২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে তৃতীয় টেস্টেও নেই উইলিয়ামসন

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হতে আপাতত দেশেই থাকছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 12:03 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

কেন উইলিয়ামসনকে ছাড়াই ভারতে ঐতিহাসিক সিরিজ জয় করেছে নিউ জিল্যান্ড। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে তাই তাড়াহুড়োর কোনো প্রয়োজন দেখছে না টিম ম্যানেজমেন্ট। সিরিজের শেষ টেস্টেও তাই দেখা যাবে না স্টাইলিশ এই ব্যাটসম্যানকে।

ভারত সফরের আগে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে কুঁচকিতে টান লাগে উইলিয়ামসনের। প্রথমে বলা হয়েছিল, ভারতে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। পরে জানানো হয়, দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না তাকে। শেষ পর্যন্ত তিনি ছিটকে গেলেন পুরো সিরিজ থেকেই।

নিউ জিল্যান্ডের কোচ ও নির্বাচক কমিটির সদস্য গ্যারি স্টেড বললেন, দেশের মাঠে নামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকিয়ে তারা ঝুঁকি নিতে চান না উইলিয়ামসনকে নিয়ে। 

“কেনের (উইলিয়ামসন) উন্নতির ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তবে বিমানে চেপে বসে আমাদের সঙ্গে যোগ দেওয়ার অবস্থায় নেই এখনও। তার অবস্থা যদিও আশাপ্রদ, তবে আমাদের মনে হয়েছে, তার জন্য সবচেয়ে ভালো হয় নিউ জিল্যান্ডেই থেকে পুনবার্সনের শেষ ধাপটায় পুরোপুরি মনোযোগ দিলে, যেন ইংল্যান্ড সিরিজের জন্য ভালো হয়ে উঠতে পারে।”

“ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি এখনও মাস খানেক দূরে। কাজেই এখন সতর্ক পদক্ষেপ নিলে এটা নিশ্চিত হবে যে, ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের আগে সে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।”

২০১০ সালে উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করছিলেন অভিষেক টেস্টে ভারত সফরেই সেঞ্চুরি করে। পরের টেস্টে করেছিলেন ফিফটি। তবে ভারতে তার সার্বিক রেকর্ড খুব উজ্জ্বল নয়। সেখানে আট টেস্ট খেলে তার সেঞ্চুরি ওই একটিই, ফিফটি তিনটি। ব্যাটিং গড় ৩৩.৫৩। ভারতের আর কখনও টেস্ট সফরে তিনি যেতে পারবেন কি না, সেই সংশয় আছে যথেষ্টই। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান চলতি বছর থেকেই কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে।

এবারের সফরে বেঙ্গালুরুতে আট উইকেটের জয়ে ৩৬ বছর পর ভারতে টেস্ট জয়ের স্বাদ পায় নিউ জিল্যান্ড। পরে পুনেতে ১১৩ রানের জয়ে প্রথমবারের মতো ভারতে সিরিজ জয়ের গৌরবে নিজেদের রাঙায় তারা। শেষ টেস্ট মুম্বাইয়ে শুরু শুক্রবার।