১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাইটক্লাব-কাণ্ডে ইংল্যান্ড দল থেকে বাদ কার্স

চলমান তদন্তের জেরে এই পেসারকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে সনি বেকারকে।

নাইটক্লাব-কাণ্ডে ইংল্যান্ড দল থেকে বাদ কার্স
ব্রাইডন কার্স। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 09:05 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ডার্বির একটি নাইটক্লাবের ঘটনায় চলমান তদন্তের জেরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার ব্রাইডন কার্সকে। তার জায়গায় সনি বেকারকে দলে নেওয়া হয়েছে।

রোববার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাতে ওই নাইটক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় পেছন দিকে হাত বাঁধা কার্সকে ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা। 

বিবিসি লিখেছে, কার্সকে গ্রেপ্তার করা হয়নি। যদিও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘটনাটি ক্রিকেট রেগুলেটরের কাছে পাঠিয়েছে, যারা বিষয়টি তদন্ত করবে।

কার্সের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা রোববারই জানিয়েছিল ইসিবি। তাকে দল থেকে বাদ দেওয়ার কথা জানিয়ে পরদিন তারা এক বিবৃতিতে বলেছে, “ইসিবির পক্ষ থেকে বিষয়টি জানানোর পর ক্রিকেট রেগুলেটর নিশ্চিত করেছে যে, তারা ডার্বিতে শনিবার রাতের ঘটনাটি তদন্ত করবে।”

ক্রিকেট রেগুলেটর ইসিবির একটি স্বাধীন সংস্থা। ২০২৩ সালের ডিসেম্বরে এটি চালু করা হয়। ইংলিশ ক্রিকেটে দুর্নীতি-বিরোধী, ডোপ-বিরোধী, সুরক্ষা এবং বৈষম্য-বিরোধী নিয়মকানুন পর্যবেক্ষণ ও সেগুলো মেনে চলা নিশ্চিত করাসহ আরও বেশ কিছু কাজ করে থাকে সংস্থাটি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে থাকলেও হেডিংলিতে প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাননি কার্স। ফলে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ছেড়ে দেওয়া হয় তাকে। ডিভিশন টু-এর ম্যাচটি গত শনিবার জেতে ডারহাম।

সেই জয়ের পর রাতে ডার্বির নাইটক্লাবের বাইরে কার্সকে হাতকড়া পরা অবস্থায় ক্যামেরাবন্দী করা হয়। তাকে কেন আটক করা হয়েছিল, তা নিশ্চিত করা হয়নি। যদিও কোনো অভিযোগ ছাড়াই তাকে মুক্তি দেওয়া হয়। 

ওই ভিডিওতে তার ইংল্যান্ড দলের সতীর্থ ম্যাথু পটস ও সাবেক অধিনায়ক বেন স্টোকসকেও দেখা যায়। এই তিন জনই ডারহামের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে শনিবার শেষ হওয়া ম্যাচে খেলেছেন।

আগামী বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। লর্ডসের এই ম‍্যাচের জন্য ইংল্যান্ড স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিতে কার্সের লন্ডনে পৌঁছানোর নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টারও কম সময় আগে এই ঘটনাটি ঘটে।

সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে ক্রিকেটারদের নানা বিতর্কিত ঘটনায় অস্থিরতা চলছে ইংল্যান্ডের ক্রিকেটে।