২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে কলকাতায় তিন ম্যাচে বাড়তি সুবিধা দেখছেন লিটন

এক ভেন্যুতে তিন ম্যাচ হওয়ায় বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে, বললেন অধিনায়ক লিটন কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণার পরদিন অধিনায়কের সংবাদ সম্মেলন। সেখানে বিশ্বকাপ সংক্রান্ত নানা আলোচনাই বেশি থাকার কথা। কিন্তু শামীম হোসেনের বাদ পড়ার প্রক্রিয়া নিয়ে লিটন কুমার দাস এমন ঝড় তুললেন যে, অন্য সব প্রসঙ্গই প্রায় উড়ে যাওয়ার জোগাড়। এর ফাঁকে স্রেফ ছোট্ট করে তিনি বললেন, এক ভেন্যুতে তিন ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পেতে পারে দল।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালকে। প্রথম ম্যাচ তিনটি হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, নেপালের সঙ্গে ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

২০ দলের আসরে চার গ্রুপের মধ্যে তুলনামূলক কঠিন যে দুটি গ্রুপ, এর একটিতে পড়েছে বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইট পর্বে। বাংলাদেশের সামনে মূল বাধা অবশ্যই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে নেপালকেও উপেক্ষা করার মতো নয়। এশিয়া উঠতি শক্তি এই দেশটি, বেশ উজ্জীবিত ক্রিকেট খেলে থাকে তারা। 

প্রথমবার বিশ্বকাপে আসা ইতালিকেও হেলাফেলায় হারানো যাবে ধরে নেওয়ার কারণ নেই। অস্ট্রেলিয়ার হয়ে ২৩ টেস্ট খেলা ব্যাটসম্যান জো বার্নস এখন ইতালির অধিনায়ক। অস্ট্রেলিয়ান ক্রিকেট ছেড়ে তিনি বেছে নিয়েছেন মায়ের দেশকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিই বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ। সিরিজ শুরুর আগের দিন লিটন জানালেন বিশ্বকাপে প্রতিপক্ষ ও ভেন্যু নিয়ে তার ভাবনা।  

“আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে খেলাগুলো খুবই ভালো হওয়ার কথা। সবগুলো দলই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো দল। কলকাতায় খেলা হলে একটা সুবিধা, যেটা আমরা পিঠেপিঠি তিনটা ম্যাচ খেলব, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। এই তো, আর আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার।”

শামীম হোসেনকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে লিটনের ক্ষোভের প্রকাশে এতটাই বিস্ফোরণ ছিল যে, বেশির ভাগ প্রশ্ন ছিল সেই প্রসঙ্গ নিয়েই। লিটনও অন্য প্রসঙ্গগুলোয় খুব একটা আগ্রহ হয়তো পাচ্ছিলেন না। বিশ্বকাপের গ্রুপিং নিয়ে আরেক দফায় জিজ্ঞেস করতেই তিনি শুধু বললেন, “ভালো, ভালো গ্রুপ হয়েছে…।”