‘প্রিয়’ সেই সাংবাদিককে খুঁজছেন গিল
ম্যাচের আগে একটি প্রশ্ন করেছিলেন সেই সংবাদকর্মী, ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাকে খুঁজলেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।
“আমার প্রিয় সাংবাদিককে দেখতে পাচ্ছি না। কোথায় তিনি? তাকে দেখতে চেয়েছিলাম…”, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বললেন শুবমান গিল। কোন সাংবাদিককে খুঁজছেন ভারতীয় অধিনায়ক? উত্তর পেতে হলে ফিরে যেতে হবে ম্যাচ শুরুর আগের দিনটিতে।
৮ ম্যাচে ৭ হার, এক ড্র। এবারের আগে এজবাস্টনে ভারতের ফলাফল ছিল এমনই। এবার ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এই মাঠে ভারতের দুঃস্বপ্নের অতীত নিয়েই প্রশ্ন করেছিলেন ওই সংবাদকর্মী।
নান্দনিক এই মাঠে সেই জয়খরা এবারই ঘুচিয়ে দিয়েছে ভারত। ভিরাট কোহলি, রোহিত শার্মা ও রাভিচান্দ্রান অশ্বিনের অবসরের পর তুলনামূলক তরুণ দল নতুন অধিনায়ক নিয়েই ভারতকে এনে দিয়েছে ঐতিহ্যবাহী এই মাঠে প্রথম জয়। বোলিং আক্রমণের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়েও ৩৩৬ রানের জয়ে অনেকটা চমকও দেখিয়েছে গিলের দল।
রেকর্ড বই তছনছ করে ম্যাচে ৪৩০ রান করে ম্যান অব দা ম্যাচ হয়েছেন স্বয়ং গিল।
বিশাল জয়ে সিরিজে সমতা ফেরানোর পর সংবাদ সম্মেলনে সেই সাংবাদিককে তিনি খুঁজলেন। তাকে তখন খুঁজে না পেলেও জবাব ঠিকই দিলেন ভারতীয় অধিনায়ক।
“ম্যাচের আগেও বলেছি, ইতিহাস ও পরিসংখ্যানে ঠিক বিশ্বাস নেই আমার। এই মাঠে আমরা আগে ৮টি টেস্ট জিততে পারিনি, কিন্তু ম্যাচগুলি ছিল ৫৬ বছর ধরে। নানা সময়ে নানা দল এসেছে এখানে সফরে। আমি বিশ্বাস করি, এখানে সফরে আসা সেরা দল আমরাই এবং ওদেরকে হারানোর সামর্থ্য আমাদের আছে।”
“এখান থেকে সিরিজ জয়ের সবটুকু বিশ্বাসও আমাদের আছে। আমরা যদি মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে থাকি ও লড়াই চালিয়ে যেতে পারি, আমার মনে হয়, স্মরণীয় একটি সিরিজ হবে এটি।”
জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া নিয়েও কম আলোচনা হয়নি ম্যাচজুড়ে। সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশেষজ্ঞদের অনেকেই এজন্য ধুয়ে দিয়েছেন অধিনায়ক গিল ও কোচ গৌতাম গাম্ভিরকে। ম্যাচের পর সেই জবাবও দিলেন দুই টেস্টে অবিশ্বাস্য পারফরম্যান্সে ৫৮৫ রান করা গিল।
“আমার বিশ্বাস, আমাদের বোলারদের সামর্থ্য আছে যে কোনো সময় উইকেট নেওয়ার ও ২০ উইকেট আদায় করার। জাসপ্রিত ভাই অবশ্যই বিশ্বের সেরা বোলারদের একজন। তবে আমাদের যে কোনো বোলিং ইউনিটই দুনিয়ার যে কোনো উইকেটে ২০ উইকেট নিতে পারে এবং এই টেস্টই সেটির একটি উদাহরণ।”
