টেস্ট মর্যাদা পেতে বাংলাদেশকে পাশে চান 'নেপালি কিংবদন্তি'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় নেপাল ক্রিকেটের সচিব ও সাবেক অধিনায়ক জানালেন বাংলাদেশের কাছে তার প্রত্যাশার কথা।
আইসিসির কাঠামোর সর্বনিম্ন স্তর থেকে নেপালকে ওয়ানডে মর্যাদার উচ্চতায় নিয়ে এসেছিলেন পারাস খাড়কা। খেলোয়াড়ি জীবন শেষে প্রশাসক হিসেবে এবার তার চোখে নতুন স্বপ্ন। নেপালকে প্রতিষ্ঠিত করতে চান আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে। টেস্ট মর্যাদা পাওয়ার এই অভিযানে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব পাশে চান বাংলাদেশকে।
আপাতত পারাসের নজর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। আগামী ৩০ নভেম্বর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের (এপিএল) উদ্বোধনী আসর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় ৮ দলের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট, নিজের খেলোয়াড়ি জীবন, নেপালের ক্রিকেট, বাংলাদেশের স্মৃতি এবং টেস্ট মর্যাদা পাওয়ার স্বপ্ন নিয়ে বললেন অনেক কথা।
ক্রিকেট থেকে অবসরের পর এক বছরের বেশি সময় ধরে কাজ করছেন প্রশাসক হিসেবে। নতুন ভূমিকায় কেমন কাটছে দিন?
পারাস খাড়কা: নেপাল প্রিমিয়ার লিগের প্রস্তুতির জন্য ব্যস্ত সময় কাটছে। তরুণ ক্রিকেটারদের জন্য একটা মঞ্চ তৈরির চেষ্টা করছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বিশ্বের সেরা খেলোয়াড়দের আমরা নেপালে নিয়ে আসতে চাই। প্রথম মৌসুমে অনেক ভালো খেলোয়াড় আনতে চাই, নেপালের মানুষ এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহী। প্রথম আসরে আটটা দল থাকবে, যেগুলোর মালিকানা নেপালীদের হাতেই। এটা একটা ভালো শুরু। আপাতত এই কাজ নিয়েই ব্যস্ত আছি।
কারা কারা খেলবেন এই টুর্নামেন্টে, সে সম্পর্কে কোনো ঘোষণা এখনও আসেনি। কারা কারা আসছেন প্রথম আসরে?
পারাস খাড়কা: নিউ জিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম আসছে। একটা দলের সঙ্গে সে চুক্তি করেছে। আরও কয়েকজনের নাম বলতে পারি, তারা চুক্তি করেছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে। নামিবিয়া, ওমানের অধিনায়ক আছে। সহযোগী দেশগুলোর সেরা খেলোয়াড়রা আসছে। স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দেশের খেলোয়াড়দের সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়ে গেছে।
এটা প্রথম বছর, কত জন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে তার একটা নিয়ম মানতে হবে। কোন বিদেশি খেলোয়াড়রা অনুমতি পাবে সেটাও দেখতে হবে। তবে এখানে অনেকেরই আগ্রহ আছে। আমরা বিশ্বজুড়ে ক্রিকেট এজেন্টদের সঙ্গে চুক্তি করেছি। এখন সারা পৃথিবীতে অনেক টুর্নামেন্ট হচ্ছে। এখানে একটা লিগ, ওখানে আরেকটা লিগ, সবখানেই কোনো না কোনো লিগ আছে। খেলোয়াড়দের পাওয়াটাও একটা বড় ইস্যু।
প্রায় পাঁচ মাস আগে যখন আমরা নেপাল প্রিমিয়ার লিগের জন্য তারিখ ঠিক করি, ৩০ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর তখন আমরা এমন একটা উইন্ডো চাচ্ছিলাম যে সময়টায় খুব বেশি লিগ হবে না। এটা প্রথম মৌসুম সে কারণে হয়তো কয়েকজন বড় নামকে এই আসরের জন্য পাওয়া যাবে না। তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়েই আয়োজন করব। চেষ্টা করব বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে এনে খেলানোর।
নেপালের অবকাঠামো সম্পর্কে একটু বলবেন? কী ধরনের সুযোগ সুবিধা ক্রিকেটাররা এখানে পান?
