Published : 21 Jul 2026, 07:36 PM
ইংল্যান্ডের ১০০ বলের প্রতিযোগিতা ‘দা হান্ড্রেড’ অভিযান শুরুর তিন দিন আগে বড় এক ধাক্কা খেয়েছে বার্মিংহাম ফিনিক্স। হাঁটুর চোটের কারণে আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জেকব বেথেল, যার নেতৃত্ব দেওয়ার কথা ছিল দলটিকে।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান রাখেন বেথেল। গত রোববার লর্ডসে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৯৩ বলে ৯১ রানের পর, হাত ঘুরিয়ে ৪৯ রানে রোহিত শার্মার গুরুত্বপূর্ণ নিয়ে ম্যান অব দা ম্যাচ হন তিনি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ানডে সিরিজের সময় বেথেল ডান হাঁটুতে চোট পান এবং সোমবার তার এমআরআই স্ক্যান করা হয়।
২২ বছর বয়সী এই অলরাউন্ডারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি ইসিবি। ফলে আগামী ১৯ অগাস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
এবারের ‘দা হান্ড্রেড’ এর জন্য তিন লাখ ৪০ হাজার পাউন্ডের মোটা অঙ্কের পারিশ্রমিকে বেথেলকে ধরে রাখে বার্মিংহাম ফিনিক্স। অধিনায়ক করা হয় তাকে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে আসরে খেলতে না পারার হতাশা লুকাননি বেথেল।
“দা হান্ড্রেড-এ অংশ নিতে না পারাটা হতাশাজনক, বিশেষ করে এজবাস্টনে আমাদের সমর্থকদের সামনে বার্মিংহাম ফিনিক্সের প্রতিনিধিত্ব করার সুযোগ না পাওয়াটা। দুর্ভাগ্যবশত, পুরোপুরি ফিট হতে আমার সময় লাগবে। পুনর্বাসন শেষ করা এবং পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরার দিকে আমার মনোযোগ এখন।”
বেথেলকে বিবেচনা করা হয় ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে। গত বছর হ্যারি ব্রুকের বিশ্রামে তার নেতৃত্বে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে তিনি নেই। তবে ব্রুককে টেস্টের দায়িত্ব দেওয়া হলে, সাদা বলের যেকোনো একটি বা দুটি দলের নেতৃত্বই পেতে পারেন বেথেল। কারণ, ব্রুকের পক্ষে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া অসম্ভব বলে মনে করে ইসিবি।
আইপিএলে পাওয়া আঙুলের চোটে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় গ্রীষ্মের শুরুটা ভালো ছিল না বেথেলের। তবে চোটে পড়ার আগে সম্প্রতি ভালো ফর্মে ছিলেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলেন ৭৪ রানের ইনিংস। অপরাজিত ৭৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এরপর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ওই পারফরম্যান্স।
বেথেলের জায়গায় দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরাকে অধিনায়ক করেছে বার্মিংহাম ফিনিক্স। আগামী শুক্রবার রাতে ট্রেন্ট রকেটসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি।
এই দলেই আছেন বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমান। কিন্তু এই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া হ্যামস্টিংয়ের চোটে বাঁহাতি এই পেসারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।