২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনোলির চোটে জাতীয় দলে ফিরলেন জশ ফিলিপ

প্রায় এক বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা জেগেছে অস্ট্রেলিয়ার এই কিপার-ব্যাটসম্যানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2024, 06:06 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

হাতে চোট পেয়ে কুপার কনোলি ছিটকে পড়ায় কপাল খুলেছে জশ ফিলিপের। প্রায় এক বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা জেগেছে এই কিপার-ব্যাটসম্যানের।

পার্থে রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করার সময় চোট পান কনোলি। পেসার মোহাম্মদ হাসনাইনের শর্ট বল পুল করতে গিয়ে গড়বড় করে ফেলেন কনোলি, বল ছোবল দেয় তার গ্লাভসে। এক বল পর আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। 

ম্যাচটি ৮ উইকেটে জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।

পরে স্ক্যানে আহত স্থানে চিড় ধরা পড়ে। পরদিন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তার বদলি হিসেবে ফিলিপের নাম ঘোষণা করে অস্ট্রেলিয়া।

এই সংস্করণে দেশের হয়ে মোট ১২টি ম্যাচ খেলেছেন ফিলিপ, সবশেষটি গত ডিসেম্বরে ভারত সফরে।

এই মাসের শেষ দিকে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। সিরিজটিতে সবাইকে সতেজ পেতে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অনেককেই বিশ্রাম দিয়েছে স্বাগতিকরা।

পার্থে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডের একমাত্র জশ ইংলিস আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে।

ব্রিজবেনে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী বৃহস্পতিবার। পরের দুই ম্যাচ সিডনি ও হোবার্টে, আগামী ১৬ ও ১৮ নভেম্বর।