পারাস খাড়কা: আমাদের এখন দুটি আন্তর্জাতিক স্টেডিয়াম আছে। ত্রিভূবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমরা বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচ খেলি। ২০২০ সালে আমরা আরেকটি আন্তর্জাতিক স্টেডিয়াম পেয়েছি, যেটার নাম মুলপানি ক্রিকেট গ্রাউন্ড। এখানে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। যেখানে সরকার বিনিয়োগ করছে সেখানে মাঠের উন্নয়ন হচ্ছে।
অনেক পরিকল্পনা আছে, আমাদের আর্কিটেকচারাল টিম বিশ্বের বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখছে স্টেডিয়াম কেমন হওয়া উচিত। আমরা আরও ভালো অবকাঠামোগত সুবিধার দিকে তাকিয়ে আছি। এখন পর্যন্ত যা আছে তাতে আমরা প্রথম আসর খেলব ত্রিভুবন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানে কিছু উন্নয়ন কাজ হবে। ভিআইপি আসনসহ আরও ভক্তদের জন্য ভালো সুযোগ-সুবিধার চেষ্টা চলছে।
এবার একটু পেছনে তাকানো যাক। ১৫ বছর বয়সে আপনার অভিষেক হয়েছিল অনূর্ধ্ব-১৯ দলে। সেই সময়টার কথা একটু বলবেন?
পারাস খাড়কা: ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশে। আমাদের খেলা ছিল চট্টগ্রামে। আমার এখনও মনে আছে, আমরা খেলেছিলাম দক্ষিণ আফ্রিকার সঙ্গে, যাদের আমরা তখন হারিয়েছিলাম (১ উইকেটে)। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলাম, সেই দলে ছিল অ্যালেস্টার কুক। তখন আমার বয়স ছিল সাড়ে পনেরোর মতো। তখন আমি কেবলই দশম শ্রেনি শেষ করে একাদশে পা রেখেছিলাম। যখন আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল, আমার কোনো ধারণাই ছিল না, একদিন নেপালের হয়ে খেলব, একটা সময়ে দেশকে নেতৃত্ব দেব।
আমি তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলাম, ২০০৪, ২০০৬ ও ২০০৮ সালে। সে সময়ে আমরা সেরা কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি, যাদের কেউ অবসর নিয়েছে, কেউ এখনও খেলে যাচ্ছে। এই অভিজ্ঞতা জাতীয় দলে এগিয়ে যেতে আত্মবিশ্বাস জুগিয়েছে। ২০০৯ সাল থেকে প্রায় ১০ বছর জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলাম। এই সময়ে আমরা ডিভিশন-ফাইভ থেকে উঠে এসে ওয়ানডে মর্যাদা অর্জন করেছিলাম।
যখন পেছন ফিরে তাকাই তখন দেখি, এটা আমার জন্য অবিশ্বাস্য একটি যাত্রা ছিল। দুই দশক ক্রিকেট খেলেছি এবং এখন এক বছর ধরে ক্রিকেট প্রশাসক হিসেবে কাজ করছি। ক্রিকেটার হিসেবে আমার যে অভিজ্ঞতা ছিল আর এখন প্রশাসক হিসেবে যা দেখছি, আমরা ক্রিকেট জাতি হিসেবে বেড়ে উঠছি। এখন আরও অনেক বেশি মানুষ নেপাল ক্রিকেটকে অনুসরণ করে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক পৃষ্ঠপোষক আসছে, যারা নেপাল ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চায়। আমার স্বপ্ন এই সব সম্পদকে কাজে লাগিয়ে নেপালকে একটি টেস্ট জাতি হিসেবে দেখা।
