২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পান্ডিয়াকে ফেরাল ভারত, শঙ্কা নিয়েই দলে গিল

অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং ও নিতিশ কুমার রেড্ডি।

পান্ডিয়াকে ফেরাল ভারত, শঙ্কা নিয়েই দলে গিল
হার্দিক পান্ডিয়া। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 08:04 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে এই পেস বোলিং অলরাউন্ডারকে রেখেছে ভারত। ঘাড়ের সমস্যা এখনও পুরোপুরি না সারলেও, দলে আছেন শুবমান গিল।

প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটির জন্য বুধবার ১৫ জনের দল দিয়েছে ভারত। বাদ পড়েছেন রিঙ্কু সিং ও নিতিশ কুমার রেড্ডি।

দুই মাস পর ভারতের হয়ে খেলার অপেক্ষায় পান্ডিয়া। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে সবশেষ দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

চোট কাটিয়ে গত মঙ্গলবার সৈয়দ মুশতাক আলি ট্রফি দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফেরেন পান্ডিয়া। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেদিন বারোদার হয়ে বোলিংয়ে তেমন ভালো না করলেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরেন তিনি।

পাঞ্জাবের বিপক্ষে ওই ম্যাচে বোলিং শুরু করেন পান্ডিয়া। চার ওভারে ৫২ রান দিয়ে নেন এক উইকেট। পরে ২২৩ রানের লক্ষ্য তাড়ায় ৪টি ছক্কা ও ৭ চারে ৪২ বলে ৭৭ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের সময় ঘাড়ে চোট পান গিল। টেস্ট অধিনায়ককে গুয়াহাটিতে পরের ম্যাচে পায়নি ভারত। চলমান ওয়ানডে সিরিজের দলেও নেই গিল। ৫০ ওভারের ক্রিকেটেও ভারতের অধিনায়ক তিনি।

টি-টোয়েন্টি দলে গিলকে রাখা হলেও তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের সবুজ সংকেত পেলেই কেবল মাঠে ফিরতে পারবেন তিনি।

অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে থাতলেও, রিঙ্কু সেখানে কেবল শেষ টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ পান। বৃষ্টিতে ভেসে যাওয়া ওই ম্যাচে যদিও ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। আর পেস বোলিং অলরাউন্ডার নিতিশকে তো অস্ট্রেলিয়ায় কোনো ম্যাচের একাদশেই রাখেনি ভারত।

গিল খেলতে না পারলে আভিশেক শার্মার সঙ্গে ওপেন করতে পারেন কিপার-ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। তিনি ছাড়াও দলে উইকেটরক্ষক আছেন আরেকজন, জিতেশ শার্মা।

পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে আছেন আর্শদিপ সিং, হার্শিত রানা। এছাড়া পেস বোলিংয়ে তাদের সহায়তা করতে পারেন পান্ডিয়া ও শিভাম দুবে। স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন আকসার প্যাটেল ও ওয়াশিংটন সুন্দার। বিশেষজ্ঞ স্পিনার দুইজন- ভারুন চক্রবর্তী ও কুলদিপ ইয়াদাভ।

আগামী শনিবার মাঠে গড়াবে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। পরে মঙ্গলবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। পরের চার ম্যাচ হবে ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর।

ভারতের টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), আভিশেক শার্মা, তিলাক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, আকসার প্যাটেল, জিতেশ শার্মা (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, ভারুন চক্রবর্তী, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভ, হার্শিত রানা, ওয়াশিংটন সুন্দার।