Published : 29 Dec 2025, 11:37 AM
প্রথম টেস্টের পর ছিটকে পড়েছিলেন মার্ক উড, তৃতীয় টেস্টের পর জফ্রা আর্চার। সিরিজের শেষ টেস্টের আগে তাদেরকে অনুসরণ করলেন এবার গাস অ্যাটকিনসন। ইংল্যান্ডের এই পেসার খেলতে পারবেন না অ্যাশেজের সিডনি টেস্টে।
বক্সিং ডে টেস্ট থেকে যেভাবে মাঠ ছেড়েছিলেন অ্যাটকিনসন, আভাসটা মিলেছিল তখনই। টেস্টের দ্বিতীয় দিনে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। মাঠ ছেড়ে যান তিনি তখনই।
সেদিনই পরে স্ক্যান করানো হয় তার। ম্যাচে আর বোলিং করেননি, ব্যাট করার প্রয়োজন পড়েনি। ৪ উইকেটে জিতে প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়াতে টেস্ট জয়ের স্বাদ পায় ইংলিশরা।
এই টেস্টে তিনটি উইকেট নেন অ্যাটকিনসন। তবে সামগ্রিকভাবে সিরিজটি তার হতাশায় কেটেছে দলের মতোই। তিন টেস্ট ছয় উইকেট নিয়েছেন ৪৭.৩৩ গড়ে ও ওভারপ্রতি প্রায় চার রান দিয়ে।
গত বছর অভিষেকের পর থেকে তার সবচেয়ে বাজে টেস্ট সিরিজ এটিই। আগের ছয় সিরিজের সবকটিতেই তার বোলিং গড় ছিল ২৮-এর নিচে।
অ্যাটকিনসনের এই হতাশার মাঝে একটা ইতিবাচক খবর, এই চোট তার পুরোনো চোটের ফিরে আসা নয়। গত মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের ওই চোটে পড়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের চারটি টেস্টে তিনি খেলতে পারেননি। পরে শেষ টেস্টে ফিরে ম্যাচে আট উইকেট শিকার করেন।
অ্যাটকিনসনের বদলি হিসেবে স্কোয়াডে নতুন কাউকে আনছে না ইংল্যান্ড। শুরু থেকেই দলের সঙ্গে থাকা ম্যাথু পটস এখনও মাঠে নামার সুযোগ পাননি। তিনি খেলতে পারেন সিডনি টেস্টে। সিরিজের মাঝপথে দলে যোগ করা পেসার ম্যাথু ফিশারও বিবেচনায় থাকতে পারেন। এছাড়া সিডনির উইকেট বিবেচনায় অফ স্পিনার শোয়েব বাশিরকে খেলানোর কথাও ভাবা হতে পারে জোর দিয়ে।
সিডনি টেস্ট শুরু আগামী রোববার।