এখানেই কাঠমাণ্ডুতে ১৯৯৮ সালে এসিসি ট্রফির ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল নেপাল। এরপর বাংলাদেশ টেস্ট মর্যাদা পেল। আমরা সব সময় আফগানিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতাম। এখন আফগানিস্তানও টেস্ট খেলুড়ে দেশ হয়ে গেছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হতে পারে পূর্ণ সদস্য দেশ হওয়া। আমাদের তরুণ একটি দল আছে, যারা খুব ভালো করছে। খুব সীমিত অবকাঠামো নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি।
নেপালের ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদের দেখতে হবে, অতীতে আমরা সঠিক কী কী করেছি। আমাদের বুঝতে হবে, এখন একটা যথাযথ কাঠামো আমাদের লাগবে। আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামো, তৃণমূল ক্রিকেটের কাঠামো লাগবে। নেপাল প্রিমিয়ার লিগ হবে এটার একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ, টি-টোয়েন্টি এখন সবচেয়ে জনপ্রিয় সংস্করণ। এখানে কর্পোরেট পর্যায় থেকে বিনিয়োগ থাকে, সাধারণ মানুষের আগ্রহ থাকে। এই টুর্নামেন্ট ভালোভাবে সামলানোর পর নিজেদের রিসোর্স ঠিকঠাক ব্যবহার করতে পারলে- এটা হবে নেপালের প্রতিনিধিত্ব করার পথে এগিয়ে যাওয়ার জন্য তরুণ ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার একটা মঞ্চ। এখান থেকে যে রাজস্ব আসবে সেটা আমরা সরাসরি নিজেদের ৪৫টি জেলা ও সাতটি প্রোভিন্সে বিনিয়োগ করব।
নেপাল ক্রিকেটের জন্য আমরা যে রিসোর্স আহরণ করব, সেটা যদি আমরা জেলা ও প্রোভিন্সের ক্রিকেট উন্নয়নে কাজে লাগাতে পারি। তাহলে অনেক ক্রিকেটার উঠে আসবে। আমার সামনে এটাই পথ। আমার কাছে মানুষের অনেক প্রত্যাশা। সবাইকে বলেছি, আমার কিছুটা সময় প্রয়োজন। গত ১৫-২০ বছর ধরে আমাদের একটা সংস্কৃতি রয়েছে। আমি বা অ্যাসোসিয়েশন সেটা ভেঙে দিতে পারি না। নেপালে ক্রিকেটের উন্নয়নের জন্য সবার যেমন সমর্থন, প্রাণশক্তি, আগ্রহ আছে তাতে আমি রোমাঞ্চিত। ইতিহাস ও বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমি মনে করি, নেপাল ক্রিকেট সঠিক পথেই আছে।
১৬ বছর বয়সে যখন একজন জাতীয় দলে সুযোগ পায়, অভিষেক হয়। তার মানসিক অবস্থা কেমন থাকে?
পারাস খাড়কা: প্রতিটা ম্যাচের আগে সব ক্রিকেটারই স্নায়ু চাপে থাকে। তরুণ ক্রিকেটার হিসেবে আমার একটাই লক্ষ্য ছিল, যে কোনোভাবে নিজের দলের জয়। বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। ২০০৪ সালে যখন সিনিয়র দলে আমার অভিষেক হয়, তখন ভাবিনি কত দিন আমি খেলব। ভাবিনি পরের টুর্নামেন্টে আমি খেলব কী না। ভাবনা ছিল, যত দিন নেপালের হয়ে খেলার সুযোগ পাব, দলের জয়ের জন্য আমি যা পারি তাই করব।
