২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অশ্বিন

অস্ট্রেলিয়ার সফরের মাঝপথেই অবসরের ঘোষণা দিলেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 12:40 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

ব্রিজবেন টেস্টের একাদশেই ছিলেন না রাভিচান্দ্রান অশ্বিন। কিন্তু টেস্ট শেষে যখন অধিনায়ক রোহিত শার্মার সঙ্গে সংবাদ সম্মেলনে এলেন তিনিও, তখনই আভাস পাওয়া যাচ্ছিল কিছু একটা। অনুমানকে সত্যি করেই ৩৮ বছর বয়সী ক্রিকেটার বললেন, “ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে আমার শেষ দিন এটিই…।”

পারফরম্যান্সে একটু ভাটার টান পড়েছিল সাম্প্রতিক সময়ে। দেশের বাইরে তো একাদশেও জায়গা নিয়মিত নয়। তার পরও তাকে নিয়ে প্রশ্ন ছিল কমই। কিন্তু ক্যারিয়ারের ফয়সালা করলেন তিনি নিজেই। অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই অবসরের ঘোষণা দিলেন ভারতীয় স্পিনার। তার জাদুকরি বোলিং আর দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে। 

বিদায় বেলায় অশ্বিন কৃতজ্ঞতা জানালেন ভারতীয় বোর্ড, তার সব সতীর্থ ও কোচকে।

“ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে আমার শেষ দিন এটিই। ক্রিকেটার হিসেব যদিও কিছুটা তাড়না আমার ভেতর এখনও আছে, তবে সেটা দেখাতে চাইব আমি ক্লাব পর্যায়ের ক্রিকেটে।”

“অবশ্যই অনেককে ধন্যবাদ জানানোর আছে আমার। দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারব না যদি বিসিসিআই ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা না জানাই। তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। দীর্ঘ এই পথচলায় কোচ হিসেবে যাদেরকে পেয়েছি (সবার প্রতি কৃতজ্ঞতা)। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোহিত, ভিরাট (কোহলি), আজিঙ্কা (রাহানে), (চেতেশ্বর) পুজারা…যারা ব্যাটের কাছাকাছি দাঁড়িয়ে অনেক ক্যাচ নিয়েছে এবং এত বছর ধরে আমাকে এত উইকেট নিতে সহায়তা করেছেম সবাইকে ধন্যবাদ।”

সংবাদ সম্মেলনে এলেও প্রশ্নোত্তর পর্বের সুযোগ রাখেননি অশ্বিন। অবসর ঘোষণার পেছনের অনেক কিছু বিস্তারিত তাই জানা যায়নি আপাতত। 

“এমনিতেই অনেক সময় নিয়ে ফেললাম। কোনো প্রশ্ন নেব না আমি। সত্যিকার অর্থেই আবেগময় এক মুহূর্ত। আমার মনে হয়, এমন অবস্থায় আমি নেই যে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব। এজন্য আমাকে ক্ষমা করবেন।”

কিছুটা ধারণা অবশ্য দিতে পারলেন রোহিত। ভারতীয় অধিনায়ক বললেন, পার্থে এই সিরিজের প্রথম টেস্ট থেকেই ভাবনাটা ছিল অশ্বিনের।

“আমি এটা (অশ্বিনের অবসর ভাবনা) শুনেছি পার্থে আসার পর। টেস্টে প্রথম তিন-চার দিনে ছিলাম না আমি। তবে তার ভাবনায় এটা ছিল তখন থেকেই এবং অবশ্যই এটার পেছনে অনেক কিছুই ছিল। আমি নিশ্চিত, অশ্বিন এসবের উত্তর দেবে সময় হলে, তবে দলের ভাবনা সে উপলব্ধি করতে পারে। বুঝতে পারে দল কোন ধরনের ভরসাম্য চায়। এখানে (অস্ট্রেলিয়ায়) আসার পরও আমরা নিশ্চিত ছিলাম না, কোন স্পিনারকে খেলানো উচিত। আমরা স্রেফ পর্যালোচনা করতে চেয়েছি, কোথায় কোন ধরনের কন্ডিশন আমরা পাই।”

“তবে আমি পার্থে যাওয়ার পর এই আলোচনাই হয়েছে আমাদের (অশ্বিনের সঙ্গে)। আমি তাকে কোনোভাবে রাজি করিয়েছি গোলাপি বলের টেস্ট পর্যন্ত থেকে যেতে। এরপর যেটা হয়েছে, তার মনে হয়েছে যে, ‘আমাকে এই সিরিজে আর দরকার না হলে খেলা থেকে বিদায় নেওয়াই ভালো।’ যদিও আমরা এখনও মেলবোর্নে যাইনি এবং জানি না সেখানে কেমন কন্ডিশন থাকবে। তবে অশ্বিনকে ভাবনায় রেখে এই সম্মানটুকু আমরা দিতে চাই যে, সে যদি এভাবে ভাবতে চায়, তাহলে সেটাই করতে দেওয়া উচিত।”

