশ্চিত করেনি বিসিসিআই।

৪২ বছর বয়সী গাম্ভির এমন একটি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন, যারা দুর্দান্ত ছন্দে আছে। কদিন আগেই ভারত ঘরে তুলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। এর আগে গত বছর খেলেছে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে। সবশেষ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টও তারা। এবারও সেই দৌড়ে বেশভাবে আছে দলটি। 

দলটি আবার কিছুটা পালাবদলের মধ্যেও আছে। বিশ্বকাপ জয়ের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় বলে দেন অধিনায়ক রোহিত শার্মা, দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি ও অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া বয়স হয়ে যাওয়ায় তাদের আরও কয়েকজন নিয়মিত ক্রিকেটারও যেকোনো সময় নিতে পারেন অবসর। 

তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে গাম্ভিরের সামনে। সেসব নিয়ে অবশ্য এখনই ভাবছেন না সাবেক এই বাঁহাতি ওপেনার। নতুন দায়িত্বে দলকে সাফল্যের চূড়ায় তুলে নেওয়ার লক্ষ্য তার।

“ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ভিন্ন ভূমিকায় হলেও জাতীয় দলে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি। কিন্তু আমার লক্ষ্য বরাবরের মতোই থাকবে, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন নীল জার্সিধারীদের কাঁধে এবং এই স্বপ্নগুলো সত্যি করার জন্য আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব!”

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন গাম্ভির। দুই টুর্নামেন্টের ফাইনালেই দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এছাড়া তার নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যোগ দেন গাম্ভির। যার শুরুটা আইপিএলে। ২০২২ ও ২০২৩ আসরে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। দুইবারই প্লেঅফে খেলে দলটি।

গত নভেম্বরে কলকাতায় মেন্টর হিসেবে যোগ দেন তিনি। তার পরামর্শ ও দিক নির্দেশনায় ২০২৪ আসরে শিরোপা জেতে কলকাতা। টুর্নামেন্ট চলার মাঝেই গাম্ভিরের সঙ্গে আলোচনা করে বিসিসিআই। প্রথমে সময় চান তিনি। পরে আইপিএল শেষে ভারতের কোচ হওয়ার ইচ্ছার কথা জানান সাবেক এই ব্যাটসম্যান।

বিসিসিআই অবশ্য গাম্ভিরের সাবেক সতীর্থ ভিভিএস লাক্সমানকেও প্রস্তাব দিয়েছিল। কিন্তু আগ্রহী হননি সাবেক এই ব্যাটিং গ্রেট। এতেই দায়িত্বটি পাওয়ার দৌড়ে এগিয়ে যান গাম্ভির। 

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাভি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে ভারতের দায়িত্ব নেন দ্রাবিড়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তার সঙ্গে শেষ হয়ে যায় দুই বছরের চুক্তি। কিন্তু বিসিসিআইয়ের অনুরোধে এবারের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থেকে যান তিনি। ২০১৩ সালের পর ভারতকে প্রথম আইসিসি শিরোপা জিতিয়ে শেষটা রাঙিয়ে বিদায় নেন ভারতের এই ব্যাটিং গ্রেট। এখান থেকে ভারতকে এগিয়ে নেওয়ার পালা গাম্ভিরের।