তরুণ ক্রিকেটারদের আমি বলি, যদি তোমরা সব সময় নিজের ক্যারিয়ার নিয়ে ভাব, দলে থাকব কি থাকব না নিয়ে ভাব, নিজের পারফরম্যান্স নিয়ে ভাব, রান করব কি করব না, উইকেট পাব কি পাব না- এই লাইনে যদি ভাব তাহলে তুমি সবসময় সফল হতে পারবে না। কারণ, সাফল্যের চেয়ে ব্যর্থতাই আসবে বেশি। তাই লক্ষ্যটা হবে তুমি যেখানেই থাক ক্লাব, প্রোভিন্স বা জাতীয় দল, চেষ্টা কর সেই দলকে জেতাতে।
ষোলো বছর বয়সে নেপালের হয়ে যখন খেলেছি তখন আমার লক্ষ্য ছিল, কীভাবে আমি সিনিয়র খেলোয়াড়দের সাহায্য করতে পারি। কখনও কখনও আমরা নিজেদের ওপর অনেক বেশি চাপ নিয়ে ফেলি (যা অপ্রয়োজনীয়)। যতক্ষণ তুমি দলকে সাহায্য করতে পারছ, দলের জন্য কঠিন কাজটা করছ, দল তোমাকে সম্মান করবে।
যখন ক্রিকেট শুরু করি তখন আমি ভাবিনি, সিনিয়র পর্যায়ে খেলতে পারব। বেড়ে ওঠার সময়টায় আমার নেপালকে নিয়ে কোনো স্বপ্ন ছিল না। বেশ লম্বা ছিলাম, হাইস্কুলে ৬ ফুট ২ ইঞ্চি, বাস্কেটবল খেলতাম। বেড়ে ওঠার সময়টায় প্রচুর ফুটবল খেলেছি। সব ধরনের খেলাই আসলে খেলেছি। ক্রিকেট ছিল চূড়ান্ত গন্তব্য। এখান থেকেই আমি সব কিছু পেয়েছি। যখন পেছন ফিরে তাকাই তখন মনে হয়, এটা ভাগ্য নির্ধারিত ছিল। গত ১৫-২০ বছরে যা পেয়েছি, তা হওয়ারই কথা ছিল।
মানুষ যখন বলে নেপালের টেন্ডুলকার, কেমন লাগে তখন?
পরশ খাড়কা: সাচিন টেন্ডুলকারের মতো কারও সঙ্গে নিজের তুলনা আমি চাই না। তিনি খেলাটার সেরাদের একজন। তুলনা হয়তো সব সময়ই থাকবে। তবে মনে করি না, সাচিন টেন্ডুলকারের সঙ্গে তুলনায় আসার মতো ভালো আমি। তবে ক্রিকেট খেলার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, ক্রিকেটের উন্নয়নে চেষ্টার জন্য এই দেশে যে ধরনের ভালোবাসা আমি সবার কাছ থেকে পাই, আশা করি এটা অব্যাহত থাকবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, নেপাল ক্রিকেটের জিততে হবে, ভালো অবকাঠামো থাকতে হবে, এটা ব্যক্তি কেন্দ্রিক থাকতে পারবে না। কাল আমি এই অবস্থানে নাও থাকতে পারি (তবু নেপালের ক্রিকেটকে এগিয়ে যেতে হবে)। খেলোয়াড়ি জীবন শেষ করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে যুক্ত হতে আমাকে অনেক চ্যালেঞ্জ উতরে আসতে হয়েছে। এটা একটা নির্বাচিত পদ, এখানে আসাটা সহজ নয়। মানুষ ভোট দেবে, তখন আপনি সচিব বা সভাপতি হবেন। আমি খুশি যে মানুষের আমার কাছে উঁচু মাত্রার প্রত্যাশা আছে। যতদিন আমি নেপালের ক্রিকেটকে যে কোনো ভাবে এগিয়ে যেতে সাহায্য করতে পারব আমি খুশি। তুলনা আসবে-যাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নেপাল ক্রিকেটের অগ্রগতি।
বাংলাদেশের ক্রিকেট নিশ্চয়ই অনুসরণ করেন। দলকে এখন কেমন দেখছেন?
