২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সুরিয়াভানশিকে সামলাতে ‘বিস্তর গবেষণা’ করে প্রস্তুত ইংল্যান্ড

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়ার ক্রিকেটারকে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখছে ইংল্যান্ড, জানালেন অধিনায়ক হ্যারি ব্রুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 02:46 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বৈভাব সুরিয়াভানশি খেলার সুযোগ পাবেন কি না, নিশ্চয়তা নেই কোনো। সিরিজের শুরুতে তার খেলার সম্ভাবনা সামান্যই। তবে তাকে সামলানোর প্রস্তুতিতে কোনো ফাঁক রাখছে না ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক জানালেন, ভারতের বিস্ময় বালককে নিয়ে অনেক কাটাছেঁড়া করেই তারা তৈরি আছেন।

গোটা ক্রিকেট বিশ্ব সুরিয়াভানশির আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকলেও ভারতীয় দল বেছে নিয়েছে প্রক্রিয়া অনুসরণের পথ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত ক্রিকেটারদেরই বেছে নেওয়া হয়েছে। ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য সবার মতোই সুনির্দিষ্ট পথ ধরেই এগোতে হবে সুরিয়াভানশিকে।

তবু কৌতূহলের শেষ নেই। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার। সিরিজ শুরুর আগের দিন ইংলিশ অধিনায়ক জানালেন, তারা তৈরি সুরিয়াভানশির ঝড় থামাতে। 

“দারুণ প্রতিভাবান ক্রিকেটার মনে হচ্ছে তাকে। গত এক-দেড় বছরে সে অসাধারণ খেলেছে এবং তার জন্য আমাদের কৌশলও তৈরি আছে। আশা করি সেগুলো কাজে দেবে। তাকে ও তাদেরকে সেরা ক্রিকেট খেলা থেকে বিরত রাখার জন্য আড়ালে বিস্তর গবেষণা হয়েছে আমাদের।”

তবে তৈরি থাকলেও যে সুরিয়াভানশির সামনে লাভ খুব একটা হয় না, আইপিএলেই তা দেখা গেছে। ম্যাচের পর ম্যাচ তিনি তাণ্ডব চালিয়েছেন। অভিজ্ঞ আন্তর্জাতিক বোলারদের গুঁড়িয়ে দিয়েছেন। আইপিএলে ধারাভাষ্য দেওয়া ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান সেটিই মনে করিয়ে দিলেন। 

“সুরিয়াভানশির মতো ক্রিকেটারদের জন্য প্রস্তুতি নেওয়া কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটে সে এখনও নতুন, কিন্তু এর মধ্যে দুটি আইপিএল মৌসুম খেলে ফেলেছে। তার মানে ভিডিও ফুটেজও রয়েছে। ইংল্যান্ডের কিছু বোলার হয়তো আইপিএলে তাকে বল করেছে। কিন্তু সত্যিটা হলো, এখনও পর্যন্ত কেউই তার সামনে তেমন সাফল্য পায়নি। তাকে প্রায় অপ্রতিরোধ্যই মনে হয়েছে।”

আইপিএলে সুরিয়াভানশির সতীর্থ জফ্রা আর্চার এখন তার প্রতিপক্ষ। সোয়ানের মতে, ১৫ বছর বয়সী ব্যাটসম্যানকে আটকানোর পথ নিয়ে আর্চারের কাছ থেকে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। 

“একমাত্র যে বোলারটি কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন, সে হলো জফ্রা আর্চার। ডাগআউট থেকে সুরিয়াভানশিকে অনেক দেখেছে সে, নেটে তাকে বল করেছে এবং খুব কাছ থেকে তাকে পর্যবেক্ষণ করেছে। সম্ভবত অন্য সবার চেয়ে সে তাকে বেশি দেখেছে।”

এত আলোচনা যাকে, তাকে ভারত আপাতত আড়ালে রাখবে বলেই মনে হচ্ছে। আয়ারল্যান্ডে ভারতের অভাবনীয় সিরিজ হারার পথে দুই ম্যাচেই প্রথম বলে আউট হয়েছেন সাঞ্জু স্যামসন। সুরিয়াভানশিকে খেলানোর আওয়াজ তাই আরও বেশি উঠেছে চারপাশে। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইঙ্গিত দিলেন, অপেক্ষায় থাকবে হবে আলোচিত এই বাঁহাতিকে। 

“কখন কী ঘটবে, বলা যায় না। আমরা কী করব, সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের হাত-পা বাঁধা। কারণ এটা আমাদের নিজস্ব বিষয়। এটা এমন একটা বিষয়, যা নিয়ে আমরা দল হিসেবে আলোচনা করি। আমরা কোন কম্বিনেশনে খেলতে যাচ্ছি, তা সবাইকে জানাতে পারি না এবং প্রতিপক্ষকেও জানাতে পারি না যে এমনটা ঘটতে চলেছে।”

“নিঃসন্দেহে সে অসাধারণ প্রতিভাবান এবং যখনই সে খেলার সুযোগ পাবে, অবশ্যই দুর্দান্ত খেলবে।”

ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। কোনো একটি পর্যায়ে তাই তাকে খেলানোর সম্ভাবনা যথেষ্টই আছে।