৩৭ নম্বর সেঞ্চুরিতে রুটের যত কীর্তি
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় স্টিভেন স্মিথ ও রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে কুমার সাঙ্গাকারার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রুট।
প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৯৯ রানে। দ্বিতীয় দিনের প্রথম বলেই চার মেরে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পৌঁছে যান জো রুট। ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যানের আরেকটি সেঞ্চুরি আঁচড় কেটেছে রেকর্ড বইয়েও।
ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৩৩১ মিনিট উইকেটে থেকে ২০ চারে ১৯৯ বলে ১০৪ রান করেছেন রুট।
স্মিথ ও দ্রাবিড়কে ছাড়িয়ে
রুটের ৩৭তম টেস্ট সেঞ্চুরি এটি। স্টিভেন স্মিথ ও রাহুল দ্রাবিড়ের ৩৬ সেঞ্চুরিকে পেছনে ফেলে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এককভাবে পাঁচ নম্বরে উঠেছেন তিনি।
আর একটি সেঞ্চুরি করতে পারলে রুট ছুঁয়ে ফেলবেন চার নম্বরে থাকা কুমার সাঙ্গাকারাকে। শীর্ষ তিনে আছেন রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও সাচিন টেন্ডুলকার (৫১)।
স্মিথের পাশে
ভারতের বিপক্ষে টেস্টে রুটের সেঞ্চুরি হলো ১১টি। দলটির বিপক্ষে তার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি নেই আর কারো। তার সমান ১১টি আছে স্টিভেন স্মিথের। ৮টি করে আছে গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও পন্টিংয়ের।
ফ্যাব ফোরের রাজা
রুট, স্মিথ, ভিরাট কোহলি ও কেন উইলিয়ামসনকে মিলিয়ে বলা হয় ‘ফ্যাবুলাস ফোর’ বা ‘ফ্যাব ফোর’, সময়ের সেরা চার ব্যাটসম্যান।
এই চার জনের মধ্যে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির তালিকায় এককভাবে চূড়ায় উঠেছেন রুট। তার ৩৭ সেঞ্চুরি ২৮৪ ইনিংসে। ২১০ ইনিংসে স্মিথের সেঞ্চুরি ৩৬টি, ১৮৬ ইনিংসে উইলিয়ামসনের ৩৩টি। ২১০ ইনিংসে ৩০ সেঞ্চুরি করা কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন সম্প্রতি।
ওপরে শুধু পাঁচ জন
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ছয় নম্বরে হাশিম আমলার পাশে বসেছেন রুট, দুজনেরই ৫৫টি করে। তাদের ওপরে আছেন ক্যালিস (৬২), সাঙ্গাকারা (৬৩), পন্টিং (৭১), কোহলি (৮২) ও টেন্ডুলকার (১০০)।
এখনও খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে রুটের ওপরে আছেন শুধু কোহলিই।
লর্ডসের চূড়ায়
ক্রিকেট-তীর্থ বলে পরিচিত এই মাঠে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড আরও সমৃদ্ধ করলেন রুট। এখানে তার শতক হলো ৮টি। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে আছে মাইকেল ভন ও গ্রাহাম গুচের।
এই মাঠে সবচেয়ে বেশি টেস্ট রানও রুটের (২ হাজার ১২৬)। এই তালিকায় দুই নম্বরে আছেন গুচ (২ হাজার ১৫)।
কোনো একটি নির্দিষ্ট মাঠে রুটের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল তিন জনের। কেপ টাউনের নিউল্যান্ডসে ক্যালিসের সেঞ্চুরি ৯টি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্যার ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরিও ৯টি।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ১১টি সেঞ্চুরি করে এখানে চূড়ায় আছেন মাহেলা জায়াওয়ার্দেনে। একই মাঠে ৮টি সেঞ্চুরি আছে সাঙ্গাকারার।
এবং হ্যাটট্রিক
লর্ডসে টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরির স্বাদ পেলেন রুট। তার আগে এখানে সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারেন কেবল দুজন- জ্যাক হবস (১৯১২-১৯২৬) ও মাইকেল ভন (২০০৪-০৫)।
এই মাঠে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন রুট (১৪৩ ও ১০৩)।