পারাস খাড়কা: নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা আমরা খুবই ঘনিষ্ট। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আমাদের একটা সম্পর্ক বিনির্মাণ করতে হবে।
ক্রিকেটের কথা যদি বলেন, অন্য কোনো দলের সঙ্গে তুলনা করা অন্যায্য হবে। এই খেলাটার যেভাবে বেড়ে ওঠার কথা ছিল সেভাবে ওঠেনি। ১৫-২০-৩০ বছরের দিকে যদি তাকান আমরা কেবল ১২টা টেস্ট খেলুড়ে দেশেই সীমাবদ্ধ হয়ে আছি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকান, সহযোগী দেশ হলেও যুক্তরাষ্ট্র সুপার এইটে খেলেছে! সহযোগী দেশেও অনেক প্রতিভা আছে, তাদের আরও বেশি সুযোগ প্রয়োজন।
আমরা চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়ে এসে নেপালকে সাহায্য করুক। বাংলাদেশ জানে, নিজেদের বেড়ে ওঠার জন্য তারা বড় টেস্ট খেলুড়ে দেশগুলোর সাহায্য পাবে। বাংলাদেশে যেমন অবকাঠামো আছে, অসাধারণ মাঠ আছে, জাতীয় দল এখন বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে, ভালো সব ক্রিকেটার আছে, পুরো পথটাই টেকসই। খেলাধুলা এমন, আপনি জিতলে মনে হবে সব ঠিক আছে। হারলে সব খারাপ দেখায়। বাংলাদেশের ক্রিকেট আজ যেখানে এসেছে এর পেছনে অনেক কঠোর পরিশ্রমের অবদান আছে। বাইরে থেকে ফেইসবুক বা টুইটারে লেখে ফেলা খুব সহজ যে, এটা এমন হওয়া উচিত, অমন হওয়া উচিত। একটা দলের আশেপাশে, ভেতরে অনেক কিছু ঘটে।
আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেট ঘরোয়া পর্যায়ে ভালো করছে। বিপিএল এখন একটা ব্র্যান্ড, যেখানে সেরা খেলোয়াড়রা খেলতে আসে। ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান আমাদের স্থানীয় ভক্ত-সমর্থক আছে। আমি মনে করি, বাংলাদেশ খুব ভালো করছে। নেপালের দিক থেকে আমরা বেশি বেশি দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে চাই, আশা করি আগামী বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারব। আমি মনে করি, যখন বাংলাদেশের বিপক্ষে নেপাল খেলবে, স্টেডিয়াম পুরোপুরি পূর্ণ থাকবে। আমি সেদিকেই তাকিয়ে আছি।
বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কেমন জানাশোনা…
পারাস খাড়কা: ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম। সাকিবের নাম সবাই জানে। মুশফিকুর রহিমের কথা জানে। মাশরাফির অনেক গল্প আমরা শুনি। এখন শান্তর কথা জানি। সে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য এসেছিল (২০১৯ সালে)।
ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারানোর খুব কাছাকাছি ছিলাম। ওরা ভালো ক্রিকেটার। আর এখন আমরা নিজেদের ভালো ক্রিকেরটাদের দল পেয়েছি। বাংলাদেশ দলটা এখন তরুণ। একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। নেপালের সাবেক ক্রিকেটার হিসেবে, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে প্রত্যাশা, বাংলাদেশ ভালো করুক। যেটা সবসময়ই চাই। ভবিষ্যতে বাংলাদেশের মতো দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলতে চাই।
আমরা কেবল একটা ম্যাচই খেলেছিলাম, বিশ্বকাপে। যখন কেউ ধারাবাহিকভাবে খেলে তখন স্মৃতি তৈরি হয়। শুধু নেপাল নয়, কোনো সহযোগী দেশই পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বেশি খেলার সুযোগ পায় না। নেপাল প্রিমিয়ার লিগে খেলা নিয়ে সাকিবের সঙ্গে কথা চলছে। আমরা চাই সে আসুক। দলগুলো তার সঙ্গে যোগাযোগ করছে, আমি জানি না সেটা কতদূর পর্যন্ত এগিয়েছে। যদি সাকিব আমাদের কথা শোনে, আমরা চাইব সে নেপাল প্রিমিয়ার লিগে খেলুক। এখনও পুরোপুরি অবসর নেয়নি, সামনের দিনগুলোতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবে, আমরা চাই সাকিব, মুশফিকরা নেপালে আসুক। অনূর্ধ্ব-১৯, নারী ক্রিকেট দল নেপাল সফর করুক।
