২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাহিদ রানা ও সোনার ডিম পাড়া হাঁস

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৯ দিনের মধ্যে ৫টি ম্যাচ খেলানো হলো নাহিদ রানাকে, ক্লান্তির ছোবলে মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে তার গতি ছিল বেশ কম।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের হলেই পাশে গ্যালারির একটি অংশ। নাহিদ রানা যখন সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যাচ্ছেন সেই গ্যালারির পাশ দিয়ে, তাকে দেখে দর্শকদের সে কী উল্লাস! অনেকেই চিৎকার করে ডাকছেন তাকে, নানা কিছু বলছেন। এর মধ্যে একজনের কণ্ঠ থেকে ভেসে এলো, “শরীরের যত্ন নেবেন ভাই… ফিট থাকতে হবে…।”

নাহিদ গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়লেন। মুখে মুচকি হাসি। একটু আগে যে সংবাদ সম্মেলন তিনি করে এলেন, সেখানেও বেশির ভাগ প্রশ্ন ছিল এসব নিয়েই। তার শরীর, তার ফিটনেস, তার ওয়ার্কলোড, সম্ভাবনার পিঠে থাকা শঙ্কা…!

গতির রথে ছুটে চলেছেন তিনি, যে কোনো সময় হোঁচট খাওয়ার আশঙ্কা তো সবসময়ই আছে। বিপিএলে সেই দুর্ভাবনার পরিধি বেড়েই চলেছে আরও। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মঙ্গলবার যে ম্যাচটি তিনি খেললেন, ৯ দিনের মধ্যে তার পঞ্চম ম্যাচ এটি। শরীরের ওপর দিয়ে ধকল তো কম যাচ্ছে না!

তার বোলিংয়েও সেই ছাপ পড়ছে স্পষ্টই। ঢাকার বিপক্ষে এই ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ তিনিই। কার্যকারিতা নিয়ে তাই প্রশ্ন নেই। তবে তার মূল সম্পদ তো গতি। আগের ম্যাচেই তার গতিতে ভাটার টান ছিল খানিকটা। এই ম্যাচে তা নেমে আসে আরও। চার ওভারের মধ্যে চার-পাঁচটি ডেলিভারি ছাড়া অন্যগুলোর গতি ছিল ১৪০ কিলোমিটারের কম। এমনকি স্লোয়ার ডেলিভারি ছাড়া দু-একটি ডেলিভারির গতি ছিল ১৩৫ কিলোমিটারেরও কম।

এ দিন নিজের প্রথম ওভারে চারটি ওয়াইড দেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার নতুন বল হাতে নিলেন, হতে পারে নিয়ন্ত্রণে নিতে একটু সময় লাগছিল। কিন্তু তার চোখে-মুখে ও বোলিংয়ে ক্লান্তি-শ্রান্তির ছাপ ছিল স্পষ্টই। গতি তুলনামূলক কম ছিল প্রথম ওভার থেকেই। 

প্রতিপক্ষ এ দিন খুব শক্তিশালী ছিল না। প্রথম ওভারে ১২ রান দেওয়া নাহিদ পরে নিজেকে সামলে নিয়েছেন। তবে তার সেই চেনা গতি ফেরেনি।

সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে ড্রেসিং রুমে ফেরার পথে হাঁটতে হাঁটতে তিনি নিজেও বললেন কিছুটা ক্লান্তির কথা। তবে সেটিকে বড় করে দেখতেও নারাজ ২২ বছর বয়সী ফাস্ট বোলার। গতি কম থাকা নিয়ে তার ব্যাখ্যা, “এটা তো আসলে রিদমের ব্যাপার… সব দিন রিদম একরকম থাকে না। শরীর একইরকম রেসপন্স করে না। এমনিতে আমি ঠিক আছে, শরীর ঠিক আছে। কোনো সমস্যা নেই। ফিজিও, ম্যানেজমেন্ট সবাই খেয়াল রাখছেন।”

তার যুক্তি এমনিতে ঠিক আছে। সব ম্যাচেই গতি একইরকম থাকবে না। তবে এত ঘনঘন ম্যাচ খেললে বোলিংয়ের গতিও দ্রুত কমে আসতে বাধ্য। 

টানা ম্যাচ খেলা নিয়ে নাহিদের জায়গা থেকে কোনো আপত্তি বা অভিযোগ তোলার বাস্তবতা নেই। তরুণ একজন ক্রিকেটারের কাছে সুদূরপ্রসারী প্রভাবের চেয়ে বর্তমানের রোমাঞ্চ সবসময়ই বেশি। তিনি খেলতে চাইবেন সব ম্যাচই। কিন্তু যারা দায়িত্বশীল, তাদের তো ব্যাপারটির গভীরতা অনুভব করতে হবে! 

প্রশ্নটা তাদের কাছেই। ৯ দিনের মধ্যে নাহিদকে ৫ ম্যাচ খেলানোর ঝুঁকির দিকটিকে তারা গুরুত্ব দিয়েছেন নাকি ফ্র্যাঞ্চাইজির স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়েছেন? বিশেষ করে, আসরে টানা হারতে থাকা ও শক্তিতে পরিষ্কার পিছিয়ে থাকা ঢাকার বিপক্ষে তাকে খেলানো কতটা জরুরি ছিল, যেখানে তিনি আগের দিনও ম্যাচ খেলেছেন!