এই সফরে পার্থে প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দারকে বেছে নেয় ভারত। অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টে অশ্বিন খেলে এক ইনিংসে বল করে একটি উইকেট নিতে পারেন। এরপর ব্রিজবেনে ভারত বেছে নেয় রাভিন্দ্রা জাদেজাকে। তিনি উইকেট না পেলেও ব্যাট হাতে ৭৭ রানের ইনিংস খেলেন।

চলতি মৌসুমে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দুই টেস্টে দারুণ বোলিংয়ে ১১ উইকেট নেন অশ্বিন, চেন্নাইয়ে উপহার দেন দারুণ এক সেঞ্চুরিও। তবে পরের সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইওয়াশড হওয়া তিন টেস্টে তার শিকার ছিল কেবল ৯ উইকেট। ব্যাটিয়ে ছয় ইনিংসে করেছিলেন মোট ৫১ রান। 

অস্ট্রেলিয়া সফরের বাকি দুই টেস্টে থেকে যাওয়া কিংবা আরও কিছুদিন খেলতে তাকে রাজি করানোর প্রসঙ্গে রোহিত আবারও বললেন, অশ্বিনের সিদ্ধান্তকে তারা সম্মান জানাতে চান। 

“কিছু কিছু সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত এবং আমার মনে হয় না, এসব নিয়ে খুব বেশি প্রশ্ন করা বা তোলা উচিত। কোনো ক্রিকেটার কিছু বেছে নিতে চাইলে তা তাকে নিতে দেওয়া উচিত। অশ্বিনের মতো একজন, এত বছর ধরে যে আমাদের সঙ্গে আছে, তাকে নিজের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত এবং আমরা সতীর্থ হিসেবে তার চাওয়াকে সম্মান জানাতে হবে। নিজের চাওয়া নিয়ে সে পুরোপুরি নিশ্চিত ছিল এবং দল হিসেবে আমরা তার ভাবনাকে সমর্থন করছি পুরোপুরি।”

ভারতের পরের টেস্ট সিরিজ আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে। দেশের মাঠে পরের টেস্ট আসতে আসতে তার বয়স পেরিয়ে যাবে ৩৯। সব মিলিয়েই হয়তো বিদায়ের ভাবনাটা এসেছে অশ্বিনের। 

১০৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে। ২০১১ সালে অভিষেক টেস্টে ৯ উইকেট নিয়ে যে পথচলা শুরু হয়েছিল, তা থামল ৫৩৭ উইকেটে। ভারতের হয়ে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল আরেক কিংবদন্তি অনিল কুম্বলের (৬১৯টি)।

ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি ৩৭ বার। এখানে তিনি টেস্ট ইতিহাসেরই দ্বিতীয় সেরা (যৌথভাবে শেন ওয়ার্নের সঙ্গে)। মুত্তাইয়া মুরালিদারান এই স্বাদ পেয়েছেন সর্বোচ্চ ৬৭ বার।

ম্যাচে ১০ উইকেট নিয়েছে আটবার, কুম্বলের সঙ্গে যা যৌথভাবে ভারতের সর্বোচ্চ ও টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ। 

শুধু বোলিংয়েই নয়, টেস্ট ক্রিকেট রাঙিয়েছেন তিনি ব্যাট হাতেও। ৬ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ৩ হাজার ৫০৩ রান করেছেন ২৫.৭৫ গড়ে। একসময় ছিলেন টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারও। ৩০০ উইকেট ও ৩ হাজার রানের ‘ডাবল’ অর্জন করা ১১ ক্রিকেটারের একজন তিনি।

টেস্টে ম্যান অব দা সিরিজ হয়েছেন তিনি ১১ বার, মুরালিদারানের সঙ্গে যৌথভাবে যা বিশ্বরেকর্ড।

রঙিন পোশাকে তার ক্যারিয়ার থমকে ছিল আগে থেকেই। সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি গত বছরের বিশ্বকাপে, সবশেষ টি-টোয়েন্টি ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়াতেই। 

ওয়ানডেতে ১১৬ ম্যাচে তার উইকেট ১৫৬টি, টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে ৭২টি। ভারতের ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য তিনি।

পরিসংখ্যান-রেকর্ড-অর্জন তো তাকে আলাদা করে স্মরণীয় করে রাখবেই। তবে ক্রিকেটে তিনি আলাদা জায়গা নিয়ে থাকবেন বোলিংয়ের ধরন ও ক্রিকেট দিয়ে ভাবনার গভীরতা দিয়েও। অফ স্পিন বোলিংয়েও কত রকমের বৈচিত্র যোগ করা যায়, এটিকে কতটা রহস্যময় করে তোলা যায়, তা দেখিয়েছেন তিনি বছরের পর বছর। ক্রিকেট নিয়ে তার ভাবনা ও দৃষ্টিভঙ্গিও নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে নানা সময়েই।

আইপিএলে তাকে খেলতে দেখা যাবে এখনও। এবারের নিলামে তাকে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও অন্য কোনে ভূমিকায় ক্রিকেটে রয়ে যাবেন, সেটিও নিশ্চিত করে দিয়েছেন তিনি বিদায়ের ঘোষণার সময়ই।