এবারের বিপিএল তার জন্য এমনিতেই বড় এক চ্যালেঞ্জ। এত কম সময়ের মধ্যে এতগুলোর ম্যাচ খেলার অভিজ্ঞতা তার ক্যারিয়ারেই নেই। তাকে কত ম্যাচ খেলানো হবে, কতটা বিশ্রাম দেওয়া হবে, এসব নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক, ম্যানজেমেন্টের কাছে প্রশ্ন হয়েছে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। এখন তাকে এভাবে টানা খেলিয়ে যাওয়ায় শঙ্কা উঁকি দিচ্ছে প্রবলভাবেই। 

টি-টোয়েন্টিতে যদিও স্রেফ চার ওভার বোলিং করতে হয়। তবে সেই চার ওভারে যতটা ‘ইন্টেনসিটি’ থাকে, যতটা একাগ্রতা থাকতে হয়, প্রতিটি ওভারে এত কিছু করতে হয়, শারীরিক ও মানসিক ধকল ওয়ানডের চেয়ে কম নয় কখনও কখনও। 

তরুণ গতিময় ফাস্ট বোলারদের চোটের ইতিহাস থেকেও আছে শঙ্কার বার্তা। নাহিদের আগে গতি দিয়ে দেশের ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিলেন যিনি, সেই মাশরাফি বিন মুর্তজার উদাহরণও সবসময় প্রাসঙ্গিক। অতি ব্যবহারে তার শরীরকে যেমন ভেঙে দেওয়া হয়েছিল, তেমন মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ ক্রিকেটের বড় একটি আশার জায়গাও। সেই সময়ের মোহাম্মদ শরীফ, তালহা জুবায়ের থেকে শুরু করে পরবর্তীতে আরও অনেক পেসারকেও যেতে হয়েছে একই দুঃসহ অভিজ্ঞতার ভেতর দিয়ে। সবশেষ ইবাদত হোসেন চৌধুরি যখন পরিণত ও পরিপূর্ণ ফাস্ট বোলার হয়ে ওঠার পথে, তাকেও এক বছরের জন্য বেশি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছিল চোট। কিছুদিন আগে তিনি ফিরেছেন বটে, তবে আগের রূপে কবে ফিরতে পারবেন, সেই নিশ্চয়তা নেই।

নাহিদ তো তাদের সবার চেয়ে বেশি গতিময়। বাংলাদেশের ইতিহাসের প্রথম পেসার হিসেবে দেড়শ কিলোমিটার গতিতে বল করেছেন তো বটেই, দেড়শর আশেপাশে গতি ধরে রেখেছেন বলের পর বলে, স্পেলের পর স্পেলে। কিন্তু তার শরীর এখনও খুব পোক্ত নয়, পেশি ততটা সুগঠিত নয়। বাংলাদেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের রত্ন তিনি। তার যত্নও তাই জরুরি। 

নাহিদ নিজে অবশ্য সংবাদ সম্মেলনে চোটের প্রশ্নকে খুব একটা পাত্তা দিতে চাইলেন না।

“যেটা বললেন যে, ইনজুরি… ধরুন, মানুষ যুদ্ধে নামলে গুলি খেতেই হয়। ক্রিকেট খেলতে গেলে ইনজুরিতে পড়ব। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব সূচি দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে… আলহামদুলিল্লাহ।”

নাহিদের কথায় বাস্তবতাবোধের চেয়ে তারুণ্যের উদ্দাম প্রকাশই বেশি। তবে তার বোঝা জরুরি, যুদ্ধে নেমে গুলি খেলে যেমন সব শেষ, তেমনি বড় কোনো চোট তার ক্যারিয়ার শেষ করে দিতে পারে। লড়াইয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ তাই সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্কতা।  

নাহিদ অবশ্য জোর দিয়েই বারবার বললেন, সতর্কতার সবটুকুই তারা অবলম্বন করে চলেছেন। 

“অবশ্যই জাতীয় দলের ফিজিও বায়েজিদ ভাই আছে, উনার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের রংপুর টিমে সজিব ভাই ফিজিও আছে, ওনার সঙ্গে এসব নিয়ে কথা হয়। জাতীয় দলের ফিজিওর সঙ্গে কথা হয়।”

“আমি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তারপরে বিরতি পেয়েছি। খেলিনি। বিসিবির একটা ইয়ে ছিল যে, ‘তোমাকে মেইনটেইন করতে হবে’ এবং পরিকল্পনা দিয়েছে যে, ‘এইভাবে ফিটনেস করবে এবং ম্যাচ খেলবে।’ এখন পর্যন্ত বিসিবি বলছে যে, আমার শরীর ঠিক আছে এবং আমিও অনুভব করছি যে শরীর ঠিক আছে।”

সমস্যা হলো, চোট কখনও বার্তা দিয়ে আসে না। হ্যাঁ, বিরতি দিয়ে ম্যাচ খেলালেও কেউ চোটে পড়তে পারেন। তবে সেখানে কারও কোনো হাত নেই। টানা ম্যাচ খেলালে সেই প্রভাবে যদি চোট আসে… অনেক সময় যে চোটের প্রভাব বোঝা যায় আরও পরে, সেরকম কিছু হতে পারে বিপজ্জনক। 

এখনও পর্যন্ত জাতীয় দলে তাকে যথেষ্ট সতর্কতায় সামলানো হচ্ছে। কিন্তু বিপিএলের এই পাঁচ ম্যাচ তুলে ধরছে ভিন্ন ছবি। রংপুরের ম্যানেজার যদিও সংবাদ সম্মেলন শেষে আবার আশ্বস্ত করার চেষ্টা করলেন, জাতীয় দলের ফিজিও, ট্রেনারদের পরামর্শ মেনেই সব করা হচ্ছে। তবু বাংলাদেশের সংস্কৃতির কারণে শঙ্কা কিছুটা থাকেই। সোনার ডিম পাড়া হাঁসের পেট কাটার গল্পটা কে না জানে!